কানাঘুষা আগেই ছিল। ট্রেলার মুক্তির পরেই জোর আলোচনা। বাংলায় ‘গেম অব থ্রোনস’? এটা সম্ভব? কিন্তু ‘অগ্নিজল’-এর সেট, মেকআপ আর অ্যাকশনের প্রমো বাংলা টিভি দর্শকদের তাক লাগিয়ে দিতে যথেষ্ট ছিল। সেটা ‘গেম অব থ্রোনস’-এর সঙ্গে মিল থাকুক আর নাই থাকুক। প্রমো ছাড়াও জনপ্রিয় ইংরেজি টিভি শোর সঙ্গে মিল থাকার গুজবের আরেক ভিত্তি নামের মিল। ‘গেম অব থ্রোনস’-এ যে বই অবলম্বনে তৈরি সেটার নাম ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’। যা ‘অগ্নিজল’-এর ইংরেজি। কার সঙ্গে কতটা মিল আছে সে প্রশ্নের উত্তর জানে প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তাদের পক্ষে চিত্রনাট্যকার সাহানা বললেন, “এটা কোনোভাবেই ‘গেম অব থ্রোনস’-এর বাংলা নয়। কেন যে এটা সবাই বলছে বুঝি না।” সে যাই হোক কস্টিউম, সেট আর কম্পিউটার গ্রাফিকস দিয়ে প্রমো তাক লাগানো ‘অগ্নিজল’কে বলা হচ্ছে সবচেয়ে বড় বাজেটের বাংলা টিভি সিরিজ। সাহানা অবশ্য বলছেন, ‘সবচেয়ে বেশি বাজেটের কি না সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তবে হ্যাঁ, টিভি সিরিজে এত অর্থলগ্নি কেউ সাধারণত করে না। পিরিয়ড পিস হওয়ার কারণে এটার খরচ এমনিতেই অন্য সিরিজের চেয়ে বেশি।’ পরিচালক অনুপম বলছেন, ‘সিরিজটির জন্য যত বড় আয়োজন সেটা সাধারণত সিনেমায়ই দেখা যায়। পিরিয়ড পিস হওয়ায় মেকআপও খুবই গুরুত্বপূর্ণ। একেকজন শিল্পীর মেকআপেই চার-পাঁচ ঘণ্টা চলে যাচ্ছে।’ পিরিয়ড পিস তো বোঝা গেল, গল্পটা কী? পরিচালক বলছেন, ‘এক বাক্যে বললে প্রেমের কাহিনী। রাজনীতি, ধর্মনীতির টানাপড়েনে প্রেমের গল্প কিভাবে বাধাপ্রাপ্ত হয় সেটাই দেখা যাবে।’ প্রধান চরিত্র তিনটি। নায়িকা দেবদাসী সৌরজা। যে চরিত্র করেছেন টিভির জনপ্রিয় মুখ টুম্পা ঘোষ। নায়ক রাজা দেবদক্ষ হয়েছেন রোহিত সামন্ত। আর খলনায়ক ধীরত্ন-র ভূমিকায় সুদীপ মুখোপাধ্যায়। এ ছাড়া অন্য পার্শ্ব চরিত্রগুলোতে চমক হিসেবে থাকবেন কয়েকজন বড় তারকাও। এত বড় আয়োজনের একটি সিরিয়ালে কাজ করতে গিয়ে রোমাঞ্চিত অভিনেতা-অভিনেত্রীরাও। রোমাঞ্চের সঙ্গে আছে যন্ত্রণাও। এই টুম্পা যেমন কস্টিউম সামলেই নাজেহাল। ‘শুধু গয়নার ওজনই পাঁচ কেজি হবে। পোশাকের কথা না হয় নাই বললাম। এগুলো পরে শুটিং বিশেষত নাচের দৃশ্যগুলো করতে জান বেরিয়ে যাচ্ছে।’ এ ছাড়া সিরিয়ালে বড় চমক থাকবে কম্পিউটার গ্রাফিকসেও। খরচ বাড়ার সেটাও একটা কারণ। প্রথম পর্বেই নাকি অন্তত ১৮ মিনিট গ্রাফিকস থাকছে! দর্শকদের চমকে দিতেই এ আয়োজন, বলছেন পরিচালক। ‘অগ্নিজল’ দেখা যাবে ২১ নভেম্বর থেকে সোম থেকে শনি রাত ৮টা ৩০ মিনিটে।