• ই-পেপার

আলু চাষে ক্ষতি ব্যাপক কৃষকের মাথায় হাত

  • বৃষ্টির আগেই ৯১% আলু তোলা হয়েছিল : কৃষি বিভাগ
  • তিন জেলায় ৮৩৫.৯৫ হেক্টর জমির আলুর ক্ষতি
  • কৃষক ক্ষতিগ্রস্ত ৩,১৬০ জন
  • ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার সিদ্ধান্ত সরকারের

ভৈরবে বাজারের নাম নিয়ে সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার আরো ৫ জেলায় ৪ খুন, ২ লাশ উদ্ধার

কালের কণ্ঠ ডেস্ক
ভৈরবে বাজারের নাম নিয়ে সংঘর্ষে নিহত ২

দেশের বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় বাজারের নাম নিয়ে সংঘর্ষে দুজন নিহত, এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, নাতিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু, বস্তাবন্দি নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা এবং ঢামেক এলাকা থেকে দুই অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ভৈরবে বাজারের নাম নিয়ে সংঘর্ষ, নিহত ২

কিশোরগঞ্জের ভৈরবের একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে মাসুদ মিয়া ও মিরারচর মোল্লা বাড়ির ফজলুর রহমানের ছেলে হিরণ মিয়া।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মূছা খান এই তথ্য নিশ্চিত করেছেন।

ভৈরব উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের শ্বশুরবাড়ির এলাকা থেকে বি এম মাহামুদুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে। খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন-৬-এ এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন তিনি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হলে নিহতের স্ত্রী ফাতেমা কানিজ এবং শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গত শুক্রবার বি এম মাহামুদুল ইসলাম কর্মস্থল থেকে ছুটিতে এসে পাইককান্দি গ্রামে শ্বশুরবাড়িতে ওঠেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার খুলনা-মংলা রেল লাইনের আড়ংঘাটা স্টেশনের পাশ থেকে ইমন (২১) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

নাতিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামে নাতিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়ে নবী হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে।

 

পীরগঞ্জে বস্তাবন্দি নারীর অর্ধগলিত মরদেহ

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই নারীর নাম নার্গিস বেগম। তিনি মরারপাড়া গ্রামের লতারপাড়ার রাসেল মিয়ার স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) রাসেল রানা বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে।

 

সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ শহরের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্বশত্রুতা ও মারামারির জেরে বাড়িতে ঢুকে পিটিয়ে ও ছুরিকাঘাতে রাজু আহমেদ নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে।

রবিবার রাত ১১টায় শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, রাজনৈতিক বিরোধ নাকি পারিবারিক দ্বন্দ্ব, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

 

ঢামেক এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সকালে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক পিছিয়ে আজ

নিজস্ব প্রতিবেদক
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক পিছিয়ে আজ

নতুন রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের বৈঠক এক দিন পিছিয়ে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় সংসদ ভবনের ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তরে অনুষ্ঠেয় এই বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে মাননীয় স্পিকার মহোদয়ের সঙ্গে সিইসির নেতৃত্বে ফুল কমিশন সাক্ষাৎ করবে।

গতকাল সিইসি ও ভারপ্রাপ্ত স্পিকারের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রবিবার ইসি সচিবালয় থেকে স্পিকারের সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়। সংসদ সচিবালয় থেকেও ইসিকে চিঠি দিয়ে জানানো হয়, সোমবার সকাল সাড়ে ১১টায় বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সব ধরনের প্রস্তুতি নিলেও সোমবার সকালে সেই বৈঠক স্থগিত করা হয়। ইসি, সংসদ সচিবালয় ও সিইসির দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গতকালের বৈঠক স্থগিতের কারণ হিসেবে জানা গেছে, এদিন সকালে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ কারণে সিইসির সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকারের বৈঠকটি স্থগিত করে এক দিন পেছানো হয়েছে।

নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সিইসিকে সাক্ষাৎ করতে হয়। সাক্ষাতে নির্বাচনের ভোটগ্রহণের দিন সংসদের বৈঠক নিশ্চিত করারও বাধ্যবাধকতা রয়েছে। এই আইনের ৫ ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগের নির্বাচনগুলোতে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ পর্ব শেষ হওয়ার পর দু-এক দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছিল।

তবে নির্বাচন সম্পন্ন করার জন্য ভোটগ্রহণ পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন হয় না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হলেই একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করলেই জানা যায় কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

এর আগে গত রবিবার সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি দিক পর্যালোচনা করেন তাঁরা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে স্পিকারের সাক্ষাৎ চাওয়া হয়।

ভারি বৃষ্টিপাত হতে পারে পাঁচ বিভাগে

সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে

নিজস্ব প্রতিবেদক
ভারি বৃষ্টিপাত হতে পারে পাঁচ বিভাগে
টাঙ্গাইলে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। ছবি : কালের কণ্ঠ

সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আগামী তিন দিনের মধ্যে উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। গতকাল সোমবার প্রকাশিত এফএফডব্লিউসির এক বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানির স্তর কমেছে এবং আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুলেটিনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির স্তর কমেছে এবং আগামী দুই দিন তা আরো কমতে পারে। এরপর পরবর্তী তিন দিন পানির স্তর মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। এদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির স্তর গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং আগামী পাঁচ দিনও তা স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির স্তর কমেছে। আগামী এক দিনে এসব নদীর পানির স্তর কিছুটা বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

