প্রিয়জনের অবস্থানের হালনাগাদ তথ্য জানাবে ‘প্রিয়’। একে অপরকে সরাসরি বার্তাও পাঠানো যাবে। এ জন্য ‘লুপ’ নামের নতুন ফিচার উন্মুক্ত করেছে অ্যাপটি। ফিচারটি কাজে লাগিয়ে শিগগিরই কল করার পাশাপাশি অডিও-ভিডিও বার্তা পাঠানোরও সুযোগ মিলবে। এ বিষয়ে ‘প্রিয়’র প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন জানান, সন্তানরা বাসার বাইরে বের হলে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। অ্যাপটি কাজে লাগিয়ে প্রিয়জনদের অবস্থান ম্যাপের মাধ্যমে নিখুঁতভাবে জানা যায়। এ জন্য উভয়ের মোবাইল ফোনেই ব্যবহার করতে হবে অ্যাপটি। ফিচারটি চালুর জন্য অ্যাপটির একেবারে নিচে ‘এক্সপ্লোর’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে ‘অ্যাড পিপল ইন লুপ’ নামের অপশনে ক্লিক করে সার্চ বারে নির্দিষ্ট ব্যক্তির ফোন নম্বর, নাম বা ই-মেইল আইডি লিখে সার্চ করলেই তার আইডি দেখা যাবে। এবার প্রদর্শিত আইডি ও ‘লুপ রিকোয়েস্ট’ বাটনে ক্লিক করলেই সেই ব্যক্তির কাছে যুক্ত হওয়ার আমন্ত্রণ চলে যাবে। আমন্ত্রণ গ্রহণ করলেই একে অপরের অবস্থানের তথ্য নিয়মিত জানা যাবে। গুগল-প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি।