• ই-পেপার

ভারতের যোধপুরে সাম্প্রদায়িক সংঘর্ষের পর গ্রেপ্তার ৯৭

বিল গেটসকে যেভাবে চাপে ফেলতে চেয়েছিলেন এপস্টেইন

অনলাইন ডেস্ক
বিল গেটসকে যেভাবে চাপে ফেলতে চেয়েছিলেন এপস্টেইন

চলতি বছর কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের ফাইল প্রকাশের পর তার সঙ্গে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই রুদ্ধদ্বার কক্ষে এ বিষয়ে গেটসের একটি সাক্ষ্য নেয়া হয়েছে।

গত বুধবার (১০ জুন) হাউস ওভারসাইট কমিটির সদস্যদের এসব তথ্য দিয়েছেন গেটস। সেখানে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন

হাউস ওভারসাইট কমিটির শুনানিতে উদ্বোধনী বক্তব্যে এই মার্কিন ধনকুবের বলেন, ‘আমি এপস্টেইনকে কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখিনি এবং এর কোনো আভাসও পাইনি।’

লিটল সেন্ট জেমস বা এপস্টাইন দ্বীপে যাওয়ার বিষয়ে বিল গেটস বলেন, ‘আমি কখনো তার দ্বীপ, তার খামারবাড়ি বা ফ্লোরিডার বাড়িতে যাইনি। আমি কখনো কাউকে ভুক্তভোগী বানাইনি। তিনি হয়তো একটি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি তাতে সাড়া দিইনি।’

তিনি আরো বলেন, ‘আমি জানতে পারি, এপস্টিন আমার ব্যক্তিগত জীবনের কিছু সংবেদনশীল তথ্য জেনে গেছেন। এর মধ্যে ছিল আমার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত না থাকার বিষয়টি।’

তবে এই পরকীয়া আর এপস্টেইনের সঙ্গে আমার মেলামেশার কোনো সম্পর্ক ছিল না। এগুলো আমার পরিবারের জন্য কষ্টদায়ক ছিল বলেও জানান তিনি।

গেটস তার সাক্ষ্যে অভিযোগ করেন, তাদের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর এপস্টেইন তার পরকীয়া সম্পর্কে যা জানতেন, তাতে আরও অনেক মিথ্যা তথ্য যোগ করে তার সঙ্গে আবার যোগাযোগ শুরু করতে চাপ প্রয়োগের চেষ্টা করেছিলেন।

লিখিত বক্তব্যে গেটস আরো বলেন, ‘এপস্টেইন এই চেষ্টায় সফল হননি। আমার আসলে এপস্টেইনের সঙ্গে আমার দেখাই করা উচিত হয়নি।’

কুখ্যাত যৌন নিপীড়ক এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘সীমিত’ বলে বর্ণনা করেন গেটস। তিনি বলেন, ২০১৪ সালের ডিসেম্বরে তাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

গেটসের সাক্ষ্য সম্পর্কে ডেমোক্রেটিক প্রতিনিধি মেলানি স্ট্যানসবারি বলেন, ‘এপস্টিনের সুনাম বা কুখ্যাতি সম্পর্কে জানতেন বলে স্বীকার করেছেন বিল গেটস। তিনি স্বীকার করেছেন এপস্টিন যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত, তার ভাষায়, তিনি ধনী দাতাদের কাছে পৌঁছানোর গ্রহণযোগ্য একটি মাধ্যম হিসেবে এই সীমিত সম্পর্ক রেখেছিলেন।’

প্রসঙ্গত, চলতি বছর কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের ফাইলগুলো প্রকাশের পর তার সঙ্গে গেটসের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই রুদ্ধদ্বার কক্ষে গেটসের এই সাক্ষ্য নেয়া হয়েছে বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬

অনলাইন ডেস্ক
লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত ৬
সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননের টাইর জেলায় একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য জানায় আলজাজিরা

প্রতিবেদন অনুযায়ী, টাইর জেলার আল-আব্বাসিয়াহ শহরে ইসরায়েলি হামলায় চারজন নিহত হন। একই জেলার দেইর কানুন আন-নাহের এলাকায় আরেকটি হামলায় আরো দুজনের মৃত্যু হয়েছে।

