ক্রীড়া প্রতিবেদক : জয়ের জন্য প্রতিটি পয়েন্টে লড়াই করতে হয়েছে। কখনো এগিয়ে যাওয়া, কখনো পিছিয়ে পড়া—এভাবেই জমে উঠেছিল পাঁচ সেটের নাটকীয়তা। শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে নেপালকে হারিয়ে শেষ হাসি বাংলাদেশেরই। এতে কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় জয়ের দেখা পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
গতকাল রবিবার নেপালের বিপক্ষে প্রথম সেট থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ দিকে ছন্দ হারিয়ে ২৫-১৮ ব্যবধানে সেটটি হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে শুরু থেকেই দাপট দেখিয়ে ঘুরে দাঁড়ায় তারা। শেষ দিকে নেপাল চাপ তৈরি করলেও ২৫-১৯ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। তৃতীয় সেটে লড়াই আরো জমে ওঠে। এক পর্যায়ে সমানে সমান লড়াই হলেও শেষ পর্যন্ত ২৫-২১ ব্যবধানে সেটটি নিজেদের করে নেয় নেপাল। চতুর্থ সেটে আবারও পাল্টা আক্রমণ চালায় বাংলাদেশ। মাত্র দুই পয়েন্টের ব্যবধানে (২৫-২৩) সেট জিতে ম্যাচ গড়ায় পঞ্চম ও নির্ধারণী সেটে। শেষ সেটে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে ১৫-১১ ব্যবধানে সেট জিতে ৩-২ ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় তারা। এর আগে উজবেকিস্তান ও কাজাখস্তানকে হারালেও পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।