যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে কোটি কোটি মানুষ বিপজ্জনক গরম আর ভাপসা আবহাওয়ার মধ্যে দিন কাটাচ্ছেন। আগামী কয়েক দিন কোথাও কোথাও তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত উঠতে পারে এবং তা দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিন পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলেছে, ৪ জুলাইয়ের ছুটির সপ্তাহান্তে স্বাধীনতা দিবসকে সামনে রেখে ওয়াশিংটন, ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্কের মতো বড় শহরগুলোতে তাপমাত্রা ‘অনুভূত গরম’ বা হিট ইনডেক্স ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। হিট ইনডেক্স বলতে বোঝায়, বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা মিলিয়ে শরীরে গরম কতটা বেশি লাগে। অর্থাৎ শুধু থার্মোমিটারের তাপমাত্রা নয়, বাস্তবে মানুষ আরো বেশি গরম অনুভব করবে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ একই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কিছু আয়োজন চলছে এবং খোলা মাঠে বিশ্বকাপের একাধিক ম্যাচও হওয়ার কথা রয়েছে। ফলে বাইরে অনেক মানুষ একসঙ্গে জড়ো হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
ইউরোপে আগেই একাধিক দেশে রেকর্ড তাপমাত্রার পর এখন এই তাপপ্রবাহ যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মধ্য-পশ্চিমাঞ্চল থেকে শুরু হওয়া গরম এখন উত্তর-পূর্ব ও মধ্য আটলান্টিক অঞ্চলে ছড়িয়ে পড়ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ভাষায়, এই পরিস্থিতির একটি বড় কারণ হলো ‘হিট ডোম’। এটি একটি শক্তিশালী উচ্চচাপব্যবস্থা, যা অনেক দিন একই জায়গায় আটকে থাকে। এর ফলে আকাশ পরিষ্কার থাকে, সূর্যের তাপ জমে থাকে এবং বাতাসে গরম বের হতে পারে না। এ ছাড়া অনেক এলাকায় মাটি শুষ্ক হয়ে যাওয়ায় গরম আরো বেড়ে যাচ্ছে। মাটিতে আর্দ্রতা কম থাকলে সূর্যের তাপ সরাসরি মাটি গরম করে, ফলে তাপমাত্রা আরো দ্রুত বাড়ে। বৃহস্পতিবার সকালেই ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের তাপমাত্রা প্রায় ৯০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। পরে সেন্ট্রাল পার্কে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে ওঠে। আর্দ্রতার কারণে সেটি শরীরে প্রায় ১০৬ ডিগ্রির মতো অনুভূত হয়। গত ১৫ বছরের মধ্যে এটি ছিল অন্যতম সবচেয়ে গরম দিন।
আরো পড়ুন
৮২ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিখোঁজ পাইলটের পরিচয় শনাক্ত
ডোনাল্ড ট্রাম্প এই গরমের মধ্যেই চার জুলাইয়ের অনুষ্ঠানে খোলা জায়গায় বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন, তাপমাত্রা বেশি থাকলেও তিনি বাইরে থেকেই বক্তব্য দেবেন। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ জানায়, ভিড় ও অতিরিক্ত গরমের ঝুঁকি বিবেচনায় ওয়াশিংটনে অনুষ্ঠানের মহড়ায় শুধু জরুরি দায়িত্বে থাকা ব্যক্তিদেরই অংশ নিতে দেওয়া হচ্ছে। খবরে এসেছে জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফট এবং এনএফএলের খেলোয়াড় ট্রাভিস কেলসি শুক্রবার নিউ ইয়র্কের ওই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের অনুষ্ঠান উদ্যাপন করবেন।
আবহাওয়া দপ্তর বলছে, ওয়াশিংটন এলাকায় টানা চার দিন ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দেখা যেতে পারে, যা খুবই বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী দেশ কানাডাতেও তীব্র গরম চলছে। বিশেষ করে অন্টারিওতে তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কুইবেকের বড় অংশেও গরমের সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে মন্ট্রিয়ল ও কুইবেক সিটিও রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম আরও অসহনীয় মনে হবে। আগামী কয়েক দিনে হিট ইনডেক্স ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতির পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে দীর্ঘস্থায়ী উচ্চচাপ বলয় এবং জলবায়ু পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন, শিল্প যুগের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যার ফলে তাপপ্রবাহ এখন বেশি ঘন ঘন ও তীব্র হচ্ছে।
আগামী কয়েক দিনে কিছু এলাকায় সাময়িকভাবে তাপমাত্রা কমলেও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে উত্তর দিক থেকে ঠাণ্ডা বাতাস আসতে শুরু করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।