• ই-পেপার

ফিলিপিন্সে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

কাতারে এলএনজি প্লান্টে বিস্ফোরণে নিহত ১৩

কালের কণ্ঠ ডেস্ক
কাতারে এলএনজি প্লান্টে বিস্ফোরণে নিহত ১৩

কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণে অনন্ত ১৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে আরো ১৮ জন। দেশটির কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছে। গতকাল সোমবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান পরিচালনার জন্য কাতারি ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপ মোতায়েন করা হয়েছে। রাস লাফান শিল্পনগরীতে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। তবে তারা বলেছে, কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এর আগে কর্মকর্তারা বলেছিলেন, ঘটনাস্থলে পৌঁছানো সিভিল ডিফেন্স দল প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পায়নি। পরে প্রকাশিত সরকারি তথ্যে আহত ও নিখোঁজের সংখ্যা উল্লেখ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, বিস্ফোরণের কারণে এলএনজি স্থাপনা থেকে কোনো গ্যাস লিক হয়নি। জননিরাপত্তার ক্ষেত্রেও তাৎক্ষণিক কোনো ঝুঁকি তৈরি হয়নি। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। সূত্র : গালফ নিউজ

 

 

শারজায় ড্রোন নিয়ন্ত্রণে নতুন আইন

কালের কণ্ঠ ডেস্ক
শারজায় ড্রোন নিয়ন্ত্রণে নতুন আইন

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ড্রোন পরিচালনা এবং বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন সমন্বিত আইন জারি করেছেন সেখানকার শাসক শেখ ডক্টর সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি। গতকাল সোমবার জারি করা এই নতুন আইনের অধীনে, ফ্রি-জোন (মুক্ত অর্থনৈতিক অঞ্চল) এবং সরকারি খাতসহ শারজার যেকোনো স্থানে ড্রোন ওড়ানোর জন্য আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শারজা পুলিশ ও বেসামরিক বিমান চলাচল বিভাগ যৌথভাবে এই আইন তদারকি করবে। নতুন আইন অনুযায়ী, শারজার আকাশসীমায় যেকোনো ধরনের বা আকারের ড্রোন ওড়ানোর ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হবে। এই খাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ড্রোনের বাণিজ্যিক ও ব্যক্তিগত ব্যবহার একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে আনাই এর মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বা লাইসেন্স ছাড়া শারজায় কোনো ড্রোন ওড়ানো বা এসংক্রান্ত কার্যক্রম চালানো যাবে না। সূত্র : খালিজ টাইমস

 

 

সংক্ষিপ্ত

ভারতের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

কালের কণ্ঠ ডেস্ক
ভারতের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের একটি কোচিং সেন্টারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা। ছবি : রয়টার্স

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছে। গতকাল সোমবার উত্তর-পশ্চিম আলীগঞ্জ এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। বাণিজ্যিক এলাকায় অবস্থিত তিন তলা ওই ভবনে কোচিং সেন্টার ছাড়াও একটি পোষা প্রাণীর দোকানসহ অন্যান্য দোকান রয়েছে। আগুন লাগার পর ভবনের ভেতরে অনেকে আটকা পড়ে। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পড়ে। এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। আলীগঞ্জ এলাকার এই কোচিং সেন্টার যথেষ্ট জনপ্রিয়। সব সময় সেখানে শিক্ষার্থীর ভিড় লেগে থাকে। আগুন লাগার সময়ও বহু শিক্ষার্থী সেখানে পড়তে গিয়েছিল। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্র : এনডিটিভি

 

 

১০ মার্কিন সংস্থার ওপর চীনের নিষেধাজ্ঞা

কালের কণ্ঠ ডেস্ক
১০ মার্কিন সংস্থার ওপর চীনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ১০টি সংস্থার ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। এসব সংস্থার মধ্যে একটি বিরল খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠানও রয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এই রপ্তানি নিষেধাজ্ঞা জারি করে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন চীনের বেশ কয়েকটি সুপরিচিত কম্পানিকে কালো তালিকাভুক্ত করে। এসব প্রতিষ্ঠান চীনা সামরিক বাহিনীকে সহায়তা করছে বলে অভিযোগ করে পেন্টাগন। এর ঠিক দুই সপ্তাহ পর চীন এই পাল্টা পদক্ষেপ নিল। 

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, নতুন রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ‘চীনা সামরিক প্রতিষ্ঠান’ তালিকা সম্প্রসারণের প্রতিক্রিয়া। বেইজিংয়ের দাবি, এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা মার্কিন কম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাভক্স, ওশকোশ ডিফেন্স, এমপি মেটেরিয়ালস ও ইউএসএ রেয়ার আর্থ।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের কাছে সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি চলমান সব ধরনের সংশ্লিষ্ট রপ্তানি কার্যক্রমও অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনের নতুন রপ্তানি নিয়ন্ত্রণ মার্কিন সরকারের তথাকথিত চীনা সামরিক প্রতিষ্ঠান তালিকায় আরো প্রতিষ্ঠান যুক্ত করার জঘন্য কর্মকাণ্ডের জবাবে আনা হয়েছে। এতে আরো বলা হয়, এই পদক্ষেপ ‘জাতীয় নিরাপত্তা রক্ষার’ জন্যও নেওয়া হয়েছে। সূত্র : আল জাজিরা