রংপুর অফিস জানায়, তিস্তা নদীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে কয়েকটি এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। অন্যদিকে নেত্রকোনা প্রতিনিধি জানান, পাহাড়ি ঢলে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে : সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সিলেটে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ৩৫.৫ ডিগ্রি। তীব্র খরতাপে সিলেট যখন পুড়ছে তখন এর নদ-নদীগুলোর পানি বেড়ে কোথাও বিপৎসীমা অতিক্রম করে আছে, কোথাও বিপৎসীমার কাছাকাছি। জেলার বাকি ১১ পয়েন্টের মধ্যে ৪ পয়েন্টেই নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটারের কম দূরত্বে অবস্থান করছে। ভারতের আসামে বৃষ্টিপাত অব্যাহত থাকায় খরতাপের মধ্যেও বন্যাঝুঁকিতে সিলেট।

জেলার নদ-নদীগুলোর দৈনিক পানি সমতলের পরিমাপসংক্রান্ত পানি উন্নয়ন বোর্ড সিলেটের প্রতিবেদন বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে। এতে দেখা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি সোমবার সন্ধ্যা ৬টার রেকর্ড অনুযায়ী বিপৎসীমার পয়েন্ট ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য পয়েন্টগুলোতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অন্তত চার পয়েন্টে যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপৎসীমার পয়েন্ট ৮১ সেন্টিমিটার, সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার পয়েন্ট ৯৪ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার পয়েন্ট ৮৮, শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার পয়েন্ট ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় সেখানে নিম্নাঞ্চলের কিছু কিছু স্থান প্লাবিত হয়েছে। পাউবো বলছে, ভারতের মেঘালয় ও আসামে বৃষ্টিপাতের কারণে সিলেটের নদ-নদীর পানি বেড়ে রয়েছে। তবে বাংলাদেশের সিলেট অঞ্চলে নতুন করে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় বন্যার আশঙ্কা কম।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ভারতের আসামের বন্যার পানি নামছে; যে কারণে সুরমা ও কুশিয়ারায় পানি বেড়ে রয়েছে। তবে আপাতত নতুন করে সিলেট কিংবা ভারতের আসাম ও মেঘালয়ে ভারি বর্ষণের কোনো পূর্বাভাস নেই। তাই সিলেট অঞ্চলে আপাতত বন্যার আশঙ্কা কম।

আবহাওয়ার পূর্বাভাস : উত্তর-বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করেছে। নিম্নচাপের কেন্দ্রস্থল বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় উপকূলীয় তিন বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ রাজশাহী ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করেছে। গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, উত্তর বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করেছে। এর প্রভাবে আজ মঙ্গলবার দেশের দক্ষিণাঞ্চলে এবং আগামীকাল বুধবার উত্তরাঞ্চলে মাঝারি আকারের ভারি বৃষ্টিপাত হবে।

মির্জা ফখরুল

বিএনপিকে যাঁরা ফ্যাসিবাদের দল বলেন, তাঁদের জ্ঞানের অভাব রয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর
বিএনপিকে যাঁরা ফ্যাসিবাদের দল বলেন, তাঁদের জ্ঞানের অভাব রয়েছে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপিকে যাঁরা ফ্যাসিবাদের দল বলেন, তাঁদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরকে বিএনপির গঠনতন্ত্র পড়ে দেখার আহবান জানিয়ে প্রশ্ন তোলেন, জামায়াত নিজে কতটা গণতান্ত্রিক দল?

গতকাল সোমবার রংপুর নগরীর টার্মিনাল রোডে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যাঁরা বিএনপিকে ফ্যাসিবাদের দল বলেন, তাঁরা বিএনপির ইতিহাস ও গঠনতন্ত্র সম্পর্কে জানেন না। বিএনপি গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। তাই এ ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি তাঁকে বলব, আগে বিএনপির গঠনতন্ত্র ভালোভাবে পড়ে দেখুন, এরপর মন্তব্য করুন। একই সঙ্গে নিজেদের দল কতটা গণতান্ত্রিক, সেটিও জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।

রাষ্ট্রপতি পদে দলের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের স্থায়ী কমিটি যে সিদ্ধান্ত নেবে, সেটিই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, প্রার্থীদের যোগ্যতা কী হবে কিংবা নির্বাচনী বিধিমালা কিভাবে কার্যকর হবেএসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকার এ বিষয়ে কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তিনি জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি খাত নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, আমরা কৃষিকে আরো উৎপাদনমুখী ও লাভজনক খাতে পরিণত করতে চাই। সুদমুক্ত ঋণ, সহজ বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে একটি শক্তিশালী বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এতে কৃষকের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে। সরকারের চার মাসের মধ্যে কৃষি উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে।

এর আগে সকালে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলা ২০২৬-এর উদ্বোধন করেন মন্ত্রী এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ ছাড়া বিআরডিবির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং শিল্পকলা একাডেমির হলরুমে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় উপকারভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির সচিব, বিআরডিবির মহাপরিচালক, জেলা ও মহানগর বিএনপির নেতাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলু চাষে ক্ষতি ব্যাপক কৃষকের মাথায় হাত | কালের কণ্ঠ