আয়াতের অর্থ
‘আমি তাদেরকে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম তোমাদেরকে তা দিইনি, আমি তাদেরকে দিয়েছিলাম কান, চোখ ও হৃদয়। কিন্তু তাদের কান, চোখ ও হৃদয় তাদের কোনো কাজে আসেনি। কেননা তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিল, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তাই তাদেরকে পরিবেষ্টন করল।...আল্লাহর পরিবর্তে যাদের ইলাহরূপে গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করল না কেন? বস্তুত তাদের ইলাহগুলো তাদের কাছ থেকে অন্তর্হিত হয়ে পড়ল। তাদের মিথ্যা ও অলীক উদ্ভাবনের পরিণাম এমনই।’ (সুরা : আহকাফ, আয়াত : ২৬-২৮)
আয়াতগুলোতে কুরাইশ গোত্রের অহংকারের নিন্দা করা হয়েছে।
শিক্ষা ও বিধান
১. ক্ষমতা ও প্রতিষ্ঠা সব সময় কল্যাণের নিশ্চয়তা দেয় না, বরং কখনো কখনো তা ধ্বংসের কারণ হয়। কেননা ক্ষমতা মানুষকে অহংকারী করে তোলে।
২. আয়াতে প্রতিষ্ঠা দ্বারা ধন-সম্পদ, জনবল, জ্ঞানগত ও কারিগরি দক্ষতা উদ্দেশ্য। এসব বিষয়ে পূর্ববর্তী জাতিগুলো কুরাইশের চেয়ে অনেক বেশি অগ্রগামী ছিল।
৩. আয়াতে চিন্তা ও গবেষণা না করা এবং চিন্তার উপকরণগুলো উপেক্ষা করার নিন্দা করা হয়েছে।
৪. মক্কার চারপাশের জনপদ দ্বারা আরব উপদ্বীপের ধ্বংসপ্রাপ্ত জনপদগুলো উদ্দেশ্য। যেমন—আদ, সামুদ ও কওমে লুতের জনপদ।
৫. দুনিয়াতে যারা মানুষকে সত্যচ্যুত করে পরকালে তারা কোনো দায় গ্রহণ করবে না।
(জাদুল মাসির : ৭/৩৮৫)


