• ই-পেপার

পূর্বমুখী কূটনীতি : জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন থেকে নতুন দিগন্ত

  • ড. মো. রুহুল আমিন সরকার

উদ্বৃত্ত শ্রম, দ্বৈত অর্থনীতি ও বাজেটের ফাঁদ

এম এম মুসা

উদ্বৃত্ত শ্রম, দ্বৈত অর্থনীতি ও বাজেটের ফাঁদ

১৯৫৪ সালে স্যার আর্থার লুইস যখন ‘ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ আনলিমিটেড সাপ্লাইজ অব লেবার’  শিরোনামে তাঁর ঐতিহাসিক প্রবন্ধটি প্রকাশ করেন, তখন বিশ্বের কেউ ভাবেননি যে ৭০ বছর পরও দক্ষিণ এশিয়ার একটি দেশ তাঁর সেই তত্ত্বের জীবন্ত পরীক্ষাক্ষেত্র হয়ে থাকবে। বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করতে বসলে লুইসের দ্বি-পথ কাঠামো যেন দর্পণের মতো সামনে এসে দাঁড়ায়।

লুইস বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে দুটি সমান্তরাল পথ থাকে। একদিকে থাকে ‘ঐতিহ্যবাহী পথ’—কৃষি, অনানুষ্ঠানিক বাণিজ্য, গ্রামীণ শ্রম, যেখানে প্রান্তিক উৎপাদনশীলতা শূন্যের কাছাকাছি, কিন্তু মানুষ টিকে থাকে। অন্যদিকে থাকে ‘আধুনিক পথ’—কারখানা, রপ্তানিমুখী শিল্প, শহরের নতুন পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা যেখানে শ্রমের চাহিদা ক্রমবর্ধমান। এই দুটি পথের মধ্যে সেতুবন্ধ রচনাই হলো উন্নয়নের মূল রহস্য বা সূত্র।

লুইস তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি হলো ‘টার্নিং পয়েন্ট’, যখন ঐতিহ্যবাহী পথ থেকে উদ্বৃত্ত শ্রম শেষ হয়ে যায় এবং মজুরি বাড়তে শুরু করে। এই বিন্দু অতিক্রম করলে দেশটি প্রকৃত উন্নয়নের পথে প্রবেশ করে। কিন্তু বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করলে দেখা যায়, আমরা এই টার্নিং পয়েন্টের সামনে এসে থমকে আছি—এগিয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু নীতিকাঠামো সেই সুযোগ ধরতে পারছে না।

দেশের মোট শ্রমশক্তির প্রায় ৩৮ শতাংশ এখনো কৃষিতে নিয়োজিত। তাদের প্রান্তিক উৎপাদনশীলতা শিল্প বা সেবা খাতের তুলনায় চার থেকে ছয় গুণ কম। অথচ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিতে বরাদ্দ মোট বাজেটের মাত্র ৫.৮ শতাংশ। লুইসের ভাষায়, এই বরাদ্দ ঐতিহ্যবাহী পথ আরো দীর্ঘদিন টিকিয়ে রাখবে।

বাজেটে শিল্প ও বাণিজ্য খাতে বরাদ্দ বেড়েছে, কিন্তু এই বৃদ্ধির গঠন দেখলে লুইসীয় দৃষ্টিকোণ থেকে গভীর উদ্বেগ জাগায়। বরাদ্দের বেশির ভাগ চলে যাচ্ছে বিদ্যমান বড় শিল্পপ্রতিষ্ঠানের করছাড় ও প্রণোদনায়, কিন্তু নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নয়।

লুইস দেখিয়েছেন যে আধুনিক পথ শুধু তখনই ঐতিহ্যবাহী পথ থেকে শ্রম আকর্ষণ করতে পারে, যখন সেখানে মজুরির পার্থক্য বজায় থাকে এবং নতুন কর্মসংস্থান তৈরির গতি শ্রম সরবরাহের গতির চেয়ে বেশি হয়। বাংলাদেশে বর্তমানে প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। কিন্তু আনুষ্ঠানিক খাতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে মাত্র পাঁচ থেকে সাত লাখ। বাকিরা কোথায় যাচ্ছে? তারা ভিড় করছে অনানুষ্ঠানিক খাতে, রিকশায়, ফুটপাতে, মৌসুমি কৃষিতে—লুইসের ঐতিহ্যবাহী পথের গভীরে।

