• ই-পেপার

আন্তর্জাতিক যোগ দিবস

যোগে ভালো থাকুক শরীর

  • যোগব্যায়াম তথা ইয়োগার কথা কমবেশি আমরা সবাই জানি। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। দিবসটি সামনে রেখে জেনে নিন যোগব্যায়াম বিষয়ে জরুরি কিছু তথ্য। লিখেছেন আহমেদ ইমরান

সাদা পোশাকের যত্ন

এই বৃষ্টি আর জল-কাদার দিনে শখের সাদা পোশাক সুন্দর রাখা দুষ্কর হয়ে পড়ে। কিছু টিপস মেনে সাদা পোশাক সুন্দর রাখতে পারবেন অনায়াসে। লিখেছেন আয়েশা সিদ্দিকা স্বর্ণা

সাদা পোশাকের যত্ন
সাদা পোশাক সব সময় আলাদাভাবে ধুতে হবে। ছবি : এটুজেড

আগে পোশাক, পরে সাজ—এটাই সাধারণ নিয়ম। তবে ডিওডোরেন্ট, লোশন, সানস্ক্রিন, মেকআপ ও চুলের বিভিন্ন পণ্য সাদা কাপড়ের রং নষ্ট করতে পারে। তাই এসব প্রসাধনী ব্যবহার করে শুকিয়ে যাওয়ার পরই শুধু পছন্দের সাদা জামাটি সাবধানে পরে নিন।

সাদা কাপড় ব্যবহারের পর বাতাসে শুকিয়ে নিন। এতে কাপড়ে ঘামের দাগ পড়বে না। না হলে দাগ বসে গেলে যত কাচাই হোক, সেই দাগ আর পরে উঠতে চায় না।

দাগ লাগার সঙ্গে সঙ্গে তা দূর করার ব্যবস্থা নিলে ভালো। এতে দাগ বসে যাওয়ার সম্ভাবনা থাকে না। দাগ হালকা হলে লেবু ও বেকিং সোডা দিয়ে কাপড়কে আরো সাদা করা যায় কোনো ক্ষতি ছাড়াই।

জামার কলার, হাতা ও ভাঁজ করা প্রান্তগুলোতে বেশি চাপ পড়ে। ধুলাবালি, ঘামে জামার এসব অংশ বেশি ময়লা হয়। জামার রং সাদা হলে এসব দাগ আরো বেশি দেখা যায়। তাই কাপড় ধোয়ার সময় এসব অংশের দিকে বেশি মনোযোগ দিন।

রঙিন কাপড় আর সাদা কাপড় একসঙ্গে রাখবেন না। রং উঠতে পারেএমন কাপড়ের সঙ্গে সাদা কাপড় পরা উচিত নয়। ঘাম হলে কাপড় ভিজে যায়, আর রঙিন কাপড় থেকে সাদা কাপড়ে দাগ লাগে।

সাদা পোশাক সব সময় আলাদাভাবে ধুতে হবে। কারণ, অন্য কোনো রঙের পোশাকের সঙ্গে ধুলে সেগুলোর রং ও দাগ সাদা পোশাকে লেগে যাওয়ার আশঙ্কা থাকে।

অনেকেরই ধারণা, বেশি ডিটারজেন্ট দিলে কাপড় বেশি পরিষ্কার হবে। কিন্তু আসলে বিপরীত। ডিটারজেন্টে কাপড়কে নরম ও আরো সাদা করতে যেসব ব্লিচ ব্যবহার করা হয়, সেগুলোর অতিরিক্ত ব্যবহারে সাদা কাপড় তার উজ্জ্বলতা হারিয়ে হয়ে পড়ে মলিন।

কয়েক দিন ব্যবহারের পর সাদা পোশাকে হলদে ভাব এসে যায়, এটি দূর করতে কাপড় ধোয়ার সময় একটু সাদা ভিনেগার বা লেবুর রস দিয়ে দিন। সাদা পোশাকটি কড়া রোদে শুকালে সূর্যের অতিবেগুনি রশ্মি প্রাকৃতিকভাবে সাদার উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।

সাদা কাপড়ে অনেকে নীল ব্যবহার করে। এ ক্ষেত্রে সাবধানে পরিমাণমতো গুঁড়া বা তরল নীল ব্যবহার করতে হবে। কেননা নীলচে ছোপ বা নীলচে ভাব ধরা পোশাক খুব দৃষ্টিকটু।

সাদা কাপড় ব্যবহারের পরই ধুয়ে রাখা উচিত। আলতোভাবে শুধু পানি দিয়ে ধুয়ে নিলে কাপড়ের তন্তুগুলো ভালো থাকে। কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে কেমিক্যালের ব্যবহার কমিয়ে সূর্যের আলোতে শুকাতে হবে। সূর্যের আলো প্রাকৃতিক হোয়াইটেনার হিসেবে কাজ করে। সংরক্ষণের বেলায়ও রঙিন কাপড় থেকে সাদা কাপড় আলাদা রাখতে হবে।

