• ই-পেপার

আবহাওয়া পূ র্বা ভা স

সিরাজগঞ্জ কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য জানান। নিহত আমিনুল ইসলাম লিটন (৪৭) শাহজাদপুর উপজেলার চরবেতকান্দি গ্রামের হাজি শামসুল আলমের ছেলে এবং একই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জেল সুপার রফিকুল ইসলাম বলেন, হাজতি আসামি আমিনুল আগে থেকেই হার্ট ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর সকাল পৌনে ৯টার দিকে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

শেরপুরে কুকুরের কামড়ে আহত ২১

শেরপুর প্রতিনিধি
শেরপুরে কুকুরের কামড়ে আহত ২১

শেরপুরের নকলা উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চারজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনায় পুরো পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ওই কুকুরটিকে কৌশলে আটক করে পিটিয়ে মেরে ফেলে। নকলার ইউএনও ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কুকুরের কামড়ে আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য পৌসভার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

 

শিশুর পা ভাঙার চেষ্টায় মামলা, দুজন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
শিশুর পা ভাঙার চেষ্টায় মামলা, দুজন গ্রেপ্তার

মাধবদীতে রিজিক নামের তিন মাসের শিশুকে পা মুচড়ে দেওয়ার ঘটনায় চাচি লতা বেগমকে (৩২) প্রধান আসামি করে মামলা করা হয়েছে। ঘটনাটি নিজেদের মধ্যে হওয়ায় শিশুটির পরিবার থেকে মামলা দায়েরে আপত্তি থাকায় গতকাল বুধবার প্রবেশন অফিসার রিজা আক্তার মাধবদী থানায় তিনজনকে আসামি করে মামলাটি করেন। আসামিরা হলেন শিশুটির চাচি লতা বেগম, চাচা কাউছার আহম্মেদ ও দাদা আলমাছ মিয়া। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর থেকে চাচি লতা বেগম পলাতক রয়েছেন। এ ঘটনায় পুলিশ কাউছার আহম্মেদ ও আলমাছ মিয়াকে গ্রেপ্তার করেছে। মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, মূল অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

জোড়া খুনের মামলায় আটজনের যাবজ্জীবন

খুলনা অফিস ও পিরোজপুর প্রতিনিধি
জোড়া খুনের মামলায় আটজনের যাবজ্জীবন

খুলনায় দুলাভাই-শ্যালক জোড়া হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

গতকাল বুধবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাবিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক, নুরুদ্দিন মো. রাজু ওরফে ইন্ডিয়ান রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ ওরফে রাজিব, সিদ্দিক, ওয়াসিম ওরফে দাদা ওয়াসিম ও জব্বার। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি দুলাভাই হায়দার ও তাঁর শ্যালক তরিকুল ইসলাম পিকু অভিযুক্তদের হাতে খুন হন। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল আকন ও সোহাগ হাওলাদার। আরেক আসামি ইউসুফ আকনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মজিবুর রহমান এই রায় দেন। জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে অভিযুক্তরা রাকিবুলকে কুপিয়ে হত্যা করেন।