এছাড়া ইসরায়েলি বাহিনী ওয়াদি জিলু গ্রামের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ওই হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এনএনএ জানিয়েছে, একই সময়ে টাইর জেলার আল-মাজাদেল এবং মাজদাল জুন শহরেও বিমান হামলা বা অভিযানের ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় প্রতিদিনই বিমান হামলা, ড্রোন হামলা এবং গোলাবর্ষণের ঘটনা ঘটছে, যার ফলে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে।

ব্যাঙ্ককে বোমা হামলা, এক দশকের ‘বিতর্কিত’ তদন্তে ২ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
ব্যাঙ্ককে বোমা হামলা, এক দশকের ‘বিতর্কিত’ তদন্তে ২ জনের মৃত্যুদণ্ড
রয়টার্স ছবি

থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ২০১৫ সালের ১৭ আগস্টে। ওই দিন ব্যাঙ্ককের কেন্দ্রস্থলে অবস্থিত জনপ্রিয় এরাওয়ান মন্দিরে ভয়াবহ বোমা হামলায় বিদেশি পর্যটকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় এক দশক পরে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। যদিও এই রায় এবং তদন্ত নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।

দণ্ডপ্রাপ্ত দুজনই চীনের মুসলিম উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি

আদালতের রায়ে বলা হয়েছে, তারা ২০১৫ সালের ১৭ আগস্ট ব্যাঙ্ককের কেন্দ্রস্থলে অবস্থিত জনপ্রিয় এরাওয়ান মন্দিরের কাছে ভয়াবহ বোমা হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন। ওই হামলায় ২০ জন নিহত এবং ১২০ জনের বেশি মানুষ আহত হন। নিহতদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন।

তবে দীর্ঘ প্রায় এক দশক ধরে চলা বিচারপ্রক্রিয়া এবং তদন্তের বিভিন্ন অসঙ্গতির কারণে মামলাটি নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। অভিযুক্ত দুই ব্যক্তি পুরো বিচারকালেই নিজেদের নির্দোষ দাবি করেছেন।

২০১৫ সালের ওই হামলায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে রাজধানী ব্যাঙ্ককের অন্যতম ব্যস্ত এলাকা রক্তাক্ত হয়ে ওঠে। বিস্ফোরণে মন্দিরে প্রার্থনায় অংশ নেওয়া মানুষজন ছাড়াও আশপাশের সড়কে অবস্থানরত মোটরসাইকেল আরোহীরা হতাহত হন। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকর্মীরা পৌঁছে আহতদের চিকিৎসা এবং নিহতদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।

হামলার পরপরই থাই কর্তৃপক্ষের তদন্ত নিয়ে সমালোচনা শুরু হয়। পর্যটন খাতের ক্ষতি কমাতে সরকার দ্রুত ঘটনাস্থল পরিষ্কার করার নির্দেশ দেয় এবং মাত্র দুই দিনের মধ্যেই মন্দিরটি পুনরায় খুলে দেওয়া হয়। এতে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেন সমালোচকেরা।

তদন্তে দেখা যায়, আশপাশের অনেক নিরাপত্তা ক্যামেরা অকার্যকর ছিল। তবে কিছু ভিডিও ফুটেজে দীর্ঘ চুল ও মোটা চশমা পরা এক ব্যক্তিকে একটি বেঞ্চের নিচে ব্যাকপ্যাক রেখে দ্রুত সরে যেতে দেখা যায়। পরে আরেকটি ভিডিওতে অন্য এক ব্যক্তিকে একটি দ্বিতীয় বোমা খালে ফেলে দিতে দেখা যায়, যা পরে বিস্ফোরিত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

হামলার দুই সপ্তাহের মধ্যেই পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। বিলাল মোহাম্মদ নামে একজনকে ব্যাঙ্ককের পার্শ্ববর্তী এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। সেখানে বোমা তৈরির উপযোগী রাসায়নিক পদার্থও উদ্ধার করা হয়েছিল। তার কাছ থেকে আদেম কারাদাগ নামের একটি জাল তুর্কি পাসপোর্ট পাওয়া যায়।

