• ই-পেপার

বদলে যাচ্ছে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল

  • শীতল যুদ্ধের অবসানের পর থেকে বর্তমানে বিশ্ব সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তনের সম্মুখীন হচ্ছে

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা হতাহত ৬১

কালের কণ্ঠ ডেস্ক
কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা হতাহত ৬১

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের চালানো ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

গতকাল বুধবারের এই হামলাকে ইরানের অপরাধমূলক আগ্রাসন বলে অভিহিত করেছেন কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার ফলে কূটনৈতিক মিশনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করে বলেছে, ইরানি একটি তেলের ট্যাংকার ও কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়েছে। ইরান আরো বলেছে, তারা পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা ইরানের ওপর আত্মরক্ষার্থে হামলা চালিয়েছে এবং কুয়েত ও বাহরাইনের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সর্বশেষ এই উত্তেজনা বৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। কুয়েত বিমানবন্দরে ইরানি হামলায় নিহত ব্যক্তিটি একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই ঘটনায় আরো বেশ কয়েকজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, আমরা পক্ষগুলোকে এ ধরনের হামলা বন্ধ করার জন্য আবারও আহ্বান জানাচ্ছি।

এদিকে এই হামলার পর কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুজন ইরানি কূটনীতিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সূত্র : বিবিসি, আল জাজিরা

কলকাতার বাসে ত্রিপুরার তরুণীকে ‘বাংলাদেশি’ তকমায় হেনস্তা

কালের কণ্ঠ ডেস্ক
কলকাতার বাসে ত্রিপুরার তরুণীকে ‘বাংলাদেশি’ তকমায় হেনস্তা

কলকাতার একটি চলন্ত বাসে ত্রিপুরার এক বাঙালি তরুণীকে বাংলাদেশি বলে কটাক্ষ ও হেনস্তার অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। জানা যায়, কর্মসূত্রে কয়েক বছর ধরে কলকাতায় বসবাস করা ওই তরুণী সম্প্রতি একটি গণপরিবহনে ভ্রমণ করছিলেন। যাত্রাপথে তিনি ত্রিপুরার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বললে কয়েকজন সহযাত্রী তাঁর পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তাঁকে বাংলাদেশি তকমা দেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে ওই তরুণী প্রকাশ্যে এর প্রতিবাদ জানান। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে নিজের পরিচয় ব্যাখ্যা করতে দেখা যায়। সূত্র : আনন্দবাজার পত্রিকা

বেলুচিস্তানে ১৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত

কালের কণ্ঠ ডেস্ক
বেলুচিস্তানে ১৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের পাঁচ জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তর্বিভাগীয় সংযোগ দপ্তর (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের ম্যাসটাং, নুশকি, জেহরি, খুজদার এবং কেচ জেলায় অভিযান চালিয়েছে সেনা-পুলিশ যৌথ বাহিনী। আরো বলা হয়েছে, গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারগামী একটি ট্রেনে হামলার পর এ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ২৪ মে কোয়েটা থেকে পেশোয়ারগামী সেই ট্রেনটি সেনা কর্মকর্তা, সেনা সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ ছিল। সূত্র : জিও টিভি

 

একই পরিবারের ছয় সদস্যের জানাজায় শোকাহত মানুষের ঢল

একই পরিবারের ছয় সদস্যের জানাজায় শোকাহত মানুষের ঢল
লেবাননের ওয়ারদানিয়েহ গ্রামে ইসরায়েলি হামলায় নিহত একই পরিবারের ছয় সদস্যের জানাজায় শোকাহত মানুষের ঢল। গতকাল তোলা। ছবি : রয়টার্স