মানবপুঁজির রূপান্তরের পূর্বশর্ত পূরণ হচ্ছে কি? লুইসের তত্ত্বে একটি প্রায়-উপেক্ষিত দিক হলো ‘সক্ষমতা-সেতু’। শুধু শ্রম স্থানান্তরিত হলেই হয় না—সেই শ্রমকে আধুনিক পথে উৎপাদনশীলভাবে ব্যবহারের জন্য প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হয়। এই সেতু না থাকলে শহরে মানুষ আসে, কিন্তু উৎপাদনশীলতা বাড়ে না।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য সহজ ঋণ, ডিজিটাল লেনদেনের সুযোগ এবং নিয়ন্ত্রণ সংস্থার হয়রানি থেকে মুক্তি—এই তিনটি বিষয় অনানুষ্ঠানিক খাতকে ধীরে ধীরে আনুষ্ঠানিক খাতের দিকে টেনে আনতে পারে। বাজেটে এর প্রতিফলন কোথায়? ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য করছাড়ের সীমা বাড়ানো হয়েছে, কিন্তু তা কার্যকর করার জন্য প্রশাসনিক সক্ষমতা তৈরিতে কোনো বিনিয়োগ নেই।

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি অনন্য মাত্রা যোগ করেছে, যা লুইস নিজে কল্পনা করেননি। বিদেশে যাওয়া শ্রমিকরা মূলত ঐতিহ্যবাহী পথ থেকে আসেন এবং তাঁদের পাঠানো অর্থ পরিবারের ভোগব্যয় বাড়ায়, কিন্তু উৎপাদনশীল বিনিয়োগ সব সময় হয় না। ভোগব্যয় অন্যভাবে অর্থনীতিকে চাঙ্গা রাখে, কিন্তু টেকসই রূপান্তরে দ্রুত প্রভাব রাখে না।

লুইস দেখিয়েছেন, উন্নয়নের চালিকাশক্তি হলো একটি বিনিয়োগ চক্র : আধুনিক পথ মুনাফা করে, সেই মুনাফা পুনরায় বিনিয়োগ হয়, আরো মুনাফা আসে। এই চক্রের গতি বাড়াতে হলে আধুনিক খাতকে মুনাফা ধরে রাখার সুযোগ দিতে হবে—সেই সঙ্গে সেই মুনাফার উৎপাদনশীল খাতে পুনর্বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের করপোরেট ট্যাক্সের কাঠামো ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কিছুটা পুনর্বিন্যস্ত হয়েছে, কিন্তু বড় সমস্যা রয়ে গেছে—দেশীয় মুনাফার একটি বড় অংশ অনানুষ্ঠানিক চ্যানেলে বা বিদেশে চলে যাচ্ছে। পুঁজিপাচারের এই সমস্যার বিরুদ্ধে বাজেটে কোনো কঠোর ব্যবস্থা নেই। লুইসের বিনিয়োগচক্র তাই সম্পূর্ণ হচ্ছে না।

নারীশ্রমের রূপান্তর : লুইসের তত্ত্বের অপূর্ণ অধ্যায়—বাংলাদেশের পোশাকশিল্পের সাফল্য মূলত নারীশ্রমের আধুনিক পথে প্রবেশের ফসল, এটি একটি সত্যিকারের লুইসীয় রূপান্তর। ৪০ লাখের বেশি নারী শ্রমিক ঐতিহ্যবাহী পথের গৃহস্থালি ও অনানুষ্ঠানিক কাজ ছেড়ে আনুষ্ঠানিক শিল্পে এসেছেন। এই রূপান্তর শুধু অর্থনৈতিক নয়, সামাজিকও। 

স্যার আর্থার লুইস নোবেল বক্তৃতায় সতর্ক করেছেন, ‘উন্নয়নের কোনো স্বয়ংক্রিয় পথ নেই। প্রতিটি দেশকে তার নিজস্ব ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিতে হয়।’ বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সিদ্ধান্তগুলো এখন নিতে হবে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট একটি সন্ধিক্ষণের বাজেট। দেশের সামনে সুযোগ আছে লুইসের টার্নিং পয়েন্ট অতিক্রম করার। কিন্তু সে জন্য দরকার তিনটি জিনিস : আধুনিক খাতে কর্মসংস্থান সৃজন, মানবপুঁজিতে বিনিয়োগ বৃদ্ধি এবং অনানুষ্ঠানিক খাতের ধীরে ধীরে আনুষ্ঠানিক রূপান্তর।

লুইস একবার বলেছিলেন, ‘উন্নয়নের অর্থ হলো মানুষকে সুযোগ দেওয়া।’ বাংলাদেশের বাজেট সেই সুযোগের কাঠামো তৈরি করছে কি না—এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে নীতিনির্ধারকদের। সংখ্যার আড়ালে যে মানুষগুলো লুকিয়ে আছেন গ্রামের মাঠে, শহরের ফুটপাতে, কারখানার সারিতে—তাঁদের জীবনের গল্পই বলবে এই বাজেট সত্যিকারের উন্নয়নের বাজেট ছিল কি না।