অন্য অভিযুক্ত ইউসুফু মিয়েরালিকে কম্বোডিয়া থেকে আটক করে থাইল্যান্ডের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের শুরুতে থাই পুলিশ বলেছিল, আটক দুই ব্যক্তি বোমা স্থাপনকারী ব্যক্তি নন। কিন্তু পরে বিলাল মোহাম্মদের বিরুদ্ধে সরাসরি হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়, যদিও নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা ব্যক্তির সঙ্গে তার চেহারার উল্লেখযোগ্য মিল ছিল না বলে দাবি করে বিভিন্ন পর্যবেক্ষক।

এছাড়া হামলার ঘটনায় আরও ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, যাদের কয়েকজন এরই মধ্যে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন।

মানবাধিকার সংগঠন ও আইনি বিশ্লেষকদের মতে, মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলেও তদন্তের বিভিন্ন অসঙ্গতি এবং অন্যান্য সন্দেহভাজনদের অনুপস্থিতির কারণে হামলার প্রকৃত নেপথ্য কাহিনি নিয়ে বিতর্ক পুরোপুরি শেষ হয়নি।

বিতর্কিত যোগসূত্র

প্রত্যাশিতভাবেই অনেকেই এই বোমা হামলার সঙ্গে এর আগের মাসে থাইল্যান্ডের বিতর্কিত সিদ্ধান্তের যোগসূত্র খুঁজতে শুরু করেন। ওই সিদ্ধান্তে ১০৯ জন উইঘুর পুরুষকে জোরপূর্বক চীনে ফেরত পাঠানো হয়েছিল, যা তুরস্কসহ বিভিন্ন দেশে উইঘুর সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের জন্ম দেয়।

হামলার লক্ষ্যবস্তু ওই মন্দিরটি চীনা পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় ছিল। ফলে ঘটনাটি প্রতিশোধমূলক হামলা বলেই মনে হচ্ছিল অনেকের কাছে।

তবে থাইল্যান্ডের সামরিক সরকার এই সম্ভাবনা মানতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে তারা দাবি করে, গত বছর ক্ষমতা দখল করা সামরিক জান্তার অসন্তুষ্ট বিরোধীদের কাজের কারণেও এটি হতে পারে । পরে তারা জোর দিয়ে বলে, সরকারের মানবপাচারবিরোধী অভিযানে ক্ষুব্ধ মানবপাচারকারীরাই এ হামলার পেছনে রয়েছে।

এক অদ্ভুত মোড় নিতে অপরাধীদের ধরিয়ে দিতে তথ্যদাতার জন্য ৮০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে থাই পুলিশ । এ ঘটনার পরপরই দুই জনকে আটক করার পরও অনেক সন্দেহভাজন পলাতক রয়েছে বলে স্বীকার করে তারা। কিন্তু এরপরও ওই পুরস্কার নিজেরাই নিজেদের দিয়ে দেয় এবং ঘোষণা করে, মামলার তদন্ত শেষ।

দুই সন্দেহভাজনকেই সামরিক হেফাজতে রাখা হয়েছিল। তাদের অভিযোগ, স্বীকারোক্তি আদায়ের জন্য তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। পরে সামরিক আদালতে বিচার শুরু হলে তারা সেই স্বীকারোক্তি প্রত্যাহার করে নেন।

তাদের মধ্যে বিলাল মোহাম্মদ চিৎকার করে অভিযোগ করেন যে, তার সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। আদালতে তিনি সাক্ষ্য দেন, গ্রেপ্তারের সময় যে বাড়িতে তিনি ছিলেন সেখানে তিনি একজন মানবপাচারকারীর অপেক্ষায় ছিলেন, যিনি তাকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল। সেখান থেকে তিনি তুরস্কে যেতে চেয়েছিলেন। এটি উইঘুর আশ্রয়প্রার্থীদের ব্যবহৃত একটি সুপরিচিত রুট।

এরপর শুরু হয় দীর্ঘ বিলম্ব। সাধারণত থাই কর্তৃপক্ষের দাবি ছিল, তারা উইঘুর ভাষাভাষী কোনো দোভাষী খুঁজে পাচ্ছে না। অভিযুক্তরা চীনা দূতাবাসের প্রস্তাবিত দোভাষীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এভাবে বিলম্ব চলতেই থাকে—এক দশকেরও বেশি সময় ধরে।

