ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার পতনডোবা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মিরা (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মিরা উপজেলার পতনডোবা গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, রাতে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় মিরাকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর শুক্রবার দুপুরে মিরার ঘর থেকে ওই সাপটি উদ্ধার করে প্রতিবেশী লোকজন মেরে ফেলে।

