দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে শিশু-কিশোর ও বৃদ্ধসহ সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—
ভোলা : ভোলার লালমোহন উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে জাইমা ও শাহাদাত নামের দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত জাইমা উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার জামশেদের মেয়ে এবং শাহাদাত উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
বগুড়া : বগুড়ায় সুখদহ নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটিয়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরফ সরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।
খুলনা : খুলনার পুলিশ রূপসা নদীতে ভাসমান অবস্থায় অনিল কুমার সাহা (৮০) নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছে। গতকাল বুধবার নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকার রকি ডকের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত অনিল কুমার সাহা নগরীর বেলায়েত হোসেন সড়ক ওয়াপদা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন।
পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার মধ্যে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, গাইবান্ধার উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।
রানীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে সোমাইয়া (৮) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সোমাইয়া রানীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের ওয়াসিমের মেয়ে।