আন্তর্জাতিক আইনবিদ কমিশনসহ (আইসিজে) কয়েকটি মানবাধিকার সংগঠন বিচারপ্রক্রিয়া এবং মামলার অস্বাভাবিক দীর্ঘসূত্রতার সমালোচনা করেছে। তাদের মতে, বিচারপ্রক্রিয়ায় এত বেশি সমস্যা ছিল যে দুই সন্দেহভাজনকে মুক্তি দেওয়া উচিত ছিল।

এক বিবৃতিতে আইসিজে বলেছে, বিলাল মোহাম্মদ ও ইউসুফু মিয়েরাইলির তদন্ত, বিচারিক কার্যক্রম এবং বিচার মানবাধিকার লঙ্ঘন পরিপূর্ণ ছিল। এতে থাইল্যান্ডের ফৌজদারি বিচারব্যবস্থার কিছু কাঠামোগত দুর্বলতাও উন্মোচিত করেছে।

তবে বিচারকরা রায় দেন যে, তাদের দোষী সাব্যস্ত করার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে। বিশেষ করে পুলিশের উপস্থাপিত ফোনকলের রেকর্ডে দেখা যায়, বোমা হামলার সময় দুই ব্যক্তি ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

দুই আসামির আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

ওমান উপকূলে নতুন আতঙ্ক, পরপর ৩ ভারতীয় জাহাজে হামলা

অনলাইন ডেস্ক
ওমান উপকূলে নতুন আতঙ্ক, পরপর ৩ ভারতীয় জাহাজে হামলা
সংগৃহীত ছবি

ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে আরো একটি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ভারতের দূতাবাস ও ওমান কর্তৃপক্ষ। 

গলফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের শিনাস বন্দরের কাছে একটি ভারতীয় জাহাজ হামলার শিকার হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ নিয়ে পরপর তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ

মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্সে দেওয়া এক বার্তায় জানায়, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ওমানের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং আরও তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি।

এখন পর্যন্ত সংশ্লিষ্ট জাহাজের পরিচয়, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তৃতীয় সামুদ্রিক ঘটনা

ওমান উপকূলে অল্প সময়ের ব্যবধানে এটি তৃতীয় সামুদ্রিক হামলা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

তবে সাম্প্রতিক ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত কি না, নাকি এগুলো পৃথক ঘটনা- এ বিষয়ে ওমান কর্তৃপক্ষ এখনও তদন্ত করছে বলে জানা গেছে।

এমটি মারিভেক্সে আগুন

গত ৮ জুন প্রথম ঘটনা ঘটে, যখন হরমুজ প্রণালির দক্ষিণে ‘এমটি মারিভেক্স’ নামের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটিতে তখন ২৪ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আগুন লাগে এবং দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে জানা যায়, ভারতীয় নাবিকদের সবাই নিরাপদে ছিলেন। তবে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়।

সেটেবেলোতে হামলা, নিহত ৩ ভারতীয় নাবিক

এরপর ১০ জুন ওমান উপকূলে ‘সেটেবেলো’ নামের একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়। জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরে নিশ্চিত করেন, নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

নৌপরিবহনমন্ত্রী তিনি জানান, জীবিতদের দেশে ফিরিয়ে আনা এবং নিহতদের মরদেহ স্বদেশে পাঠানোর জন্য সরকার কাজ করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তিনি।

তদন্ত অব্যাহত

ভারত সরকার জানিয়েছে, সর্বশেষ ঘটনাসহ সাম্প্রতিক তিনটি সামুদ্রিক ঘটনার বিষয়ে আন্তর্জাতিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো তথ্য প্রকাশ করা হবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও ওমান উপকূল ঘিরে চলমান নিরাপত্তা সংকট আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপরিবহনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে ভারতীয় নাবিকদের সম্পৃক্ততা থাকায় নয়াদিল্লি পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছে।

ভারতের যোধপুরে সাম্প্রদায়িক সংঘর্ষের পর গ্রেপ্তার ৯৭ | কালের কণ্ঠ