লেখক : উন্নয়নকর্মী ও গবেষক

এল নিনোর প্রভাব মোকাবেলায় প্রস্তুতি প্রয়োজন

বিধান চন্দ্র দাস

এল নিনোর প্রভাব মোকাবেলায় প্রস্তুতি প্রয়োজন

‘এল নিনো ছুটে আসে...উপকূলে আছড়ে পড়ে, উত্তপ্ত আলিঙ্গনে মাছ ও শৈবালকে শ্বাসরুদ্ধ করে মারে। সে বিষুবীয় অঞ্চলের জীবনদায়ী নাইট্রেট ও ফসফেট অপহরণ করে নিয়ে যায়, ভেঙে দেয় বিশাল সামুদ্রিক খাদ্যশৃঙ্খল এবং বৃহৎ সামুদ্রিক মাছগুলোর প্রজননচক্র। ভারী ও ঘর্মাক্ত এল নিনো সাঁতরে চলে, মৃত মাছগুলোকে মহাদেশের তীরে ছুড়ে মারে; সবকিছুকে স্তব্ধ, বিকল ও পচনশীল করে তোলে। জল ডুবিয়ে দেয় জলকে; সমুদ্র নিজ মৃত জোয়ারের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে পড়ে। শীতল সমুদ্র ডুবে যায় উষ্ণ সমুদ্রের নিচে; বাতাস উন্মত্ত হয়ে ওঠে এবং পথচ্যুত হয়। ধ্বংসাত্মক ও অপরাধীর মতো এল নিনো...উপকূলকে বিপর্যস্ত করে,...সমভূমিকে শুষ্ক করে তোলে...নিম্নভূমিকে কাদামাটির বন্যায় প্লাবিত করে...।’

এভাবেই বিখ্যাত মেক্সিকান লেখক কার্লোস ফুয়েন্তেস তাঁর ‘ক্রিস্টোফার আনবর্ন’ উপন্যাসে এল নিনোর অভিঘাত বর্ণনা করেছেন। ইউনেসকো থেকে প্রকাশিত (২০০০) এক গ্রন্থের পরিসংখ্যান অনুযায়ী ১৯৯৭-৯৮ সালে সংঘটিত অন্যতম শক্তিশালী এল নিনোর অভিঘাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছিল। মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের। বাস্তুচ্যুত হয়েছিল কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ ছিল প্রায় আড়াই লাখ বর্গকিলোমিটার।

এল নিনোর প্রভাব মোকাবেলায় প্রস্তুতি প্রয়োজনগত ২ জুন ২০২৬ ‘ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন’ আনুষ্ঠানিকভাবে বিশ্বকে ‘এল নিনোর জন্য সতর্ক হোন’ শিরোনামে সাবধান করেছে। সংস্থার মহাসচিব সম্ভাব্য খরা, ভারি বৃষ্টিপাত, তাপপ্রবাহ ও অর্থনৈতিক ক্ষতির জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন। ১১ জুন ২০২৬ ‘ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ ঘোষণা করেছে, এল নিনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং শরৎকালে এটি মাঝারি থেকে শক্তিশালী পর্যায়ে পৌঁছতে পারে। গত ১৬ জুন রয়টার্স এবারের এল নিনো গত ‘সাত দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি’ হতে পারে বলে প্রতিবেদন ছেপেছে। প্রতিবেদনে এশিয়ায় গরম ও শুষ্ক আবহাওয়া এবং খাদ্য উৎপাদনে ঝুঁকির কথা বলা হয়েছে। এই একই তারিখে গার্ডিয়ান লিখেছে, ‘শক্তিশালী এল নিনো এবং জলবায়ু পরিবর্তনের যুগপৎ প্রভাব অস্ট্রেলিয়ায় তাপপ্রবাহ, দাবানল ও প্রবালপ্রাচীরের ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে।’ এবারের এই এল নিনো নিয়ে বিবিসি (১১ জুন ২০২৬) লিখেছে, এটি শেষ পর্যন্ত ‘সুপার’ এল নিনোতে রূপ নিতে পারে—এমনকি এটি এযাবৎকালের রেকর্ডকৃত শক্তিশালী এল নিনোগুলোর মধ্যেও অন্যতম হতে পারে।

এল নিনো ও লা নিনা শব্দ দুটি স্প্যানিশ ভাষা থেকে এসেছে। এল নিনো অর্থ ‘ছোট বালক’ এবং লা নিনা অর্থ ‘ছোট বালিকা’। পেরুর উপকূলের জেলেরা বড়দিনের সময় সমুদ্রস্রোতের অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করে এ ঘটনাকে ‘এল নিনো ডি ন্যাভিডাড’ বা ‘খ্রিস্ট শিশু’ নামে অভিহিত করেছিল। স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমমুখী ‘বাণিজ্য বাতাস’ উষ্ণ পৃষ্ঠজলকে দক্ষিণ আমেরিকার উপকূল থেকে এশিয়া-অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়। এর ফলে দক্ষিণ আমেরিকার উপকূলে গভীর সমুদ্রের পুষ্টিসমৃদ্ধ শীতল পানি ওপরে উঠে আসে, যা মৎস্যসম্পদ ও সামুদ্রিক জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে। একই সঙ্গে পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রচুর বৃষ্টিপাত হয়, আর দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া বিরাজ করে।

