• ই-পেপার

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৬২

নান্দাইলে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলের পল্লীতে দুই গ্রামবাসীর মধ্যে চলমান সংঘর্ষ ও বিরোধের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নান্দাইল ইউএনও ফাতেমা জান্নাত এই আদেশ জারি করেন। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার খারুয়া বাজারে দুই শতক জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি, ইটপাটকেল নিক্ষেপ, অস্ত্র প্রদর্শনী ও দাঙ্গা-হাঙ্গামা চলছে। আইন-শৃঙ্খলা বিনষ্টকারী এসব ঘটনা বন্ধে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি মতে ১৪৪ ধারা জারি করা আবশ্যক। নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত জানান, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

পানিতে ডুবে মৃত্যু চারজনের

প্রিয় দেশ ডেস্ক
পানিতে ডুবে মৃত্যু চারজনের

দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত : শরীয়তপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে রিদম (৮) ও রিফাত (৭) নামের মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিদম স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ ফকিরের ছেলের ঘরের নাতি। অন্যদিকে রিফাত একই পরিবারের মেয়ের ঘরের নাতি। জামালপুর: জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমে তাহমিদ হাসান রাফি (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফি বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় এলাকার মুফতি জাকারিয়া ইসলামের ছেলে। তিনি ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর তানভীর (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার।

বিভিন্ন স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ মৃত্যু ৯

প্রিয় দেশ ডেস্ক
বিভিন্ন স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ মৃত্যু ৯

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন, গাইবান্ধায় মা-ছেলে, ময়মনসিংহে দুজন মারা গেছেন। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রপাতে এক রাখাল, দুই গৃহবধূ, এক কিশোর এবং এক কিশোরীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাগুলো ঘটে। মৃতরা হলেন সদরের আতাহার গ্রামের মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ (১৭), শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের দুবাইপ্রবাসী আব্দুর রবের স্ত্রী মাহমুদা বেগম (১৯), একই ইউনিয়নের রানীবাড়ি বাজারপাড়া গ্রামের কাশেমের মেয়ে সাদিয়া (১৬), শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের ফিটুর ছেলে মেসবাহুল ওরফে মেসবাবাবুর (১৪) এবং নাচোলের ফতেপুর ইউনিয়নের লাহাবাড়ি গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমিয়ারা বেগম (৪০)। নাচোলের ঘটনায় আহত হয়েছেন জিয়াউর রহমান (৩৬) নামের এক ব্যক্তি।

সদর থানার ওসি একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান, নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গাইবান্ধা : সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় ঘটনাটি ঘটে। মৃতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী দাস (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

স্থানীয়রা জানায়, সোহাগ ঢাকায় চাকরি করতেন এবং এবার ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শেষ বিকেলে হঠাৎ বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তিনি মা কল্পনা রানীর সঙ্গে বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড় তুলতে যান। এক পর্যায়ে বজ্রপাতে মা-ছেলে দুজন বজ্রপাতের শিকার হন। মান্দুরা গ্রামের ইউপি সদস্য সাহিন আলম জানান, বজ্রপাতে আহত মা-ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা গাইবান্ধা জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই মা ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এ এস এম খালেকুল আজাদ (৫৬) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের মৃত হাজি ইউসুফ আলীর ছেলে। খালেকুল উপজেলার গাবতলী ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার রৌয়ারচর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল সিয়ামুল ইসলাম সিয়াম (২৩) নামের এক যুবকের। গতকাল বৃহস্পতিবার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের মৃত রুকন মিয়ার ছেলে।

 

চকরিয়ায় বন উজাড় বন্ধের দাবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় বন উজাড় বন্ধের দাবি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চকরিয়ায় মানববন্ধনে জলাভূমি দখল, অবাধে বন উজাড় বন্ধ এবং মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানানো হয়েছে। এ ছাড়া মানববন্ধনে পরিবেশ আদালত আইন-২০১০ সংশোধন, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণসংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতেরও দাবি জানানো হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার আয়োজনে এই মানববন্ধন হয়।

গতকাল বৃহস্পতিবার চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গায় এই মানববন্ধনে সনাক চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীলের সভাপতিত্বে টিআইবির ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সহ-দলনেতা পুস্পিতা চৌধুরী।