• ই-পেপার

মানহানিকর সংবাদ সম্পাদক কারাগারে

সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর এলাকার পতনডোবা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মিরা (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মিরা উপজেলার পতনডোবা গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, রাতে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় মিরাকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর শুক্রবার দুপুরে মিরার ঘর থেকে ওই সাপটি উদ্ধার করে প্রতিবেশী লোকজন মেরে ফেলে।

 

আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, পরে আটক

পঞ্চগড় প্রতিনিধি
আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, পরে আটক

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত থেকে চার আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও পরে আবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় চারজন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আহত হন। আসামিরা হলো জেলা শহরের রাজনগর এলাকার জয়নাল, শাহেন শাহ, পুরনো ক্যাম্প এলাকার হাসিবুর রহমান ও দীপু ইসলাম (৩৭)। মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে টাস্কফোর্স মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ২০-২৫ জন লোক তাদের ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের আবারও আটক করা হয়। পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোটরসাইকেল উদ্ধারের পর পুলিশকে মারধর

কেশবপুর (যশোর) প্রতিনিধি
মোটরসাইকেল উদ্ধারের পর পুলিশকে মারধর

কেশবপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর সেটি থানা হেফাজতে নেওয়ার সময় পুলিশের ওপর হামলা করা হৃয়ৃছ। গতকাল শুক্রবার উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে চুরি হয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় মোটরসাইকেল মালিক ও তাঁর সঙ্গীরা মোটরসাইকেলটি তাঁদের হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম তাঁদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি নিতে বললে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে তাঁরা নজরুল ইসলামের ওপর চড়াও হন। কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

দ্রুতযান ট্রেনের ছাদে মিলল যুবকের লাশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
দ্রুতযান ট্রেনের ছাদে মিলল যুবকের লাশ

ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ট্রেনটি বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছলে রেলওয়ে থানা পুলিশ তাঁর মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত নগর ট্রেন সান্তাহার জংশন স্টেশনে পৌঁছলে ট্রেনটির ছাদে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্টেশনে থাকা যাত্রীরা। রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে।