• ই-পেপার

ইরানি সাংবাদিককে ছুরিকাঘাত, দুই রোমানীয় নাগরিকের কারাদণ্ড

সোশ্যাল মিডিয়ার ফাঁদে যেভাবে মাদক বাহক হচ্ছেন বিমানকর্মীরা

অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়ার ফাঁদে যেভাবে মাদক বাহক হচ্ছেন বিমানকর্মীরা
ব্যাংককে মাদকের পার্সেল পাঠানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তি। ছবি : রয়টার্স

অস্ট্রেলিয়ায় হেরোইন পাচারের অভিযোগে থাই এয়ারওয়েজের একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে (কেবিন ক্রু) আটক করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রায় ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার মূল্যমানের এই মাদক জব্দের ঘটনা থাইল্যান্ডে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। একই সাথে এটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড় প্রশ্ন তুলেছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, পাচারকারীরা ফেসবুকে ‘রোজ রোজ’ এবং টিকটকে ‘পাউডার ইজ পাউডার’ নামের ভুয়া অ্যাকাউন্ট খুলে বিমানকর্মীদের টাকার বিনিময়ে বিদেশে মালামাল বহন করার প্রস্তাব দেয়।

তদন্তে জানা গেছে, আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার লাভজনক বাজারগুলোতে মাদক পৌঁছে দিতে এখন বিমানসংস্থার কর্মীদের লক্ষ্যবস্তু করছে। আটক হওয়া থাই এয়ারওয়েজ কর্মী মাত্র ৮,৮০০ বাথ (প্রায় ২৬৫ ডলার) ফির বিনিময়ে ব্যাগগুলো বহন করতে রাজি হয়েছিলেন। থাইল্যান্ডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের (ওএনসিবি) মুখপাত্র আরিপাক এনগের্নবামরুং জানান, এই ভুয়া অ্যাকাউন্টগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর পেছনে থাকা নেটওয়ার্কটি খুঁজে বের করতে তদন্ত চলছে।

ওএনসিবি-র (থাইল্যান্ডের নারকোটিকস কন্ট্রোল বোর্ড অফিস) মহাসচিব পুলিশ মেজর সুরিয়া সিংগাকামল জানান, এই চক্রগুলো পোশাক, কফির প্যাকেট ও ফুলদানির ভেতর মাদক লুকিয়ে থাইল্যান্ডের মধ্য দিয়ে পাচার করে। একই চক্র গত ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে রেশমি পোশাক ও শীতের জ্যাকেটের ভেতর লুকিয়ে অস্ট্রেলিয়া ও তাইওয়ানে আরো ২৪.৩৮ কেজি হেরোইন পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল, যা কর্তৃপক্ষ জব্দ করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে এক থাই নাগরিক ও তার লাওসীয় স্ত্রীকে আটক করা হয়েছে।

এদিকে ব্যাংককের আরেকজন ফ্লাইট অ্যাটেনডেন্ট রয়টার্সকে জানান, গত ১৮ জুন তার টিকটক ইনবক্সেও অস্ট্রেলিয়া যাওয়ার রেট জানতে চেয়ে এমন বার্তা এসেছিল। তবে নিয়ম অনুযায়ী অপরিচিতের পাঠানো সেই বার্তা তিনি উপেক্ষা করেন।

শুক্রবার (৩ জুলাই) শীর্ষ জাতীয় মাদকবিরোধী কমিটির বৈঠকে থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, চলতি বছরের প্রথমার্ধেই থাইল্যান্ড থেকে আসা অন্তত ছয়জনের বিরুদ্ধে বাণিজ্যিক মাদক পাচারের অভিযোগ উঠেছে। এই সংখ্যা অনেক বেশি এবং এটি দেশের ভাবমূর্তির ক্ষতি করছে। সরকারের মুখপাত্র জানিয়েছেন, এখন থেকে বিমানবন্দরে ক্রু সদস্যদের লাগেজ স্ক্রিনিং ও পরিদর্শন আরো শক্তিশালী করা হবে। অন্য কারো মালামাল বহন করার প্রমাণ মিললে বিমানসংস্থাগুলো কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এক বিবৃতিতে থাই এয়ারওয়েজও কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জাতিসংঘের (ইউএনওডিসি) তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী মিয়ানমারে সংঘাত ও অর্থনৈতিক দুর্দশার কারণে আফিম চাষ ২০২৫ সালে এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে মিয়ানমার এখন বিশ্বে অবৈধ আফিমের প্রধান উৎস হয়ে উঠেছে।

বিএলএর আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৩০ পাকিস্তানি নিরাপত্তাকর্মী

অনলাইন ডেস্ক
বিএলএর আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৩০ পাকিস্তানি নিরাপত্তাকর্মী
সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান কোস্ট গার্ডের একটি ক্যাম্পে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির দাবি, হামলায় ৩০ জনের বেশি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। তবে এই দাবি এখনো নিশ্চিত করেনি পাকিস্তান সরকার। স্বাধীনভাবেও দাবিটি যাচাই করা সম্ভব হয়নি।

বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম  দ্য বেলুচিস্তান পোস্ট এ তথ্য জানিয়েছে। বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচের নামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানির পানওয়ান এলাকায় পাকিস্তান কোস্ট গার্ডের একটি ক্যাম্পে এই হামলা চালানো হয়। এই এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোয়াদর জেলার অন্তর্ভুক্ত। সংগঠনটির দাবি, তাদের বিশেষ ইউনিট ‘মাজিদ ব্রিগেড’ এই অভিযান পরিচালনা করেছে। তারা এটিকে ‘ফিদায়ি’ বা আত্মঘাতী কমান্ডো হামলা হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে আরো বলা হয়, হামলার আগে তাদের সদস্যরা ক্যাম্পের ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে বিস্ফোরণ ও হামলা চালানো হয়। বিএলএর দাবি, হামলায় পাকিস্তানের ৩০ জনের বেশি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। আরো কয়েক ডজন সদস্য আহত হয়েছেন। তবে পাকিস্তানের সামরিক বা বেসামরিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই হতাহতের তথ্য নিশ্চিত করেনি। হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়েও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বিএলএ বলেছে, এই হামলা বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ। সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রদেশটির বিভিন্ন সামরিক, আধাসামরিক ও সরকারি স্থাপনায় হামলা চালিয়ে আসছে। এমন সময় এই হামলার দাবি করা হলো, যখন বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আগের তুলনায় বেড়েছে। আয়তনের দিক থেকে এটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও জনসংখ্যা সবচেয়ে কম। বহু বছর ধরে সেখানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর অভিযোগ, বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদের ন্যায্য সুবিধা স্থানীয় মানুষ পাচ্ছে না। তারা প্রদেশটির জন্য আরো বেশি স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের ওপর স্থানীয়দের অধিক নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে পাকিস্তান সরকার এসব সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

পাকিস্তান ছাড়াও আরো কয়েকটি দেশ বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী কয়েকটি হামলার জন্য এই সংগঠনটিকেই দায়ী করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর স্থাপনায় হামলা এবং আত্মঘাতী বোমা হামলাও রয়েছে। তবে জিওয়ানির এই হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে বিএলএর দাবি করা হতাহতের সংখ্যা এবং হামলার বিস্তারিত পরিস্থিতি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
 

ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো

অনলাইন ডেস্ক
ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো

আগামী ৭ ও ৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে জোটের সদস্য দেশগুলোর নেতারা যৌথ প্রতিরক্ষার প্রতি তাদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।

শুক্রবার ন্যাটো রাষ্ট্রদূতদের অনুমোদিত এবং রয়টার্সের পর্যালোচনা করা এক খসড়া ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়েছে। তবে এটি কার্যকর হতে নেতাদের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

খসড়া অনুযায়ী, ন্যাটো সদস্য দেশগুলো ২০২৬ সালে ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দেবে। এ ছাড়া ২০২৭ সালেও অন্তত একই পরিমাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি থাকবে। ঘোষণাপত্রে বলা হয়েছে, ন্যাটোর অনুচ্ছেদ ৫ অনুযায়ী, একজন সদস্য দেশের ওপর হামলা হলে তা সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে সমালোচনা করেছিলেন এবং ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এমনকি তিনি ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে নতুন খসড়া ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রসহ ৩২টি সদস্য দেশের রাষ্ট্রদূতরা যৌথ প্রতিরক্ষার প্রতি সমর্থন জানিয়েছেন। 

এতে বলা হয়েছে, শক্তিশালী ন্যাটোর মাধ্যমে আরো শক্তিশালী ইউরোপ গড়ে তোলা হবে এবং ইউরোপীয় দেশগুলো ও কানাডা জোটের নিরাপত্তায় আরো বেশি দায়িত্ব নেবে। এ ছাড়া খসড়ায় বলা হয়েছে, ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইরানি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার খবর ‘ভুয়া’: ইসরায়েল

অনলাইন ডেস্ক
ইরানি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার খবর ‘ভুয়া’: ইসরায়েল
ছবি: রয়টার্স

ইরানের দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার চেষ্টা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, এ বিষয়ে দ্য নিউইয়র্ক টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি বাস্তবতার সঙ্গে মিল নেই।

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরোক্ষ শান্তি আলোচনায় অংশ নেওয়া দুই শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন ছিল। ওই দুই কর্মকর্তা হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল, ইসরায়েল যদি এই দুই কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে চলমান শান্তি আলোচনা ভেঙে পড়তে পারে। এ কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে তেহরানকে পরোক্ষভাবে সতর্ক করার চেষ্টা করেছিল ওয়াশিংটন। 

তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইসরায়েল। দ্য টাইমস অব ইসরায়েল–এর উদ্ধৃতি দিয়ে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ও ইরানের আলোচকদের নিয়ে দ্য নিউইয়র্ক টাইমস-এর সর্বশেষ প্রতিবেদনও আগের মতোই ‘ভুয়া খবর’। দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার বক্তব্য তুলে ধরেছে। তবে নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু থেকেই ইসরায়েলের যুদ্ধ কৌশলের একটি অংশ ছিল। তবে চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতি নিয়ে সংবেদনশীল আলোচনা শুরু হওয়ার পর আব্বাস আরাগচি ও মোহাম্মদ বাঘের গালিবাফের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরো বেড়ে যায়।

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এই দুই কর্মকর্তার ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। একই সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার ঝুঁকিও তৈরি হবে। সেই কারণেই ইরানকে পরোক্ষভাবে সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। এদিকে চলতি সপ্তাহের শুরুতে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে এই বৈঠকে স্থায়ী শান্তির পথে বড় কোনো অগ্রগতির ঘোষণা আসেনি। বরং দুই পক্ষ এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছে, যেগুলো দুই সপ্তাহ আগে হওয়া চুক্তির সময় সমাধান হয়েছে বলে জানানো হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দোহায় দুই দিন ধরে দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠক করেন। আলোচনায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের জব্দ করা অর্থ মুক্ত করার বিষয় গুরুত্ব পায়। এই দুটি বিষয়ই আগের চুক্তির গুরুত্বপূর্ণ অংশ।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। আগামী ৯ জুলাই তাকে দাফন করার কথা রয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, দোহার বৈঠকে জুন মাসে যুদ্ধ বন্ধের চুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি আরো জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের ফলাফলের ভিত্তিতেই বর্তমান আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।