• ই-পেপার

বজ্রাঘাতে ৪ জেলায় মা ছেলেসহ ছয়জনের মৃত্যু

জঙ্গল সলিমপুরে সড়ক দেখতে গেলেন ব্রিগেডিয়ার জেনারেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জঙ্গল সলিমপুরে সড়ক দেখতে গেলেন ব্রিগেডিয়ার জেনারেল

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরের সড়কব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম। তিনি অন্য কর্মকর্তাদের নিয়ে বর্তমান সড়কব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি ওই এলাকায় যোগাযোগব্যবস্থা আরো উন্নত করতে প্রায় সাড়ে তিন ঘণ্টা পাহাড়ি পথ পরিদর্শন করেছেন। গতকাল বুধবার র‌্যাবের একজন শীর্ষ কর্মকর্তা জানান, গত মঙ্গলবার বিকেলে ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলমের সঙ্গে র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন। লে. কর্নেল হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, সলিমপুরের যোগাযোগব্যবস্থা উন্নত হলে প্রশাসনের যাতায়াত সহজ হবে। সন্ত্রাসীদের অবস্থান করার আর সুযোগ থাকবে না।

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হলে মকবুল হোসেন নামের এক কয়েদি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। গতকাল বুধবার হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী নাজমুল হোসেন বলেন, মকবুল হোসেন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মকবুল হোসেনের কয়েদি নম্বর ৬২৩০। তবে তিনি কোন মামলায় কারাভোগ করছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। গত মঙ্গলবার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়। বদলি কর্মকর্তাদের মধ্যে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ হেডকোয়ার্টার্সে, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলামকে এপিবিএনে, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার অমৃত সূত্রধরকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে, র‌্যাবে কমরত সহকারী পুলিশ সুপার আমিরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার দ্বীন-ই-আলমকে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

পানিতে ডুবে সাতজনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
পানিতে ডুবে সাতজনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে শিশু-কিশোর ও বৃদ্ধসহ সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

ভোলা : ভোলার লালমোহন উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে জাইমা ও শাহাদাত নামের দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত জাইমা উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার জামশেদের মেয়ে এবং শাহাদাত উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

বগুড়া : বগুড়ায় সুখদহ নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটিয়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরফ সরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।

খুলনা : খুলনার পুলিশ রূপসা নদীতে ভাসমান অবস্থায় অনিল কুমার সাহা (৮০) নামের একজনের মৃতদেহ উদ্ধার করেছে। গতকাল বুধবার নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকার রকি ডকের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত অনিল কুমার সাহা নগরীর বেলায়েত হোসেন সড়ক ওয়াপদা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন।

পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার মধ্যে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, গাইবান্ধার উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।

​রানীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে সোমাইয়া (৮) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সোমাইয়া রানীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের ওয়াসিমের মেয়ে।