বাংলাদেশের কৃষিব্যবস্থা বহুমুখী সম্ভাবনা ও চ্যালেঞ্জের সম্মিলিত একটি ক্ষেত্র, যেখানে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সম্পদের সঠিক ব্যবহারের বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে জমির সীমাবদ্ধতা, পানির সংকট, লবণাক্ততা এবং প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতির কারণে অনেক ক্ষেত্রেই বিদ্যমান কৃষিপদ্ধতি থেকে প্রত্যাশিত ফলন অর্জন সম্ভব হচ্ছে না। অথচ দেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত কিছু চাষাবাদ পদ্ধতি এবং গবেষণালব্ধ প্রযুক্তি যথাযথভাবে প্রয়োগ করা গেলে একই জমি থেকে অধিক উৎপাদন, অতিরিক্ত আয় এবং পতিত জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
এই প্রেক্ষাপটে ফসলবিন্যাস, মিশ্রচাষ, বিনা চাষে আবাদ এবং স্থানীয় উদ্ভাবনী কৌশলের সমন্বিত প্রয়োগ বিশেষ গুরুত্ব বহন করে। পাশাপাশি গবেষণাপ্রতিষ্ঠান, সম্প্রসারণ সংস্থা এবং কৃষকদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের অভাবও অনেক সম্ভাবনাময় প্রযুক্তির বিস্তারকে বাধাগ্রস্ত করছে। তাই কৃষির টেকসই উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে এসব সম্ভাবনা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
বাংলাদেশের অনেক এলাকায় এখনো আমন ধান কাটার পর জমি চাষ করে সরিষা আবাদ করা হয় এবং সরিষা সংগ্রহের পর পুনরায় জমি কর্দমাক্ত করে বোরো ধানের চারা রোপণ করা হয়। এতে আউশ বা পরবর্তী আমন মৌসুমের আগে দুটি ফসল পাওয়া গেলেও বোরো ধানের ফলনের যে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়, তা বেশির ভাগ ক্ষেত্রেই নজরের বাইরে থেকে যায়। মূলত প্রযুক্তিগত জ্ঞানের অভাবই এই সমস্যার প্রধান কারণ। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার চলনবিল অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এই পদ্ধতি প্রচলিত। প্রথম পর্বে উল্লেখ করা হয়েছে যে বোরো ধানের চারার বয়স ৫০ দিনের বেশি হলে প্রতি হেক্টরে প্রতিদিন প্রায় ৬০ কেজি করে ফলন কমে। সেই হিসাবে পুরো এলাকায় মোট উৎপাদনের ক্ষতির পরিমাণ সহজেই অনুমান করা যায়।
দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্তপ্রবণ জেলাগুলোতে বিনা চাষে গম, মুগ ও সরিষা উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে অনেকেই অবগত নন। অস্ট্রেলিয়ার এসিআইএআরের অর্থায়নে এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে ড. নিয়োগীর নেতৃত্বে বাগেরহাট জেলায় সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা গেছে, আমন ধানের জমিতে রিলে পদ্ধতিতে বিনা চাষে সরিষা আবাদ লাভজনক।
এই গবেষণায় আরো দেখা গেছে, জমিতে ফসল থাকলে গাছের ছায়ার কারণে মাটির পানি বাষ্পীভবনের হার কমে। ফলে অনাবাদি জমির তুলনায় মাটির লবণাক্ততা প্রায় ৪ ডিএস/মিটার পর্যন্ত কম থাকে। লবণাক্ত জমিতে বিনা চাষে ফসল উৎপাদনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। এর অর্থ হলো, রবি মৌসুমে ধান ছাড়া অন্যান্য দানাদার ফসল ও বিশেষ করে পত্রবহুল সবজি বিনা চাষেই উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বোরো ধান আবাদ প্রসঙ্গে আরো দেখা যায়, বোরো ধান কাটার পর অনেক জমি রোপা আমনের জন্য দীর্ঘ সময় পতিত থাকে। কিছু এলাকায় সীমিত পরিসরে রোপা আউশ চাষ হলেও তা খুবই কম। এই অবস্থায় আগাম বোরো ধান চাষ করে তা কাটার পর আগের মতো বৃষ্টিনির্ভর আউশ ও আমন একসঙ্গে বোনা যেতে পারে। এতে আউশ আগে পরিপক্ব হবে এবং তা কেটে নেওয়ার পর আমনগাছ রেখে দেওয়া যাবে, যা পরে পূর্ণাঙ্গ ফসলে পরিণত হবে। ফলে জমি পতিত থাকবে না। উফশী ধান প্রবর্তনের আগে এই পদ্ধতিই প্রচলিত ছিল। ভবিষ্যতে সেচনির্ভর বোরো চাষ ব্যাহত হলে এই পদ্ধতিতে ফিরে যাওয়ার প্রয়োজন হতে পারে, অর্থাৎ বোরো মৌসুমে বিকল্প ফসল চাষের দিকে গুরুত্ব দিতে হবে।