 

 

 

 

পাকা আম সংরক্ষণের উপায়

জ্যৈষ্ঠ শেষ হলেও গ্রীষ্মের সুমিষ্ট ফল আমের স্বাদ নিতে পারেন বছরজুড়েই। সংরক্ষণের উপায় জানিয়ে লিখেছেন রুমিয়া হক শর্মী

পাকা আম সংরক্ষণের উপায়

‘বৈশাখে আম পাকে, আরো পাকে জাম, মৌ মৌ ঘ্রাণ ছোটে সবাই খাব আম।’ গ্রীষ্ম এলেই প্রকৃতি যেন সেজে ওঠে আমের রঙে ও সুবাসে। ফলের দোকান থেকে শুরু করে পথের ধারের অস্থায়ী বাজার—সবখানেই আমের প্রাচুর্য চোখে পড়ে। এ সময় প্রতিটি ঘরে থাকে আমের উপস্থিতি। কেউ পাকা আমের স্বাদ নেয় সরাসরি, কেউ তৈরি করে শরবত, জুস, আচার কিংবা মুখরোচক মিষ্টান্ন। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের কাছেই সমান জনপ্রিয় এই ফল।

আমের মৌসুম ক্ষণস্থায়ী হলেও এর স্বাদ ও মাধুর্য দীর্ঘদিন মনে গেঁথে থাকে। মৌসুম ফুরিয়ে গেলেও প্রিয় এই ফলের স্বাদ ধরে রাখতে অনেকেই বেছে নেয় সংরক্ষণের বিভিন্ন উপায়। ডিপ ফ্রিজে সংরক্ষণ সবচেয়ে কার্যকর ও জনপ্রিয় পদ্ধতি। ফলে ঋতু পেরিয়ে গেলেও বছরের বিভিন্ন সময়ে ফ্রিজে রাখা আমে ফিরে পাওয়া যায় গ্রীষ্মের সোনালি দিনের স্মৃতি, আর জিভে লেগে থাকে বাংলার প্রিয় ফলের চিরচেনা মিষ্টি স্বাদ।

আমের স্বাদ ও পুষ্টিগুণ অটুট রাখতে সংরক্ষণের ক্ষেত্রেও প্রয়োজন সচেতনতা। পুষ্টিবিদদের মতে, পাকা আম দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ না করাই উত্তম। অতিরিক্ত সময় ধরে সংরক্ষণের ফলে ধীরে ধীরে এর স্বাভাবিক পুষ্টিমান কমে যায়। তাই মৌসুমি এই ফলের প্রকৃত স্বাদ ও গুণাগুণ উপভোগ করতে যথাসম্ভব তাজা অবস্থায় খাওয়াই সবচেয়ে ভালো। সংরক্ষণ করা যেতে পারে প্রয়োজনের তাগিদে, তবে তা যেন স্বাদ ও পুষ্টির সঙ্গে আপস না করে সেদিকেও খেয়াল রাখুন।

 

সারা বছর পাকা আমের স্বাদ ধরে রাখার উপায়

* সংরক্ষণের জন্য ভালো মানের, সম্পূর্ণ পাকা ও তাজা আম বেছে নিন। এরপর আমগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর আমের আঁটি আলাদা করে শুধু আমের শাঁস সংগ্রহ করুন।

*   সংগ্রহ করা আমের শাঁস ফুড গ্রেড মানের বায়ুরোধী পাত্রে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। ছোট ছোট পাত্র ব্যবহার করাই বেশি সুবিধাজনক। প্রতিটি পাত্রে এমন পরিমাণ আম রাখা উচিত, যা একবার বের করে সহজেই খাওয়া বা ব্যবহার করা যায়। এতে বারবার গলানো ও পুনরায় সংরক্ষণের প্রয়োজন পড়ে না এবং আমের গুণগত মানও ভালো থাকে।

*   প্রয়োজনের সময় ফ্রিজ থেকে আম বের করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করা যায় সুস্বাদু জুস, মিল্কশেক কিংবা নানা ধরনের ডেজার্ট। সঠিকভাবে সংরক্ষণ করা হলে আমের স্বাদ, ঘ্রাণ ও রসালত্ব অনেকটাই অক্ষুণ্ন থাকে।

*    আমের টুকরা, পিউরি [রস] বা আস্ত আম ভালোভাবে জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে ছয় থেকে ১২ মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। স্বাদ ও গন্ধও ঠিক থাকে।

