ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান নির্ধারিত সময়ের পরিবর্তে আরো পরে আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তেহরানের মেয়র আলিরেজা জাকানি বৃহস্পতিবার জানান, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ কিংবা জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র : জিও নিউজ
লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা
খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

আজাদ কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ, নিহত ১৫

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। কয়েক দশক আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য আইন সভার আসন সংরক্ষিত রাখার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল বেশ কয়েকটি অধিকারকর্মী সংগঠনের একটি জোট। এরপরই এই সহিংসতা ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ এ জোটের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগ এনেছে। সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি এর নেতাদের গ্রেপ্তারের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তবে এ পদক্ষেপ হাজার হাজার মানুষকে আঞ্চলিক রাজধানী মোজাফফরাবাদ অভিমুখে পদযাত্রা করা থেকে আটকাতে পারেনি। স্থানীয় আইন সভার প্রায় এক-চতুর্থাংশ আসন এ অঞ্চলের বাইরে (পাকিস্তানের অন্যান্য প্রদেশে) বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত থাকায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। সাম্প্রতিক এই সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও চারজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের মতে, বিক্ষোভকারীদের একটি বিশাল বহর রাওয়ালকোট শহরের চার কিলোমিটার দূরে অবস্থান করছে। বহরে ১০ হাজারেরও বেশি মানুষ রয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার প্রশাসক সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে জানিয়েছেন, আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মকর্তারা ওই এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি বাসিন্দাদের ঘর থেকে বের না হতে বলা হয়েছে। তিনি আরো জানান, বিক্ষোভকারীদের এ বহরকে রাওয়ালকোটের ভেতর দিয়ে মোজাফফরাবাদে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
বিবিসি উর্দুর সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে মানুষকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। সেখানে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। সূত্র : বিবিসি
সাড়ে তিন বছর কোমায় থেকে মারা গেলেন থাই রাজকুমারী

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের (রাজা রামা দশম) বড় মেয়ে রাজকুমারী বাজরাকিতিয়াভা মাহিদল মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সাড়ে তিন বছর পর তাঁর মৃত্যু হলো। এ সময়টায় কোমায় ছিলেন তিনি। রাজকুমারীর বয়স হয়েছিল ৪৭ বছর। গতকাল শুক্রবার থাই রাজপ্রাসাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। থাইল্যান্ডের ‘ব্যুরো অব দ্য রয়াল হাউসহোল্ড’ এক বিবৃতিতে বলেছে, রাজকুমারী পেটের সংক্রমণে ভুগছিলেন। ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
বিবৃতিতে আরো বলা হয়, রাজপরিবারের সদস্য ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজকুমারীর মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে রাখা হবে। রাজপরিবারের রীতি অনুযায়ী, সর্বোচ্চ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরগুলো নিয়ে হাঁটার সময় রাজকুমারী হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। চিকিৎসকরা জানান, তাঁর হার্টে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে হৃত্স্পন্দন মারাত্মকভাবে অনিয়মিত হয়ে পড়েছিল; আর এ কারণেই তিনি জ্ঞান হারিয়েছিলেন। সূত্র : এএফপি
দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনরা

আমেরিকানস ওভারসিজ নামের একটি সংস্থা ট্রেজারি ডিপার্টমেন্টের ত্রৈমাসিক প্রতিবেদন বিশ্লেষণ করে জানিয়েছে, ২০২৫ সালে রেকর্ড চার হাজার ৮৮৯ জন আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করেছেন, যা ২০২০ সালের পর সর্বোচ্চ। সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা দান ডুরলাখার জানান, এ বছর নাগরিকত্ব ত্যাগের আবেদন ১৫ শতাংশ বাড়তে পারে। বর্তমানে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ৪০ হাজার মার্কিন নাগরিককে এ বিষয়ে পরামর্শ দিচ্ছে সংস্থাটি। নাগরিকত্ব ত্যাগের পেছনে রাজনৈতিক কারণের চেয়েও বড় ভূমিকা রাখছে অর্থনৈতিক কারণ। ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট বা ফ্যাটকা আইন অনুযায়ী, একজন নাগরিক পৃথিবীর যেখানেই বাস করুন বা আয় করুন না কেন, তাকে মার্কিন সরকারকে কর দিতেই হবে। পুরো বিশ্বে কেবল যুক্তরাষ্ট্র এবং পূর্ব আফ্রিকার ইরিত্রিয়ায় এমন নিয়ম চালু রয়েছে।
এই আইনের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ‘দুর্ঘটনাবশত আমেরিকান’ হওয়া ব্যক্তিরা। এরা মূলত যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়ার কারণে বা মার্কিন বাবা-মায়ের সূত্রে নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু কখনো যুক্তরাষ্ট্রে বাস করেননি। প্যারিসভিত্তিক অ্যাসোসিয়েশন অব অ্যাক্সিডেন্টাল আমেরিকানসের সভাপতি ফ্যাবিয়েন লেহাগরে জানান, ইউরোপে এমন প্রায় তিন লাখ মানুষ আছেন। ফ্যাটকা আইনের জটিলতার কারণে ইউরোপের ব্যাংকগুলো অনেক সময় এই মার্কিন ব্যক্তিদের অ্যাকাউন্ট খুলতে বা লোন দিতে অস্বীকৃতি জানায়। ফলে বেতন পাওয়া বা পেনশনের টাকা জমানোর মতো সাধারণ কাজও তাঁদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়।
ট্যাক্স বা রাজনীতি ছাড়াও অনেকের ক্ষেত্রে কাজ করে পরিচয়ের এক অদ্ভুত দোলাচল। সূত্র : সিএনএন