আখ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হলেও এটি সাধারণত এককভাবে চাষ করা হয়। যদিও আখের সঙ্গে সাথি ফসল চাষের প্রযুক্তি অনেক আগেই উদ্ভাবিত হয়েছে, তবু দীর্ঘ সময় জমি দখল করে রাখার কারণে এবং ধানের মতো প্রধান খাদ্যশস্য উৎপাদিত না হওয়ায় কৃষকরা একক আখ চাষে আগ্রহ হারাচ্ছেন। ফলে আখের আবাদ ক্রমেই কমে যাচ্ছে। তবে বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট আখের জমিতে বোরো ও আউশ ধানকে সাথি ফসল হিসেবে চাষের একটি কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করেছে। এতে আখের ফলন কমেনি, বরং একই জমি থেকে ধান উৎপাদন সম্ভব হওয়ায় কৃষকের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হয়েছে। সাধারণত আখের জমিতে সেচ দেওয়া হয় না, কিন্তু বোরো ধানের জন্য এডব্লিউডি পদ্ধতিতে সেচ দেওয়ায় আখের ফলনও স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ফলে এই প্রযুক্তি আখ চাষিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
একইভাবে তুঁতগাছের জমিতে অন্য ফসল চাষের সম্ভাবনা নিয়েও আগে তেমন ধারণা ছিল না। কিন্তু বাংলাদেশ সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় দেখা গেছে, তুঁতগাছের সারির দূরত্ব সমন্বয় করে ফাঁকা জায়গায় পেঁয়াজ, রসুন, আলু, ডাল, তৈলবীজ, মিষ্টিকুমড়া ও অন্যান্য সবজি চাষ করে উল্লেখযোগ্য অতিরিক্ত আয় করা সম্ভব।
বাংলাদেশে কৃষি গবেষণার একটি প্রচলিত ধারা হলো, নতুন প্রযুক্তি সম্প্রসারণের আগে ফসল কর্তন ও পর্যালোচনা সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। তবে বাস্তবে সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের পক্ষে পুরো সময় উপস্থিত থাকা সম্ভব হয় না। ফলে গবেষণার ফলাফল মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত বা অঙ্গীকার অনেক সময়ই পাওয়া যায় না। তাই সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় ও ধারাবাহিক অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। গবেষণার শুরু থেকেই প্রতিটি ধাপে তৈলবীজ, ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট খামার ও সংস্থাগুলোকে, বিশেষ করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজন। এতে তাঁরা প্রযুক্তি সম্পর্কে বাস্তব ও পূর্ণাঙ্গ ধারণা লাভ করবেন এবং মাঠ পর্যায়ে তা প্রয়োগে আগ্রহী হবেন।
সব শেষে বলা যায়, বাংলাদেশের কৃষিতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে উৎপাদন বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রচলিত পদ্ধতির সীমাবদ্ধতা চিহ্নিত করে তা উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে রূপান্তর করা অপরিহার্য। একই জমিতে বহুমুখী ফসল উৎপাদন, বিনা চাষে আবাদ, মিশ্রচাষ ও সাথি ফসলের সমন্বিত প্রয়োগ শুধু উৎপাদন বাড়ায় না, বরং জমির সর্বোত্তম ব্যবহার, খরচ হ্রাস এবং কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাশাপাশি গবেষণাপ্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ বিভাগ এবং কৃষকদের মধ্যে কার্যকর সমন্বয় ও জ্ঞান বিনিময় নিশ্চিত করা না গেলে এসব সম্ভাবনাময় প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্ভব নয়। তাই মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ, সময়োপযোগী প্রযুক্তি বিস্তার এবং স্থানীয় বাস্তবতার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণই হতে পারে কৃষির টেকসই অগ্রগতির মূল চাবিকাঠি। এর মাধ্যমে পতিত জমিকে উৎপাদনের আওতায় আনা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কৃষিকে আরো সহনশীল ও লাভজনক করে তোলা সম্ভব।
লেখক : ফেলো, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস
সাবেক মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট



দীর্ঘ ক্রীড়াঙ্গনের জীবনে খেলোয়াড়, কোচ, সংগঠক হিসেবে আবদুস সাদেকের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিকাশে, ক্লাবের ক্রীড়াচর্চা, হকি ও ফুটবলে অসামান্য অবদান নিঃসন্দেহে অতুলনীয়। তিনি নিজেই তাঁর তুলনা। একজন মানুষ ক্রীড়াঙ্গনকে শত প্রতিকূলতার মধ্যেও কিভাবে উপভোগ করতে পারেন খুব কাছে থেকে না দেখলে, না জানলে এটি লিখে বোঝানো মুশকিল। রেকর্ড বইয়ের সব নিছক পরিসংখ্যান থেকে মানুষ আবদুস সাদেক ছিলেন অনেক বড়। ছয় দশকেরও বেশি সময় ধরে আবদুস সাদেক ছিলেন ক্রীড়াঙ্গনে সুস্থ জীবনবোধ, ন্যায়নীতি ও আদর্শের প্রতীক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক উঁচু একটি স্তম্ভ! দেশের ক্রীড়াঙ্গনের গৌরব। এই মানুষটি সারা জীবন ক্রীড়াঙ্গন নিয়ে ভেবেছেন। ভেবেছেন ক্রীড়াচর্চার বিষয়টি। 
