মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে পারস্য উপসাগরে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর সমুদ্রপথে ইরান ও কাতারের বাণিজ্য আবার শুরু হয়েছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক সহদূত আব্বাস আবদোলখানি।
তবে এই উপসাগরে প্রবেশ ও বের হওয়ার নৌপথ নিয়ে এখনও রয়ে গেছে কিছু বিরোধ ও অনিশ্চয়তা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আব্বাস আবদোলখানি জানান, ইরানি দূতাবাস ও কাতারি কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে ইরানের দাইয়ার বন্দর এবং কাতারের আল রুয়াইস বন্দরের মধ্যে জাহাজ চলাচল পুনরায় চালু হয়েছে।
প্রসঙ্গত, দাইয়ার ও আল রুয়াইস—দুই বন্দরই মূলত আঞ্চলিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধ চলাকালে দাইয়ার বন্দর একাধিকবার হামলার শিকার হয়েছিল।
এদিকে গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতার মাধ্যমে চার মাসের সংঘাতের অবসান ঘোষণা করা হয়।
ওই সমঝোতায় উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ-পূর্ববর্তী সময়ের মতো সমুদ্রপথে বাণিজ্য ও জাহাজ চলাচল পুনরুদ্ধারের কথা বলা হলেও উপসাগরে প্রবেশ ও বের হওয়ার নৌপথ নিয়ে এখনও কিছু বিরোধ ও অনিশ্চয়তা রয়ে গেছে।
গত জুনের শেষ দিকে ইরানের ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে আটকে থাকা ইরানি পণ্য ছাড় করা শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই বন্দরে পণ্য ছাড়ের ঘটনাকে উপসাগরীয় অঞ্চলের দুই তীরের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।





