বিশেষ অ্যাপস ও সফটওয়্যার সংযুক্ত দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী ৩২টি স্মার্টফোন বিতরণ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গত মঙ্গলবার আন্দরকিল্লার নগর ভবনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে এসব মোবাইল ফোন সেট দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে তুলে দেন। এ উপলক্ষে ইপসার উদ্যোগে ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপসার কো-অর্ডিনেটর নাসিম বানু শ্যামলী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ইপসা প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে।’ তিনি দৃষ্টিপ্রতিবন্ধীদের আগ্রহ অনুযায়ী বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও মুক্তিযুদ্ধবিষয়ক বই তাদের পড়ার উপযোগী করতে ডিজিটাল টকিং বুকে রূপান্তরে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন। ইপসার প্রোগ্রাম অফিসার ওমর সাহেদ হিরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তামাকবিরোধী সাংবাদিক জোটের (আত্মা) আহ্বায়ক আলমগীর সবুজ ও লতিফা আনসারী রুনা। শুরুতে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রযুক্তির ব্যবহার নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর ভট্টাচার্য।