নরওয়ের রাজকুমারী মেটে-মারিট (৫২) ফুসফুসের একটি মারাত্মক রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে ফুসফুস প্রতিস্থাপনের (লাং ট্রান্সপ্লান্ট) তালিকায় তার নাম রাখা হয়েছে। শুক্রবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনে তার চিকিৎসক এই তথ্য জানান।
রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, অসুস্থতার কারণে রাজকুমারী তার সব কাজ থেকে বিরতি নিয়েছেন। এ কারণে আগামী আগস্টে তার বিয়ের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসবও স্থগিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রাজকুমারী ২০১৮ সাল থেকে ‘পালমোনারি ফাইব্রোসিস’ নামের ফুসফুসের একটি বিরল রোগে ভুগছেন। এই রোগে ফুসফুস শক্ত হয়ে যায় এবং রক্তে অক্সিজেন চলাচল কমে গিয়ে তীব্র শ্বাসকষ্ট হয়। গত তিন মাসে তার ফুসফুসের কার্যক্ষমতা অনেক কমে গেছে। চিকিৎসকদের মতে, এই তালিকায় এমন রোগীদেরই রাখা হয়, যারা অস্ত্রোপচার ছাড়া আর মাত্র এক বছর বাঁচবেন বলে ধারণা করা হয়। তবে সঠিক দাতা (ডোনার) পাওয়ার ওপরই তার চিকিৎসা নির্ভর করছে। কিছুদিন আগে তাকে অক্সিজেন পাইপসহ জনসমক্ষে দেখা গিয়েছিল।
রাজকুমারীর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়াতে পুরো পরিবার কাজ স্থগিত করেছে। তার স্বামী যুবরাজ হাকন জাপান সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। এমনকি তার মেয়ে রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রাও মায়ের দেখাশোনার জন্য অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা স্থগিত করে দেশে ফিরে এসেছেন।
অসুস্থতার পাশাপাশি রাজকুমারী গত কয়েক মাস ধরে বেশ মানসিক চাপের মধ্যে ছিলেন। তার আগের পক্ষের ছেলে মারিয়াস বোরগ হোইবি বর্তমানে ধর্ষণের অভিযোগে বিচারের সম্মুখীন। আগামী ১৫ জুন এই মামলার রায় হওয়ার কথা রয়েছে।
সূত্র : এনডিটিভি






