প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। জাহিদ প্রীতমের ওয়েব ছবি ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সপ্তম ছবি এটি। সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব—এই তিনটি বিষয়কে এক সুতায় বাঁধা হয়েছে গল্পে। জাহিদ প্রীতম বলেন, ‘কাছাকাছি সময়ের দুটি মানুষের গল্প এটা। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবে, তার একটা প্রতিফলন পাওয়া যাবে ছবিতে।’ আরিফিন শুভ বলেন, ‘রম-কম ঘরানার ছবি এটা। শুধু বলার জন্য বলা না, এ রকম চরিত্রে আগে কাজ করিনি। দর্শক আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে পাবেন না।’
এরশাদকে রক্ত দিলেন সাইফ
প্রথমবার শুভ-পায়েল

অল্প কথায়
জীবনানন্দের ‘মাল্যবান’ মঞ্চে ‘সম+সার’

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি জীবনানন্দ দাশের উপন্যাস ‘মাল্যবান’ অবলম্বনে থিয়েটার দল শূন্য এনেছে মঞ্চনাটক ‘সম+সার’। আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। জীবনানন্দ দাশের মৃত্যুর পর ১৯৭০ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘মাল্যবান’। নাটকটির পাণ্ডুলিপি সম্পাদনা, প্রয়োগ ভাবনা ও নির্দেশনায় রয়েছেন খন্দকার রাকিবুল হক। নির্দেশক জানান, উপন্যাসে মাল্যবানের দৃষ্টিকোণ থেকে গল্পটি এগোলেও মঞ্চনাটকে স্বামী ও স্ত্রী উভয় চরিত্রের অবস্থানকে সমান গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। আগামীকাল একই মঞ্চে [বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা] নাটকটির দ্বিতীয় ও তৃতীয় মঞ্চায়ন হবে।
আপনার এলাকার খবর নিচ্ছেন তো?

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়িসহ দেশের বেশ কয়েকটি জেলার মানুষের জীবন বন্যায় বিপর্যস্ত। এই অঞ্চলের অনেকেই জীবিকার তাগিদে বিভিন্ন শহরে আছেন। প্রাকৃতিক এই দুর্যোগের সময়ে নিজের আপনজনদের খবর নিচ্ছেন তো তাঁরা? এসব অঞ্চলের অনেকেই আছেন শোবিজে। তাঁরাও কি নিজের বেড়ে ওঠার স্থান, বন্যাকবলিত স্বজনদের খোঁজ নিয়েছেন? শুনেছেন হৃদয় সাহা
নগর পরিকল্পনা এবং তার বাস্তবায়ন জরুরি
এলিটা করিম সংগীতশিল্পী
আমার বেশির ভাগ আত্মীয়-স্বজনই চট্টগ্রামে বসবাস করে। আমার পরিচিত, আত্মীয়-স্বজনের অনেকেই বন্যায় দুর্বিষহ জীবন যাপন করছে। তাদের জন্য আমিও দুশ্চিন্তায় ছিলাম, কে কিভাবে আছে, তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তবে আমার একটা কথা আছে, প্রতিবছরই বন্যা হয়, এটা প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু এই নিয়ে আমাদের কর্তৃপক্ষের পরিকল্পনা আসলে বুঝতে পারি না। একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা নেমে আসে, মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহায়ে অফিসে যায়, বাচ্চারা পরীক্ষা দেয়। নিচতলায় যারা থাকে তাদের সবার বাসায় পানি উঠেছে। নগর পরিকল্পনাকে উপেক্ষা করেই যে যার মতো করে বাড়ি বানাচ্ছে, ড্রেনেজ ব্যবস্থাও ঠিক নেই। শহরের বুকে বেয়ে চলা খাল, পুকুর সব ভরাট হয়ে গেছে। এই দুর্ভোগ থেকে বাঁচার জন্য সুন্দর পরিকল্পনা এবং তার বাস্তবায়ন জরুরি।
ত্রাণ হচ্ছে সাময়িক সমাধান
ইরফান সাজ্জাদ অভিনয়শিল্পী
চট্টগ্রামে আমাদের যে এলাকা, সেটা বেশ উঁচু। আগে কখনোই পানি ওঠেনি, এবারই প্রথম প্লাবিত হলো মোহরা। বন্যার প্রথম অভিজ্ঞতা হলো। তা-ও দীর্ঘদিন ধরে পানি আটকে ছিল। এলাকার ছোট ভাইয়েরা মিলে ময়লায় ভরাট হয়ে থাকা খালগুলো পরিষ্কার করে, স্লুইসগেটগুলো খুলে দেয়, তখন ধীরে ধীরে পানি নামতে থাকে। আমাদের এলাকায় পাকা ঘর থাকায় দুর্যোগ-পরবর্তী সমস্যা মোকাবেলায় অত অসুবিধা হবে না। কিন্তু বাঁশখালী, সাতকানিয়ার দুর্গম এলাকায় কিংবা গ্রামের অবস্থা ভয়াবহ হবে। প্রতিবারই বন্যায় সেখানকার বাসিন্দারা বিপর্যয়ে পড়ে। কিন্তু তাদের সঠিকভাবে পুনর্বাসন করা হয় না। এসব এলাকার মানুষের জাতীয়ভাবে পুনর্বাসন জরুরি। গতবারের বন্যায় অনেক ত্রাণ উঠল, কিন্তু ভুক্তভোগীদের কাছে সঠিকভাবে তা পৌঁছেছে কি না সেই তথ্য কেউ দিতে পারেনি। ব্যক্তিগতভাবে দেশের প্রাইম মিডিয়াগুলো নিয়েও ক্ষোভ আছে আমার। ফেনী, কুমিল্লার বন্যার সময় মিডিয়া যেভাবে কাভারেজ দিয়েছিল, চট্টগ্রাম সেভাবে কাভারেজ পায়নি। তাই অনেক মানুষ জানতে পারেনি। এবারের বন্যায় প্রথম কয়েক দিন তো কোনো ত্রাণই আসেনি, পরে বিভিন্ন দাতব্য সংস্থা যুক্ত হয়, আমিও তাদের সঙ্গে যুক্ত হয়েছি। তবে ত্রাণ হচ্ছে সাময়িক সমাধান, বন্যা যেন আর না হয় সেটার সমাধান করতে হবে আমাদের। নইলে প্রতিবছর বন্যা হবে, মানুষের মৃত্যু বাড়বে, ভোগান্তি বাড়বে।
প্রতিবছর বানভাসি মানুষের এই আর্তনাদ মেনে নেওয়া কষ্টকর
কিশোর দাস সংগীতশিল্পী
আমি ইউরোপে সংগীত সফরে ছিলাম, গতকালই [মঙ্গলবার] দেশে এসেছি। আমার জন্মস্থান সীতাকুণ্ড। সেখানে জল এখন আর অস্বাভাবিক অবস্থায় নেই। তবে টানা বৃষ্টিপাতে জল বেড়ে গিয়েছিল। ইউরোপে বসেই চট্টগ্রামে অস্বাভাবিক বন্যা হওয়ার খবর শুনে মন খুব খারাপ হয়েছে। যারা পরিচিত ছিল সবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছিল বাঁশখালীর মানুষ। প্রতিবছর বানভাসি মানুষের এই আর্তনাদ মেনে নেওয়া কষ্টকর। প্রতিবছরই বন্যা হচ্ছে। বন্যা প্রাকৃতিক দুর্যোগ, এটা মেনে নিয়েই আমাদের পরবর্তী পরিকল্পনাগুলো নিতে হবে।
ত্রাণ যথাসময়ে পৌঁছেনি
নাবিলা ইসলাম অভিনয়শিল্পী
আমার বাসা মেহেদীবাগে। উঁচু হওয়ায় এখানে পানি জমেনি। শহরজুড়ে আমাদের অন্য আত্মীয়-স্বজন যারা আছে, বিশেষ করে যারা নিচতলায় বসবাস করে, তারা বেশ কয়েক দিন পানিবন্দি ছিল। যত দিন তারা পানিবন্দি ছিল তত দিন দুর্ভোগের মধ্যেই ছিল। বাঁশখালী, সাতকানিয়া, কক্সবাজারে বেশ বন্যা হয়েছে। এবার বন্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাবার্তা সেভাবে হয়নি, যার কারণে ত্রাণসামগ্রী কম পৌঁছেছে। অনেক জায়গায় যথাসময়ে ত্রাণ পৌঁছেনি। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পেরেছি, করেছি।
এখন কিছুটা উন্নতির দিকে
কমর উদ্দিন আরমান স্ট্যান্ডআপ কমেডিয়ান
আমার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়, এখানেই থাকি। বেশ কয়েক দিন ধরে বন্যাকবলিত ছিলাম। এখন কিছুটা উন্নতির দিকে। তবে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যাদের মাছের ঘের ছিল সেটা ভেসে গেছে। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল—সব মিলিয়ে হয়েছে বন্যাটা। আমার একটা রেস্টুরেন্ট আছে, সেখানেও ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ আসছে, কিন্তু ওই ক্রিটিক্যাল সময়ে ত্রাণ একেবারেই আসেনি। যারা ত্রাণ নিয়ে এসেছে, রাস্তার পাশে যাকে পেয়েছে দিয়ে চলে গেছে, দুর্গম এলাকায় যায়নি। দেখা গেল, একজনই একাধিকবার ত্রাণ পেয়েছে, অন্যরা পায়নি। আমিও সাধ্যমতো ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি।
অন্তর্জাল
রাইড অর ডাই

অ্যামাজান প্রাইম ভিডিওতে আজ এসেছে আমেরিকান রহস্য-কমেডি সিরিজটি। দুই বন্ধুর গল্প। বিশ বছরেরও বেশি সময়ের বন্ধু ডেবি ক্লেবোর্ন এবং জুডিথ বার্টন। উভয়েই মনে করত, তাঁরা একে অপর সম্পর্কে সবই জানেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক খুনি জুডিথের গোপন জীবনের একটি মিশন ব্যর্থ হয়। এর রেশ ধরে দুই বন্ধু জড়িয়ে পড়ে ইউরোপজুড়ে এক রুদ্ধশ্বাস সড়ক অভিযানে। অভিনয়ে অক্টাভিয়া স্পেন্সার, হানা ওয়াডিংহ্যাম, বিল নাই, এড স্ক্রেইন প্রমুখ।
