চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরের সড়কব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম। তিনি অন্য কর্মকর্তাদের নিয়ে বর্তমান সড়কব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি ওই এলাকায় যোগাযোগব্যবস্থা আরো উন্নত করতে প্রায় সাড়ে তিন ঘণ্টা পাহাড়ি পথ পরিদর্শন করেছেন। গতকাল বুধবার র্যাবের একজন শীর্ষ কর্মকর্তা জানান, গত মঙ্গলবার বিকেলে ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলমের সঙ্গে র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন। লে. কর্নেল হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, সলিমপুরের যোগাযোগব্যবস্থা উন্নত হলে প্রশাসনের যাতায়াত সহজ হবে। সন্ত্রাসীদের অবস্থান করার আর সুযোগ থাকবে না।
পানিতে ডুবে সাতজনের মৃত্যু
জঙ্গল সলিমপুরে সড়ক দেখতে গেলেন ব্রিগেডিয়ার জেনারেল

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হলে মকবুল হোসেন নামের এক কয়েদি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। গতকাল বুধবার হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী নাজমুল হোসেন বলেন, মকবুল হোসেন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মকবুল হোসেনের কয়েদি নম্বর ৬২৩০। তবে তিনি কোন মামলায় কারাভোগ করছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। গত মঙ্গলবার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়। বদলি কর্মকর্তাদের মধ্যে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ হেডকোয়ার্টার্সে, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলামকে এপিবিএনে, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার অমৃত সূত্রধরকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে, র্যাবে কমরত সহকারী পুলিশ সুপার আমিরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার দ্বীন-ই-আলমকে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
বজ্রাঘাতে ৪ জেলায় মা ছেলেসহ ছয়জনের মৃত্যু

বজ্রাঘাতে চার জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধার সাঘাটায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুজন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক কৃষক এবং জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় বুধবার সন্ধ্যার দিকে বজ্রাঘাতে শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাসের (৩২) মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রাঘাতে এক তরুণসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনি ও সদর উপজেলায় ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বজ্রাঘাতে আনোয়ার হোসেন (৪৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে মৃত হোসেন আলীর ছেলে।
জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে বুধবার বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে সামছুদ্দিন নামের এক কৃষকের মৃত্যু হয়। সামছুদ্দিন উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
