আয়াতের অর্থ
‘আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষীরূপে, সুসংবাদদাতা ও
সতর্ককারীরূপে। যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনো, রাসুলকে শক্তি জোগাও এবং তাঁকে সম্মান করো; সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।’
(সুরা : ফাতহ, আয়াত : ৮-৯)
আয়াতদ্বয়ে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সম্মান প্রদর্শন ও তাঁর সম্মান রক্ষার তাগিদ দেওয়া হয়েছে।
শিক্ষা ও বিধান
১. প্রত্যেক নবী তাঁর উম্মত সম্পর্কে এই মর্মে সাক্ষ্য দেবেন যে তিনি তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.)-ও তাঁর উম্মতের ব্যাপারে এই সাক্ষ্য দেবেন।
২. রাসুলুল্লাহ (সা.)-কে সাহায্য করা, তাঁর প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাঁর সম্মান রক্ষা করা মুমিনের অপরিহার্য দায়িত্ব।
৩. তাসবিহ পাঠ তথা পবিত্রতা ও মহিমা ঘোষণা করা আল্লাহর সঙ্গে খাস। আল্লাহ ছাড়া অন্য কারো তাসবিহ পাঠ করা বৈধ নয়।
৪. আয়াত দ্বারা সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকির করার গুরুত্ব প্রমাণিত হয়।
৫. প্রাজ্ঞ আলেমরা বলেন, দরুদ শরিফ ইবাদত ও দোয়া কবুলে সহায়ক। আর আয়াত দ্বারাও তা পরোক্ষভাবে প্রমাণিত হয়। কেননা আয়াতে রাসুল (সা.)-এর প্রতি সম্মান প্রদর্শন ও আল্লাহর তাসবিহ পাঠের আদেশ একত্রে এসেছে। (মাআরেফুল কোরআন : ৮/৫৬)