*  ফ্রিজে একসঙ্গে অনেক আম না রেখে ছোট ছোট আলাদা ব্যাগে রাখুন।

*  পাকা আম সামান্য জ্বাল দিয়ে ঘন পাল্প বা জ্যামের মতো বানিয়ে কাঁচের বয়ামে নরমাল ফ্রিজে কয়েক মাস সংরক্ষণ করা যায়।

*   আস্ত আম সংরক্ষণ করতে চাইলে প্রথমে কাগজের ব্যাগে আমগুলো রাখুন। ব্যাগটি একটি কাপড়ের ব্যাগে ঢুকিয়ে মুখ বন্ধ করে দিন। এবার আরেকটি পলিথিনের ব্যাগে তুলে রাখুন। এরপর ডিপ ফ্রিজে রেখে দিন। অনেক দিন পর্যন্ত এভাবে আম ভালো থাকবে।

ফলের রাজা আমের পদ

আমের ভরপুর মৌসুম এখন। আমকে বলা হয় ফলের রাজা। দেখুন পাকা আমের কয়েকটি আনকমন পদ। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর

ফলের রাজা আমের পদ

আম শ্রীখণ্ড

উপকরণ

আমের পাল্প ১ কাপ। পানি ঝরিয়ে নেওয়া টক দই আধাকাপ, কনডেন্সড মিল্ক ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১/৪ চা চামচ, পেস্তা বাদাম কুচি ২ চা চামচ, আম কুচি ১/৪ কাপ।

ফলের রাজা আমের পদ

যেভাবে তৈরি করবেন

* পানি ঝরিয়ে নেওয়া টকদই, আমের পাল্প, কনডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়া ভালো করে ব্লেন্ড করে নিন।

*এরপর ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এবারে পরিবেশন পাত্রে আমের শ্রীখণ্ডের ওপর আমের কুচি, বাদাম কুচি ও গোলাপ পাপড়ি ছড়িয়ে পরিবেশন করুন।

 

চিলি লাইম ম্যাংগো অ্যান্ড প্রন সালাদ

উপকরণ

আমের পাল্প ২ টেবিল চামচ, আম পাতলা স্লাইস করে কেটে নেওয়া ১টি, চিংড়ি মাছ ৭/৮টি, লবণ, ১ চা চামচ লেবুর রস, ১/৪ চা চামচ রসুন বাটা এবং ১/৪ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে অল্প তেলে ভেজে নিতে হবে। শসা পাতলা স্লাইস করে কেটে নেওয়া একটি, লেবুর রস ২ টেবিল চামচ, শুকনা মরিচ এর ফ্লেক্স ১/২ চা চামচ, মধু ১ চা চামচ, বিট লবণ ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, অলিভ ওয়েল ২ টেবিল চামচ।

ফলের রাজা আমের পদ

যেভাবে তৈরি করবেন

*আমের পাল্প, লবণ, বিট লবণ, চিলি ফ্লেক্স, লেবুর রস এবং মধু, অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে স্যালাড ড্রেসিং তৈরি করে নিতে হবে।

*   এবার একটি পাত্রে আম, চিংড়ি, শসা পছন্দমতো সাজিয়ে স্যালাড ড্রেসিং দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

ম্যাংগো মাস্তানি

 

উপকরণ

আমের পাল্প ১ কাপ, আম কুচি ২ চা চামচ, দুধ ১/৪ কাপ, হেভি ক্রিম ১/৪ কাপ, কাঠবাদাম কুচি ১ চা চামচ, পেস্তা বাদাম কুচি ১ চা চামচ, আইসক্রিম ২ স্কুপ।

ফলের রাজা আমের পদ

যেভাবে তৈরি করবেন

*  আমের পাল্প, দুধ, ক্রিম এবং বাদাম কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন।

* এবার একটি গ্লাসে প্রথমে আমের মিশ্রণ, এরপর বরফকুচি এবং এক স্কুপ আইসক্রিম, এরপর আবার আমের মিশ্রণ এবং ওপরে আরেক স্কুপ আইসক্রিম, বাদাম কুচি এবং টুকরা আম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

ম্যাংগো স্টিকি রাইস

উপকরণ

পাকা আম ২টি, বিন্নি চাল বা স্টিকি রাইস ১ কাপ, নারকেল দুধ ১ কাপ, চিনি ১/২ কাপ, লবণ ১/২ চা চামচ, কোকোনাট ক্রিম, নারকেল দুধ ৩/৪ কাপ, কর্নফ্লাওয়ার স্লারি ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ।

ফলের রাজা আমের পদ

যেভাবে তৈরি করবেন

*   চাল ১/২ কাপ পানিতে সিদ্ধ বসিয়ে দিন। আরেকটি পাত্রে ১ কাপ নারকেল দুধ, ১/২ কাপ চিনি এবং ১/২ চা চামচ লবণ মিশিয়ে ফুটিয়ে নিন। ভাত রান্না হয়ে গেলে এতে নারকেল দুধের মিশ্রণ দিয়ে মিশিয়ে ঢেকে রেখে দিন ১০/১৫ মিনিট।

