দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’। বাংলাদেশের গণমাধ্যমে চীন সম্পর্কিত বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল রবিবার ঢাকায় আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজক ও যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় ১০টি সাংবাদিক সংগঠন যৌথভাবে এই পুরস্কারের আয়োজন করছে।
আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে—জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিসিজেএ), টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি), অনলাইন এডিটরস অ্যালায়েন্স, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) ও ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)।
ঢাকার চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই অ্যাওয়ার্ডের সহ-আয়োজক হিসেবে থাকছে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি), ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, এই অ্যাওয়ার্ড প্লাটফর্মটি চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, পেশাগত যোগাযোগ এবং মৈত্রীর বন্ধনকে আরো সুদৃঢ় করবে।
তিনি আরো বলেন, একটা ভালো কাজ, ভালো সদিচ্ছা আমরা ভালো ফলাফল দেখতে সবার সহযোগিতা দরকার। আমি আশা করি, চলতি বছরের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড সবার প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি ভালো ফলাফল পাব।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ তাঁর বক্তব্যে বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন ও সহযোগিতা দিন দিন বাড়ছে। এই অনন্য উদ্যোগটি সাংবাদিকদের আরো মানসম্মত কাজের জন্য উৎসাহিত করবে এবং চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।’
অনুষ্ঠানে আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই পুরস্কারের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক দিকগুলো আরো জোরালোভাবে গণমাধ্যমে উঠে আসবে।
এ বছর মোট চারটি প্রধান বিভাগে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাওয়ার্ডে প্রতিবেদন জমা দেওয়ার নিয়ম ও বিস্তারিত সময়সূচি শিগগিরই সিএমজি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে।