টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে এবার বিশ্ববিদ্যালয়টি ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে। গত বছর প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ১০০১-১৫০০ ব্যান্ডে। গতকাল বুধবার প্রকাশিত এই র্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান মূল্যায়ন করা হয়েছে। এ বছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। শিক্ষা, গবেষণা এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।’