কয়েক বছর পর পর বাণিজ্য বাতাস দুর্বল হয়ে গেলে এল নিনো শুরু হয়। তখন উষ্ণ পানি পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ আমেরিকার উপকূলের দিকে সরে আসে এবং শীতল, পুষ্টিসমৃদ্ধ পানির উত্থান বাধাগ্রস্ত হয়। ফলে পেরু, ইকুয়েডর ও চিলির উপকূলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর সংখ্যা কমে যায় এবং মৎস্যশিল্প ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে পূর্ব প্রশান্ত মহাসাগরে অতিবৃষ্টি, বন্যা ও উপকূলীয় ক্ষয় দেখা দেয়; অন্যদিকে ভারত, বাংলাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলে বৃষ্টিপাত কমে গিয়ে খরা, দাবানল ও নানা পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়।

লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা। এ সময় ‘বাণিজ্য বাতাস’ স্বাভাবিকের তুলনায় আরো শক্তিশালী হয় এবং উষ্ণ পানি পুনরায় পশ্চিম দিকে সরে যায়। ফলে এশিয়া ও অস্ট্রেলিয়ার বহু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ঘটে, আর দক্ষিণ আমেরিকার উপকূলে পুষ্টিসমৃদ্ধ শীতল পানির উত্থান বৃদ্ধি পায়।

এল নিনো ও লা নিনার এই পর্যায়ক্রমিক আবর্তনকে সম্মিলিতভাবে ‘ইএনএসও’ বা এনসো (এল নিনো সাউদার্ন অসিলেশন) বলা হয়। সাধারণত দুই থেকে সাত বছর পর পর এল নিনো দেখা দেয়; এটি প্রায় ৯ থেকে ১২ মাস স্থায়ী হয়, আর লা নিনা সাধারণত এক থেকে তিন বছর স্থায়ী হতে পারে। নিকট অতীতের এল নিনোগুলোর মধ্যে ১৯৭২-৭৩, ১৯৮২-৮৩ ও ১৯৯৭-৯৮ সালের এল নিনো ছিল সবচেয়ে শক্তিশালী।

বিশেষজ্ঞরা বলছেন যে ২০২৬-২৭ সালের এল নিনো বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ু ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তাঁদের মতে, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষাপটে এল নিনো যুক্ত হলে পৃথিবীর গড় তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে এবং অনেক অঞ্চলে তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা, দাবানল ও পানিসংকট দেখা দিতে পারে। একই সঙ্গে কিছু অঞ্চলে অস্বাভাবিক ভারি বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো আরো সতর্ক করেছে যে কৃষি উৎপাদন, বিশেষত ধান, গম, ভুট্টা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্যশস্যের উৎপাদন ব্যাহত হয়ে বৈশ্বিক খাদ্যবাজারে অস্থিরতা ও মূল্যবৃদ্ধির মতো অবস্থা তৈরি হতে পারে।

এল নিনোর ফলে দক্ষিণ এশিয়ায় কম মৌসুমি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ঘাটতি, খরার প্রবণতা এবং পানিসম্পদের ওপর চাপ বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও উচ্চ তাপমাত্রা কৃষি, জনস্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলেও মনে করা হচ্ছে। কৃষি উৎপাদন হ্রাস, সেচের পানির চাহিদা বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখা দিতে পারে। সামগ্রিকভাবে আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থাগুলোর বর্তমান মূল্যায়নে ২০২৬-২৭ সালের এল নিনোর প্রধান সম্ভাব্য অভিঘাত হিসেবে উচ্চ তাপমাত্রা, দুর্বল মৌসুমি বৃষ্টি, খরা, কৃষি উৎপাদন হ্রাস এবং পানি ও খাদ্য নিরাপত্তার ওপর চাপের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২৬ সালে সম্ভাব্য এল নিনোর প্রভাব মোকাবেলায় পেরু, ফিলিপিন্স ও ইকুয়েডর বিভিন্ন প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পেরু সরকার নদী খনন ও পরিষ্কার, বন্যাঝুঁকি হ্রাস, জরুরি ত্রাণ মজুদ, স্থানীয় সরকারগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ-প্রতিক্রিয়া ব্যবস্থার সমন্বয় জোরদার করেছে। ফিলিপিন্সে কৃষি বিভাগ সম্ভাব্য খরা ও পানিসংকট মোকাবেলায় সেচব্যবস্থার মূল্যায়ন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, কৃষি উৎপাদন সুরক্ষা এবং কৃষকদের সহায়তা কর্মসূচি জোরদার করেছে। ইকুয়েডরে উপকূলীয় বন্যা, অতিবৃষ্টি ও জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দুর্যোগ-প্রস্তুতি ও ঝুঁকি পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এল নিনোর সম্ভাব্য প্রভাব মোকাবেলায় ভারত সরকার দেশের ১৯৭টি (সাম্প্রতিক কিছু প্রতিবেদনে ৩২৬টি পর্যন্ত) ঝুঁকিপূর্ণ জেলা চিহ্নিত করে রাজ্যভিত্তিক ও জেলাভিত্তিক কন্টিনজেন্সি পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পদক্ষেপ থেকে বোঝা যায় যে এল নিনোর সম্ভাব্য প্রভাব কমাতে সংশ্লিষ্ট দেশগুলো আগাম সতর্কতা, অবকাঠামোগত প্রস্তুতি, পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ-ঝুঁকি হ্রাস কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ দক্ষিণ এশীয় মৌসুমি বায়ু অঞ্চলের অংশ হওয়ায় কম বর্ষা, তাপপ্রবাহ বৃদ্ধি, কৃষি উৎপাদনে চাপ এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় এখানে চ্যালেঞ্জ সৃষ্টির আশঙ্কা রয়েছে। যদিও এই শরৎকালে এল নিনো মাঝারি থেকে তীব্র হতে পারে বলে সতর্ক করা হচ্ছে, তবু বাংলাদেশের বেশ কিছু জরুরি প্রস্তুতি প্রয়োজন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এবং আট থেকে ১০টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হবে বলে পূর্বাভাস দিয়েছে। এমতাবস্থায় সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে সেই মোতাবেক কর্মকাণ্ড পরিচালনা, বিশেষ করে খরাসহিষ্ণু ফসল/জাতের সম্প্রসারণ, সেচ ও পানি সংরক্ষণ ব্যবস্থা উন্নতকরণ, খাদ্যশস্যের কৌশলগত মজুদ বজায় রাখা এবং জনস্বাস্থ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।