*   এবারে কোকোনাট ক্রিম তৈরির জন্য ৩/৪ কাপ নারকেল দুধ, ১ টেবিল চামচ চিনি এবং ১/২ চা চামচ লবণ ও কর্নফ্লাওয়ার স্লারি মিশিয়ে ঘন ক্রিম তৈরি করে নিন।

*  আম ছোট টুকরা করে কেটে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন ম্যাঙ্গো স্টিকি রাইস। চাইলে কোকোনাট বা ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে পরিবেশন করতে পারেন।

 

স্পাইসি ম্যাংগো গ্লেইজড চিকেন স্ট্রিপ

উপকরণ

ভাজার জন্য : মুরগির বুকের মাংস লম্বা করে কেটে নেওয়া ৫০০ গ্রাম, সয়া সস ১ টেবিল চামচ, আদা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, ময়দা ৩ কাপ, কর্নফ্লাওয়ার ১ কাপ, তেল ভাজার জন্য।

গ্লেইজের জন্য : আমের পাল্প ১ কাপ, বাটার ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিলি ফ্লেক্স ১ চা চামচ, সিরাচা ১ চা চামচ, মধু ১/২ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ।

ফলের রাজা আমের পদ

যেভাবে তৈরি করবেন

* লবণ, সয়াসস, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিয়ে মুরগি ম্যারিনেট করে দেড়-দুই ঘণ্টা রেখে দিন।

*   ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের সঙ্গে ১ চামচ মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিন।

*   এবারে ম্যারিনেট করা মুরগির টুকরাগুলো একবার ময়দার মিশ্রণে এবং আরেকবার পানিতে দিয়ে আবার ময়দায় দিয়ে ভালো করে কোট করে গরম তেলে ভেজে তুলে রাখুন।

*  একটি প্যানে বাটার গরম করে এতে রসুন কুচি, চিলি ফ্লেক্স দিয়ে আমের পাল্প দিয়ে দিন। মিশ্রণ ঘন হয়ে এলে সিরাচা ও মধু দিয়ে ভেজে রাখা চিকেন স্ট্রিপগুলো দিয়ে ভালো করে কোট করে গরম গরম পরিবেশন করুন।

 

 

 

 

 

খোঁজখবর

খোঁজখবর

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ

পরিবারের সঙ্গে আনন্দময় উইকএন্ড উদযাপনের জন্য বিশেষ আয়োজন শুরু করেছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল। ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ নামের এই আয়োজন থাকবে হোটেলটির বাহার রেস্টুরেন্টে। এখন থেকে প্রতি শুক্রবার আয়োজন হবে এই ব্রাঞ্চ। মূল্য জনপ্রতি তিন হাজার ২৫০ টাকা। গ্রামীণফোন স্টার ও বাংলালিংক অরেঞ্জ ক্লাব এলিট গ্রাহক, নির্বাচিত ব্যাংক কার্ড এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

খোঁজখবর

ঢাকায় কিনোকুনিয়া

বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্বখ্যাত জাপানি বুকশপ কিনোকুনিয়া। ১৯ জুন রাজধানীর সেন্টার পয়েন্টে শুরু হবে পথচলা। ১৯২৭ সালে জাপানে প্রতিষ্ঠিত কিনোকুনিয়া বর্তমানে বিশ্বের অন্যতম পরিচিত বুকশপ। আন্তর্জাতিক প্রকাশনার নতুন বই, সাহিত্য, ইতিহাস, দর্শন, শিল্পকলা, একাডেমিক গবেষণা, শিশুতোষ বই এবং জাপানি মাঙ্গারসমৃদ্ধ সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে পরিচিত।

খোঁজখবর

বিশ্বরঙে মূল্যছাড়

ফ্যাশন হাউস বিশ্বরঙে চলছে নীল উত্সব। তবু হে অপূর্ব রূপ, দেখা দিলে কেন কে জানে’—নীলমণিলতাকে দেখে এ গানটি লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি নীল রং পছন্দ করতেন। কারণ নীল রং যেন টিকে থাকার লড়াইয়ে আকাশ-অস্তিত্বের কবজ। আনন্দ প্রকাশে তিনি স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করেছেন নীল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আনন্দ প্রকাশের এই রং সবার মধ্যে ভাগাভাগি করে নিতে ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ উদযাপন করছে বিশ্বরঙ নীল উত্সব-২০২৬। এ উপলক্ষে সব ধরনের পোশাক কেনাকাটায় ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে ব্র্যান্ডটি।