• ই-পেপার

গোলাপজলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছাড়লেন সমর্থক

বনদস্যুর ডেরা থেকে পালিয়ে ফিরলেন জেলে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বনদস্যুর ডেরা থেকে পালিয়ে ফিরলেন জেলে

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু জোনাব বাহিনীর ডেরা থেকে পালিয়ে নূরুজ্জামান শেখ (৪৫) নামের এক জেলে নিজ বাড়িতে ফিরেছেন। তিনি উপজেলা কালিঞ্চি গ্রামের আহমেদ শেখের ছেলে। ফিরে আসা জেলে নূরুজ্জামান জানান, গত ৪ জুন বুড়িগোয়ালিনী বন অফিস থেকে কাঁকড়া ধরার অনুমতি (পাস) নিয়ে সুন্দরবনে প্রবেশ করি। পরদিন গহিন সুন্দরবনে কচুখালী খালে কাঁকড়া ধরার সময় বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাকেসহ অন্য তিন জেলেকে জিম্মি করে। মুক্তিপণের জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা দাবি করে জোনাব বাহিনী। মুক্তিপণ দিয়ে অন্য দুই জেলে বাড়িতে ফিরলেও তাঁকে জিম্মি করে রাখে। এক পর্যায়ে গভীর রাতে সে বনদস্যুর ডেরা থেকে পালিয়ে অন্য একটি জেলে নৌকার সাহায্যে বাড়িতে ফিরে আসেন।

 

পানি স্বল্পতায় কর্ণফুলীর তিনটি ইউনিট বন্ধ

রাঙামাটি সংবাদদাতা
পানি স্বল্পতায় কর্ণফুলীর তিনটি ইউনিট বন্ধ

কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় আবারও কমেছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বর্তমানে এই কেন্দ্রের দুটি ইউনিট চালু রেখে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ দুই দিন আগেও এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট চালু ছিল। যেখান থেকে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট। বর্তমানে এই কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ রয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত কেন্দ্রের শুধু দুটি ইফনিট থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গ্রীষ্মের শুরুতে কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় এই কেন্দ্রে মাত্র একটি ইউনিট চালু রেখে ৩৫-৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। পরবর্তী সময়ে বৃষ্টির কারণে হ্রদে পানি কিছুটা বাড়লে তিনটি ইউনিট চালু করা হয়।

 

সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে জাহাজ চলাচল বন্ধ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে জাহাজ চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌ রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। সাগরে সতর্কসংকেতের কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর গত বুধবার নৌ রুটে জাহাজ চলাচল পুনরায় শুরু হয়। তবে জাহাজের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গতকাল সকাল থেকে আবারও চলাচল বন্ধ হয়ে যায়।

এমভি মালঞ্চের মাস্টার আমির হোসেন বলেন, জাহাজের গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার যাত্রা বাতিল করা হয়েছে। দ্রুত মেরামতের কাজ চলছে।

 

 

শেরপুরে ব্রাজিল দলের সমর্থকদের শোভাযাত্রা

শেরপুর প্রতিনিধি
শেরপুরে ব্রাজিল দলের সমর্থকদের শোভাযাত্রা
ব্রাজিল দলের শুভ কামনায় শেরপুরে আনন্দ মিছিল। ছবি : কালের কণ্ঠ

ব্রাজিল ফুটবল দলের জন্য শুভ কামনায় শেরপুরে মিলনমেলা ও আনন্দ মিছিল করেছে সমর্থকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে মিলনমেলা শেষে আনন্দ শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করা হয়। এ সময় ব্রাজিল দলের জার্সি পরে ভুভুজেলা বাজিয়ে জাতীয় পতাকা এবং ব্রাজিলের পতাকা ও ফেস্টুন নিয়ে নেচেগেয়ে উল্লাস করে সমর্থকরা।

আয়োজকদের অন্যতম ব্রাজিল দলের ভক্ত জাকির হোসেন বলেন, আমরা আশা করছি, এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। দলের শুভ কামনায় আমরা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই মিলনমেলা ও শোভাযাত্রার আয়োজন করেছি। শহরের বিভিন্ন মোড়ে প্রজেক্টরের মাধ্যমে ব্রাজিল দলের খেলাগুলো প্রদর্শনের ব্যবস্থা করা হবে।