 

লেখক : অবসরপ্রাপ্ত অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়

চীনের আস্থার ধারাবাহিকতায় বিএনপির বড় অর্জন

সাইমন মোহসিন

চীনের আস্থার ধারাবাহিকতায় বিএনপির বড় অর্জন

কোনো সরকারপ্রধানের বিদেশ সফরের সাফল্য শুধু কতগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, কত বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে কিংবা কতগুলো যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছেএসব দিয়ে বিচার করা যায় না। একটি সফরের প্রকৃত তাৎপর্য বোঝা যায় সেই সফরসংশ্লিষ্ট দেশগুলোর কৌশলগত অগ্রাধিকার, পারস্পরিক প্রত্যাশা ও ভবিষ্যৎ সম্পর্কের গতিপথকে কতটা স্পষ্ট করে, তা থেকেও।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরও ঠিক তাই। এই সফর ঘিরে নানা ধরনের মূল্যায়ন হচ্ছে, হবেও। কেউ একে অর্থনৈতিক সাফল্য বলছেন, কেউ কূটনৈতিক অর্জন, আবার কেউ আঞ্চলিক ভূ-রাজনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছেন। কিন্তু সামগ্রিকভাবে বিচার করলে সফরটি তিনটি সমান্তরাল বাস্তবতা সামনে নিয়ে এসেছে।

প্রথমত, চীন নিশ্চিত করেছে যে বাংলাদেশ তার দীর্ঘমেয়াদি কৌশলগত অগ্রাধিকারের অংশ হিসেবেই থাকবে। দ্বিতীয়ত, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার আন্তর্জাতিক পর্যায়ে যে রাজনৈতিক ও অর্থনৈতিক আস্থার সংকেত খুঁজছিল, এই সফর তা অনেকাংশে এনে দিয়েছে। আর তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণবাংলাদেশ নিজেই এখন একটি নতুন পরীক্ষার মুখোমুখি। কারণ প্রতিশ্রুতি আদায় করা যত সহজ, তা বাস্তবায়নের পরিবেশ তৈরি করা ততটাই কঠিন।

চীনের দৃষ্টিকোণ থেকে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সম্পর্কের ধারাবাহিকতা নিশ্চিত করা। দ্বিপক্ষীয় গতিপথে কোনো পরিবর্তন আনা নয়। চীন সেটি পরিষ্কারভাবে প্রকাশ করেছে এবং সফলতার সঙ্গে অর্জনও করেছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ঐতিহাসিক ঢাকা সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে। অবকাঠামো, জ্বালানি, শিল্পাঞ্চল, বন্দর, সেতু, যোগাযোগপ্রায় প্রতিটি বড় উন্নয়ন খাতে চীনের উপস্থিতি ক্রমাগত বেড়েছে। এই সম্পর্কের বৈশিষ্ট্য হলো, বেইজিং সাধারণত সরকার পরিবর্তনের চেয়ে রাষ্ট্রের ধারাবাহিকতাকেই বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ চীন বিএনপিকে সমর্থন দেয়নি, বরং বাংলাদেশকে তার দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবেই পুনরায় নিশ্চিত করেছে।

