বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইতিহাসে কিছু সিদ্ধান্ত তাৎক্ষণিক রাজনৈতিক প্রয়োজন মেটানোর জন্য গৃহীত হয়, আবার কিছু সিদ্ধান্ত রাষ্ট্রের দীর্ঘমেয়াদি কৌশলগত ভবিষ্যৎ নির্ধারণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পূর্বমুখী কূটনীতি ছিল দ্বিতীয় ধরনের একটি রাষ্ট্রদর্শনের অংশ। এটি শুধু চীন বা দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের একটি নীতি ছিল না, বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে একমুখী নির্ভরশীলতার গণ্ডি থেকে বের করে এনে একটি বহুমাত্রিক, ভারসাম্যপূর্ণ ও জাতীয় স্বার্থনির্ভর কূটনৈতিক কাঠামোতে প্রতিষ্ঠিত করার একটি সুদূরপ্রসারী উদ্যোগ। আজ যখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, প্রযুক্তি, শ্রমবাজার ও কৌশলগত অংশীদারির নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা করছেন, তখন সেই সফরকে ইতিহাসের ধারাবাহিকতায় বিচার করলে দেখা যায়—বাংলাদেশের পূর্বমুখী কূটনীতির যে বীজ জিয়াউর রহমান রোপণ করেছিলেন, বর্তমান সময়ে তা নতুন বাস্তবতার আলোকে আরো বিস্তৃত রূপ লাভ করছে।
বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান সব সময়ই তাকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। স্বাধীনতার পর আন্তর্জাতিক ব্যবস্থা ছিল স্নায়ুযুদ্ধের দুই মেরুকেন্দ্রিক প্রতিযোগিতায় বিভক্ত। এমন বাস্তবতায় একটি নবীন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই চ্যালেঞ্জকে উপলব্ধি করেছিলেন। তাঁর পররাষ্ট্রনীতি আবেগের পরিবর্তে বাস্তববাদ, জাতীয় স্বার্থ এবং কৌশলগত ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। হ্যান্স জে মরগেনথাও (১৯৪৮) যেমন বলেছেন, আন্তর্জাতিক রাজনীতির মূলভিত্তি হলো জাতীয় স্বার্থ; কেনেথ ওয়াল্টজ (১৯৭৯) দেখিয়েছেন, আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক চরিত্র রাষ্ট্রগুলোকে নিজেদের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নিশ্চিত করতে বাধ্য করে। জিয়াউর রহমানের পররাষ্ট্রদর্শন এই বাস্তববাদী তত্ত্বগুলোর সঙ্গে উল্লেখযোগ্যভাবে সামঞ্জস্যপূর্ণ।
তাঁর উপলব্ধি ছিল—বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের জন্য কোনো একক শক্তির ওপর নির্ভরশীলতা দীর্ঘ মেয়াদে নিরাপদ নয়। ফলে তিনি একই সঙ্গে পশ্চিমা বিশ্ব, মুসলিম বিশ্ব এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেন। বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে স্ট্র্যাটেজিক অটোনমি, মাল্টিভেক্টর ফরেন পলিসি এবং স্ট্র্যাটিজিক ডাইভার্সিভিকেশন বলা হয়। এভলিন গুহ (২০০৫)-এর হেজিং স্ট্র্যাটেজি ধারণা অনুযায়ী, একটি রাষ্ট্র একাধিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে নিজের কৌশলগত স্বাধীনতা বজায় রাখে। জিয়াউর রহমানের পূর্বমুখী কূটনীতি ছিল এই নীতির একটি অগ্রগামী প্রয়োগ।
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কোন্নয়নে জিয়াউর রহমানের ভূমিকা ছিল ঐতিহাসিক। তিনি উপলব্ধি করেছিলেন যে পূর্ব এশিয়ার পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতায় চীন ভবিষ্যতে একটি প্রধান অর্থনৈতিক ও কৌশলগত শক্তিতে পরিণত হবে। ডেং শিয়াওপিংয়ের অর্থনৈতিক সংস্কারের সূচনাকালে চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের যে উদ্যোগ তিনি গ্রহণ করেন, তা শুধু কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তি ও অবকাঠামো সহযোগিতার দীর্ঘমেয়াদি ভিত্তি স্থাপন করেছিল। আজ বাংলাদেশের বৃহৎ অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে চীনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, তার ঐতিহাসিক ভিত্তি অনেকাংশেই সেই সময়ে নির্মিত হয়।
পূর্বমুখী কূটনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা। মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আসিয়ান অঞ্চলের দ্রুত অর্থনৈতিক উত্থান সামনে রেখে জিয়াউর রহমান বাংলাদেশকে এই উদীয়মান অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিলেন। পরবর্তী সময়ে মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজারে পরিণত হয় এবং বিনিয়োগ ও শিক্ষা সহযোগিতার ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, শিল্প সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, তা পূর্বমুখী কূটনীতির ধারাবাহিকতাকেই নতুন বাস্তবতায় এগিয়ে নিয়ে যাচ্ছে।
জিয়াউর রহমানের পররাষ্ট্রদর্শনের আরেকটি ঐতিহাসিক মাইলফলক ছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ‘সার্ক’-এর ধারণা। আর্নস্ট বি. হাস (১৯৫৮)-এর নিও-ফাংশনালিজম তত্ত্ব অনুসারে অর্থনৈতিক, কারিগরি ও সামাজিক সহযোগিতা ধীরে ধীরে রাজনৈতিক সহযোগিতার ভিত্তি তৈরি করে। হাস এই প্রক্রিয়াকে স্পিলওভার ইফেক্ট হিসেবে ব্যাখ্যা করেছেন। জিয়াউর রহমান বিশ্বাস করতেন, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো যদি কৃষি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগে একসঙ্গে কাজ করে, তবে আঞ্চলিক শান্তি ও উন্নয়নের নতুন ভিত্তি গড়ে উঠবে। একই সঙ্গে তিনি এমন একটি বহুপক্ষীয় কাঠামো কল্পনা করেছিলেন, যেখানে ছোট ও মাঝারি রাষ্ট্রগুলোও সম্মিলিতভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবে এবং আঞ্চলিক সম্পর্ক হবে সহযোগিতানির্ভর, একক প্রভাবনির্ভর নয়।
বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে রবার্ট কিওহান ও জোসেফ নেই (১৯৭৭)-এর কমপ্লেক্স ইন্টারডিপেনডেন্ট তত্ত্ব আরো বেশি প্রাসঙ্গিক। তাঁদের মতে, আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলোর সম্পর্ক শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করে না, বরং অর্থনীতি, প্রযুক্তি, বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে। বর্তমান প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফরের আলোচ্য বিষয়গুলো—বিনিয়োগ, শিল্পায়ন, অবকাঠামো, প্রযুক্তি স্থানান্তর, শ্রমবাজার, শিক্ষা ও বাণিজ্য এই তত্ত্বেরই বাস্তব প্রতিফলন।
এই সফরের একটি বড় অর্জন হলো বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিকে নতুন মাত্রায় উন্নীত করার প্রচেষ্টা। মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানি, শিল্প বিনিয়োগ এবং শিক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে চীনের সঙ্গে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, কৃষি, ডিজিটাল অর্থনীতি ও শিল্পায়নের ক্ষেত্রে সহযোগিতা আরো বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং রপ্তানি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া এই সফর বাংলাদেশের কৌশলগত অবস্থানকেও আরো সুদৃঢ় করেছে। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পুনর্বিন্যাসের মধ্যে বাংলাদেশকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করতে হচ্ছে। এ ক্ষেত্রে জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শনের মূল শিক্ষা—জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই সফর সেই নীতিরই একটি বাস্তব প্রতিফলন।
বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম শর্ত হলো আঞ্চলিক সংযোগ, উৎপাদনভিত্তিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ। মালয়েশিয়া ও চীন এই চারটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে একটি স্বাভাবিক অর্থনৈতিক করিডরে পরিণত করেছে। সঠিক কূটনৈতিক কৌশল, উন্নত অবকাঠামো এবং আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশ ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও যোগাযোগ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে।
পরিশেষে বলা যায়, পূর্বমুখী কূটনীতি কোনো সাময়িক কূটনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি রাষ্ট্রকৌশলের একটি মৌলিক ভিত্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দর্শনের ভিত্তি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে খালেদা জিয়া সেই ধারার গুরুত্বপূর্ণ দিকগুলোকে এগিয়ে নিয়ে যান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর সেই ধারাবাহিকতাকে নতুন বৈশ্বিক বাস্তবতার সঙ্গে যুক্ত করেছে। যদি এই সফরের সম্ভাবনাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং বাংলাদেশ ভারসাম্যপূর্ণ, বহুমাত্রিক ও জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি অনুসরণ অব্যাহত রাখে, তবে পূর্বমুখী কূটনীতি আগামী দিনের বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র, কৌশলগত অংশীদার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
লেখক : অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা




গত ২ জুন ২০২৬ ‘ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন’ আনুষ্ঠানিকভাবে বিশ্বকে ‘এল নিনোর জন্য সতর্ক হোন’ শিরোনামে সাবধান করেছে। সংস্থার মহাসচিব সম্ভাব্য খরা, ভারি বৃষ্টিপাত, তাপপ্রবাহ ও অর্থনৈতিক ক্ষতির জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন। ১১ জুন ২০২৬ ‘ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ ঘোষণা করেছে, এল নিনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং শরৎকালে এটি মাঝারি থেকে শক্তিশালী পর্যায়ে পৌঁছতে পারে। গত ১৬ জুন রয়টার্স এবারের এল নিনো গত ‘সাত দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি’ হতে পারে বলে প্রতিবেদন ছেপেছে। প্রতিবেদনে এশিয়ায় গরম ও শুষ্ক আবহাওয়া এবং খাদ্য উৎপাদনে ঝুঁকির কথা বলা হয়েছে। এই একই তারিখে গার্ডিয়ান লিখেছে, ‘শক্তিশালী এল নিনো এবং জলবায়ু পরিবর্তনের যুগপৎ প্রভাব অস্ট্রেলিয়ায় তাপপ্রবাহ, দাবানল ও প্রবালপ্রাচীরের ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে।’ এবারের এই এল নিনো নিয়ে বিবিসি (১১ জুন ২০২৬) লিখেছে, এটি শেষ পর্যন্ত ‘সুপার’ এল নিনোতে রূপ নিতে পারে—এমনকি এটি এযাবৎকালের রেকর্ডকৃত শক্তিশালী এল নিনোগুলোর মধ্যেও অন্যতম হতে পারে।