• ই-পেপার

নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার ১ আসামি গ্রেপ্তার

ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি
ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের পর ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজানোর অভিযোগে মো. স্বাধীন হোসেন (২২) নামে এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার স্বাধীন হোসেন (২২) নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১ জুলাই) বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য তাকে নগদ ২ লাখ টাকা ও বিকাশ হিসাবের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

তবে তদন্তে ঘটনাস্থল ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা আড়াল করতে তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন। এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজারের দায়ের করা মামলায় গত ২ জুলাই রাতে স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাটোর থানার ওসি মুনসুর আহমেদ জানান, আত্মসাৎ করা অর্থ উদ্ধারে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
ছবি : কালের কণ্ঠ

পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ ও আলী হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার ওসি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি চৌকস দল অস্ত্র, মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরো জানান, এ সময় ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির খবর পায় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক ব্যবসা ছাড়ুন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
মাদক ব্যবসা ছাড়ুন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না : পানিসম্পদ মন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসিকে বলেছি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের কাজ করবে। আমার আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না। কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে, এরা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দেন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, উদ্ধার করার কোনো লোক থাকবে না।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, নারী উন্নয়নে নারীবান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা।

তিনি আরো বলেন, সরকারের এই সহযোগিতার কারণ হচ্ছে- একজন মা তিনি যদি এই সহযোগিতাটা পান, তিনি যদি সচেতন থাকেন, তিনি যদি তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সরকারের এই সহযোগিতার কারণে যদি তার ছেলে-মেয়ে শিক্ষিত হতে পারেন, পুরো জাতি শিক্ষিত হবে। তাহলে এই টাকাটাও ইনভেস্ট। এই টাকাটাও আমরা ইনভেস্ট করতেছি। 

এ সময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন। 

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাক বিলে পড়ে আহত ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে রডবোঝাই ট্রাক বিলে পড়ে আহত ৩
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারানো রডবোঝাই একটি ট্রাক বিলে উল্টে পড়ে ট্রাকে থাকা ৩ শ্রমিক প্রায় ৮টন রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। তবে চালক ও তার সহকারী (হেলপার) লাফ দিয়ে প্রাণ রক্ষা করেন।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার টানেল সংযোগ সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আক্তার হোসেন (৪২), হামিরচর এলাকার রাসেল (৩৫) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাহাদুর (৩৮)। তারা সবাই ট্রাকটির শ্রমিক।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম শহর থেকে ৮ টন রড নিয়ে কেএসআরএমের একটি ট্রাক আনোয়ারার উদ্দেশে রওনা হয়। বড়উঠান ডাকপাড়া এলাকায় পৌঁছানোর পর ট্রাকটির ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়ক ছেড়ে পাশের বিলে উল্টে পড়ে।

দুর্ঘটনার মুহূর্তে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে বের হতে সক্ষম হলেও পেছনে থাকা তিন শ্রমিক রডের স্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় তিন জনকেই জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রডের নিচে চাপা পড়া তিন শ্রমিককে জীবিত উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

কর্ণফুলী থানার ওসি মো. ইফতেখার উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’