এই বিষয়টি আমাদের পণ্ডিত ও নীতিনির্ধারকদের পরিষ্কারভাবে অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেকে সফরটিকে বিএনপির প্রতি চীনের রাজনৈতিক সমর্থন হিসেবে ব্যাখ্যা করতে চাইবেন। কিন্তু বাস্তবে চীন ব্যক্তি বা দল নয়, রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ফলে নতুন বিনিয়োগ, ঋণ প্রতিশ্রুতি এবং নতুন সমঝোতা স্মারকগুলো মূলত এই বার্তাই দেয় যে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক অব্যাহত রাখাই বেইজিংয়ের অগ্রাধিকার। তবে এটিও সত্য যে এই ধারাবাহিকতাই বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জনে পরিণত হয়েছে।

ক্ষমতায় আসার পর বিএনপিকে স্পষ্ট বা প্রচ্ছন্নভাবে আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সেটি হলো বিএনপি সরকার কতটা গ্রহণযোগ্য, কতটা স্থিতিশীল এবং বড় শক্তিগুলো তার সঙ্গে দীর্ঘ মেয়াদে কাজ করতে কতটা আগ্রহী।

চীন সফরকালে তারেক রহমানের সরকারের প্রতি বেইজিংয়ের উচ্চ পর্যায়ের গ্রহণযোগ্যতা এবং উল্লেখযোগ্য আর্থিক প্রতিশ্রুতি সেই প্রশ্নের অন্তত আংশিক উত্তর দিয়েছে। বিনিয়োগের অঙ্ক যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এর রাজনৈতিক বার্তা।

আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি এক ধরনের আস্থার বার্তা বহন করে। অর্থাৎ একটি বড় শক্তি বর্তমান সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত। এটি বিএনপির জন্য নিঃসন্দেহে একটি কূটনৈতিক সাফল্য। কিন্তু এখানেই শুরু হচ্ছে নতুন বাস্তবতা।

এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা। কিন্তু এই সফরের পর সেই চ্যালেঞ্জ অনেকটাই বদলে গেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি সেই বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক সক্ষমতা, নীতিগত ধারাবাহিকতা ও ব্যাবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? এই অর্থে বলা যায়, সফরটি চীনের জন্য যতটা সুযোগ সৃষ্টি করেছে, বাংলাদেশের জন্য ততটাই পরীক্ষা তৈরি করেছে। চীন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব এখন বাংলাদেশের।

এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের বর্তমান অর্থনীতি এখনো চাপের মধ্যে রয়েছে। বৈদেশিক মুদ্রা মজুদের ওপর চাপ, রাজস্ব ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, নীতিগত অনিশ্চয়তা ও আমলাতান্ত্রিক জটিলতা বড় প্রকল্প বাস্তবায়নের পথে বাস্তব বাধা হয়ে দাঁড়াতে পারে। চীন বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু সেই বিনিয়োগ টেকসই হবে কি না, তা নির্ভর করবে বাংলাদেশের নিজস্ব সক্ষমতার ওপর। তিস্তা ইস্যুও এই বাস্তবতাকে স্পষ্ট করেছে।

সফরের আগে অনেকেই আশা করেছিলেন, তিস্তা প্রকল্পে বড় ধরনের কৌশলগত ঘোষণা আসবে। কিন্তু বাস্তবে বিষয়টি সমঝোতা স্মারকের সীমার মধ্যেই রয়ে গেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত প্রসঙ্গে প্রশ্ন করা হলে চীন অত্যন্ত সতর্ক ভাষা ব্যবহার করেছে। বেইজিং কোনোভাবেই এই প্রকল্পকে ভারতবিরোধী ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উপস্থাপন করতে চায়নি। অর্থাৎ চীন নিজেই ভারতকে অপ্রয়োজনীয়ভাবে উসকে দেওয়া থেকে বিরত থেকেছে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তিস্তা শুধু একটি নদী ব্যবস্থাপনার প্রশ্ন নয়, এটি বহুদিন ধরেই রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। বিএনপি ও তাদের সমর্থকমহলের একটি বড় অংশ ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এসেছে। তিস্তা, সীমান্ত, পানিবণ্টন, বাণিজ্য ভারসাম্যএসব ইস্যু সেই রাজনৈতিক বয়ানের গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ভারতও গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই নতুন কোনো ইস্যু সামনে চলে এসেছে। কখনো সীমান্ত, কখনো রাজনৈতিক বক্তব্য, কখনো সংখ্যালঘু প্রশ্ন, আবার কখনো অভ্যন্তরীণ রাজনীতিএকটি সমস্যা শেষ না হতেই আরেকটি সামনে চলে আসছে।

ফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেকটা ইংরেজিতে যাকে বলে হোয়্যাক আ মোল খেলায় পরিণত হয়েছে! একটি সংকট সামলাতে না সামলাতেই আরেকটি সংকট মাথাচাড়া দিয়ে উঠছে।

