নাসরিন জাহান একজন ক্ষুদ্র উদ্যোক্তা। ‘সৌন্দর্য’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কসমেটিকস ব্যবসা করছেন। তাঁর উদ্যোগটি মূলত অনলাইননির্ভর। যেহেতু দেশের সিংহভাগ মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে, তাই তিনি পরিকল্পনা করছেন এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর, যেখানে সৌন্দর্য বিষয়ে নানা ধরনের কনটেন্টের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের বর্ণনা ও মূল্য থাকবে। এতে অনেক নারী যেমন উপকৃত হবেন তেমনি ব্যবহারকারীদের ভেতর থেকে তাঁর গ্রাহকও বাড়তে থাকবে। বর্তমান সময়ের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের ভেতরে মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক সেবা ও পণ্য বিক্রির প্রবণতা দিন দিন বাড়ছে। বিক্রয়.ডট কম বা আজকের ডিলের অনলাইন উদ্যোগগুলো তাঁদের ব্যবহারকারীদের সুবিধার জন্য ওয়েবভিত্তিক সেবার পাশাপাশি যেমন মোবাইল অ্যাপ্লিকেশনের সুবিধাও রেখেছেন। তেমনি শুধু মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও অনেকে তাঁদের উদ্যোগকে ক্রেতার সামনে নিয়ে এসেছেন। এমন উদ্যোগগুলোর মধ্যে ঢাকা কেন্দ্রিক যাত্রী পরিবহন সেবা উবার বা পাঠাও খুব উল্লেখযোগ্য। এসব মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ডিজাইন ও ফিচারের দিক থেকে ভিন্ন ভিন্ন ধরনের। ব্যবসার ধরন অনুযায়ী বাজারে ভিন্ন ভিন্ন অ্যাপ থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একজন ক্ষুদ্র উদ্যোক্তা কি চাইলেই তার উপযোগী একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে পারেন? উদ্যোক্তার পুঁজি ও আয় বেশি হলে তিনি এই ধরনের ঝুঁকি নিতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে একটি মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণ ব্যয় ও এর রক্ষণাবেক্ষণ এত জটিল, সময় ও ব্যয়সাপেক্ষ যে টাকার অঙ্কে কখনো কখনো তা উদ্যোক্তার মূল ব্যবসাতে লগ্নি করা পুঁজির চাইতেও অধিক হয়ে পড়ে। আর এসব ক্ষেত্রে আরেকটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে, সঠিক ডেভেলপমেন্ট ফার্ম খুঁজে বের করা। অনেকে ফ্রিল্যান্সার অ্যাপ ডেভেলপারদের সহযোগিতা নিয়ে থাকেন। তবে ডেভেলপার অনভিজ্ঞ হলে অ্যাপের ভেতর থেকে যাওয়া অনেক ছোটখাটো ত্রুটি ঠিক করা কঠিন হয়ে পড়ে, যা ব্যবহারকারী বা গ্রাহকের জন্য বিরক্তির অন্যতম কারণ হতে পারে। আবার অনভিজ্ঞ ডেভেলপাররা পুরো অ্যাপ্লিকেশন নির্মাণে এত বেশি সময় নিয়ে নেন যে এতে উদ্যোক্তার পরিকল্পনা ও পুঁজি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু নাসরিন জাহানের মতো বাংলাদেশে যেসব ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, যাঁরা তাঁদের পণ্য বা সেবা নিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরো বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে চাইছেন, তাঁদের সমস্যার সমাধান কিভাবে সম্ভব? তাঁদের স্বপ্নগুলো অধরা আর পরিকল্পনাগুলো অবাস্তবায়িতই থেকে যাবে? ঠিক এই সমস্যাটির সমাধান নিয়ে এগিয়ে এসেছে এমসিসি লিমিটেড। বিশ্বের এসএমই উদ্যোক্তাদের টার্গেট করে এমসিসির এবারের উদ্যোগ হচ্ছে, এমন একটা প্রযুক্তি নিয়ে আসা যার মাধ্যমে একজন উদ্যোক্তা তাঁর পণ্য ও সেবার জন্য অল্প দামে এবং কোনো কারিগরি সহায়তা ছাড়াই মোবাইল অ্যাপ নিজেই বানাতে পারবেন। আর লক্ষাধিক টাকা ব্যয় করে মোবাইল অ্যাপ তৈরিরও প্রয়োজন পড়বে না। ফলে এভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের পুরো প্রক্রিয়াটি হবে খুব সাশ্রয়ী। এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশ্রাফ আবির বললেন, ‘দেশে এসএমই শ্রেণির বিকাশে অনেকেই সৃজনশীল উদ্যোগ নিয়ে নিজের স্টার্ট আপে যুক্ত হচ্ছেন। এসব এসএমই উদ্যোক্তা যাতে কোনো ধরনের জটিল ও কারিগরি জ্ঞান ছাড়াই তাঁদের উদ্যোগকে ভোক্তার কাছে স্মার্টফোনের মাধ্যমে তুলে ধরতে পারেন সে জন্য এমসিসি এই প্রডাক্ট স্টোরটি চালু করতে যাচ্ছে।’ ক্রেতাদের এসব রিভিউয়ের কারণে এনভাটোতে এমসিসির স্টোরটি এরই মধ্যে অন্যতম বেস্ট সেলার স্টোরে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, মূলত কোয়ালিটি প্রডাক্ট, সেরা ডিজাইন এবং গ্রাহককে নিয়মিত সাপোর্ট প্রদানের জন্য তাঁরা অল্প সময়েই এই সফলতা অর্জন করেছেন। এনভাটোতে এমসিসি লি. এর অ্যাপ স্টোরের লিংক : https://codecanyon.net/user/mcc-ltd/portfolio