এই বাস্তবতায় চীনের উপস্থিতি, চীনের বাড়ন্ত বিনিয়োগ ও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে আরো গভীর সংযোগ ভারতের কৌশলগত উদ্বেগ আরো বাড়াবেএটিই স্বাভাবিক। তবে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তুলনামূলকভাবে কম আলোচিত দিকটি অন্যত্র। বাংলাদেশ এরই মধ্যে এমন কিছু আন্তর্জাতিক অঙ্গীকার ও সমঝোতায় যুক্ত হয়েছে, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক কৌশলগত বোঝাপড়ার, যা ভবিষ্যতে চীন-বাংলাদেশ সম্পর্ক পরিচালনাকে আরো জটিল করে তুলতে পারে।

ইন্দো-প্যাসিফিক ভূ-রাজনীতি, প্রযুক্তিগত সহযোগিতা, নিরাপত্তা, বাণিজ্য ও সামুদ্রিক কৌশলএসব ক্ষেত্রের বিভিন্ন অঙ্গীকার একসময় পারস্পরিক ভারসাম্য রক্ষার কঠিন পরীক্ষায় পরিণত হতে পারে।

চীন এসব সম্বন্ধে অবগত। তবু তারা বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এর অর্থ হলো, বেইজিং এখন বাংলাদেশের কাছ থেকে আরো বেশি নীতিগত ধারাবাহিকতা, কৌশলগত স্বচ্ছতা ও প্রতিশ্রুতি রক্ষার সক্ষমতা প্রত্যাশা করবে। অর্থাৎ চীন শুধু অর্থ বিনিয়োগ করেনি, তারা তাদের কৌশলগত আস্থাও বিনিয়োগ করেছে। এখন সেই আস্থার প্রতিদান দেওয়ার দায়িত্ব বাংলাদেশের। সফরের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এখানেই।

বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। চীন তাদের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। ভারতের উদ্বেগ দূর হয়নি, বরং নতুন মাত্রা পেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই সফরের সাফল্য নির্ধারণ করবে বাংলাদেশ নিজেই। কারণ কূটনৈতিক সফরে প্রতিশ্রুতি ঘোষণা করা সহজ, কিন্তু সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে লাগে দক্ষ প্রশাসন, নীতিগত স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং অত্যন্ত সূক্ষ্ম কৌশলগত ভারসাম্য রক্ষার ক্ষমতা।

চীন তার ধারাবাহিকতা নিশ্চিত করেছে। বিএনপি তার কাঙ্ক্ষিত আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ অর্জন করেছে। কিন্তু এখন শুরু হয়েছে আসল পরীক্ষা! সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে এই সফর ইতিহাসে বড় অর্জন হিসেবে নয়, বরং অপূর্ণ সম্ভাবনার আরেকটি অধ্যায় হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।

 

লেখক :  রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক

প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে

এ কে এম আতিকুর রহমান

প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর শুরু হয় ২১ জুন, যেদিন তিনি একই সঙ্গে মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। মালয়েশিয়া সফর শেষে ২২ জুন সফরের দ্বিতীয় ধাপে তিনি চীনের দালিয়ানে পৌঁছেন এবং সেখানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নিউ চ্যাম্পিয়নসের ১৭তম বার্ষিক সভায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী দালিয়ান ফোরামে অংশগ্রহণ শেষে ২৪ জুন বিকেলে রেলযোগে বেইজিংয়ে পৌঁছেন। সেখানে অবস্থানকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন। ২৬ জুন বিকেলে তিনি ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করেন।

দুই.

২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের আগে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেন। আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়; যেমনঅর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং খোলা মনে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে চীন বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করে। রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা হয়েছে এবং এ বিষয়ে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিষয়ক উল্লেখযোগ্যসংখ্যক ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। সই হওয়া সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে বিনিয়োগ সহায়তা, জিডিআই, মানবসম্পদ উন্নয়নে সহায়তা, চীনের ভাষাশিক্ষা এবং গণমাধ্যমের নানা পরিসরে সহায়তা। বিনিয়োগ সহযোগিতায় চারটি চুক্তি ও বিনিয়োগ প্রতিশ্রুতি, গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ডিফারেন্ট কো-অপারেশন প্ল্যান, বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানি, চীনের ভাষা ম্যান্ডারিন স্কুল কারিকুলামে যুক্ত করা এবং টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন কো-অপারেশনে পৃথক দুটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যেও একটি সমঝোতা স্মারক সই হয়।

তিন.

প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবেপ্রধানমন্ত্রী ২৬ জুন সকালে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তাঁদের আলোচনায় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি, বিশেষ করে স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও শিক্ষা, স্থানীয় সরকার পর্যায়ে বিনিময় ও সহযোগিতা জোরদার, আঞ্চলিক ভূ-রাজনীতি, বাণিজ্য, বিনিয়োগ, দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারি ইত্যাদি গুরুত্ব পায়। চীনের প্রেসিডেন্ট বলেন, চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী ও অংশীদার হিসেবে পাশে থাকবে এবং উভয় দেশের মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়গুলোতে পরস্পরকে সমর্থন অব্যাহত রাখবে। তিনি বাংলাদেশের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করতে চীন-মায়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়ে চীনের সহযোগিতার কথা জানান। তিনি জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করার ব্যাপারে চীনের আগ্রহের কথাও উল্লেখ করেন। ওই দিন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি। তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়াদি ছাড়াও রাজনৈতিক সহযোগিতা নিয়ে কথাবার্তা হয়।

২৫ জুন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়। চীনের পানিসম্পদমন্ত্রী এসব বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সেদিন প্রধানমন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গেও দলীয় পর্যায়ে বৈঠক করেন। লিউ হাইশিং বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চীনে অবস্থানকালে বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের উন্নয়নযাত্রায় আরো কার্যকর অবদান রাখার আগ্রহ দেখান। প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে আরো দেখা করেন চীনভিত্তিক বৈশ্বিক প্রতিষ্ঠান মেগা রিচ ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা অংশীদার কেভিন উ, দেশটির শীর্ষস্থানীয় টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা গ্রুপের চেয়ারম্যান হান চুন এবং শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান চেরি গ্রুপের প্রেসিডেন্ট ইন টংইউয়ে।

চার.

সফরকালে তারেক রহমান ২৫ জুন বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি চীনা কম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক বিস্ময় রচনায় যৌথ রূপকার হতে বাংলাদেশে তাদের মূল্যশৃঙ্খল সম্প্রসারণের আহবান জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধার বিস্তৃত বর্ণনা দিয়ে বলেন, বাংলাদেশে বিনিয়োগ করে তারা যথাযথ মূল্যায়ন পাবে এবং এ অঞ্চলের সম্ভাবনাগুলোকে দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমৃদ্ধিতে রূপান্তর করা সম্ভব হবে। তিনি আরো বেশি চীনা কম্পানিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, আসুন, সমমর্যাদার অংশীদারির ভিত্তিতে আমরা একসঙ্গে সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করি।

পাঁচ.

প্রধানমন্ত্রী ২৩ জুন সকাল ১০টায় চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) নিউ চ্যাম্পিয়নসের ১৭তম বার্ষিক সভায় অংশগ্রহণ করেন। তিনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু সম্পর্কিত ঝুঁকির মুখে থাকা বাংলাদেশসহ বদ্বীপ অঞ্চলের অন্যান্য দেশকে সহায়তা করার জন্য ফোরামকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান জানান। ওই সম্মেলনের ফাঁকে তিনি ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জুইংগির সঙ্গেও বৈঠক করেন। তিনি বাংলাদেশের নদ-নদীতে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় তাঁর পরিকল্পনার কথা অবহিত করে বলেন, বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দিতে কর প্রণোদনা চালু করেছে এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলোইস জুইংগি জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করার আশাবাদ ব্যক্ত করে আশ্বাস দেন যে বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হবে। এ ছাড়া তিনি ফোরামের পক্ষ থেকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বৈঠকে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করে স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপন এবং রাজনৈতিক, ব্যাবসায়িক ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করাসহ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনার উল্লেখ করেন। বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী ওলজাস পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন চান।

ছয়.

সব বৈঠকেই উভয় পক্ষের মধ্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে খোলামেলা আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। চীন ও বাংলাদেশ এবং তাদের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরো সম্প্রসারিত, জোরদার ও বহুমুখী করার অঙ্গীকার করা হয়। এই সফরে নেওয়া সিদ্ধান্তগুলো যেমন বাংলাদেশ ও তার মানুষের অর্থনৈতিক উন্নয়নের গতিকে বেগবান করার সুযোগ সৃষ্টি করবে, তেমনি বাংলাদেশ-চীন সম্পর্ককে আরো গভীর ও বহুমাত্রিক করার ক্ষেত্রে প্রত্যাশিত আলো দেখাবে। উভয় দেশ বিদ্যমান সুযোগ-সুবিধা ব্যবহার করে লাভবান হওয়ার পথগুলোর দিকে দৃষ্টি দিলে তা উভয় অর্থনীতির জন্য ইতিবাচক হবে। দুই দেশের নেতাদের আলোচনাকে বাস্তবতায় রূপ দিতে পারলে গ্লোবাল সাউথ ও আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা বাড়বে, যা এশীয় শিল্প চেইন ও বহুপক্ষীয় ব্যবস্থায় বাংলাদেশের অন্তর্ভুক্তিকে সহজতর করবে।  

এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান উভয় দেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও চীনের সঙ্গে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারকে অত্যন্ত দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে চীন তার অঙ্গীকার থেকে বিচ্যুত হবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট শি চিনপিং। এই সফরের ফলে কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্পের পাশাপাশি দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে, তেমনটিই প্রত্যাশা করা যায়। 

লেখক : সাবেক রাষ্ট্রদূত ও সচিব