• ই-পেপার

‘মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়াতে ১০০কোটি ডলার দিয়েছে সৌদি’

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ কর্মসূচি

অনলাইন ডেস্ক
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ কর্মসূচি
ছবি : সংগৃহীত

ভারতের ব্যঙ্গধর্মী অনলাইন রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’-এর (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়া এই আন্দোলনকে এবার রাজপথে নিয়ে যাওয়া হবে। এ উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে এসেছেন।

নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস এবং সিবিএসইর দ্বাদশ শ্রেণির খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আজ (শনিবার) দিল্লিতে বড়সড় বিক্ষোভের ডাক দিয়েছে যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি)। তাদের দাবি, এই ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত।

বার্তা সংস্থা এএফপি জানায়, ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে শনিবার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চাইবেন।

বিক্ষোভটি অনুষ্ঠিত হওয়ার কথা দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে। সেখানে বহু ছাত্র-যুবক অংশ নিতে পারেন বলে প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ইতিমধ্যেই ভারতে পৌঁছেছেন। তিনি জানিয়েছেন, আন্দোলনটি শান্তিপূর্ণ হবে এবং সংবিধান মেনে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে তৈরি ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি গত মাসে যাত্রা শুরু করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে সরকার-সমালোচনাকারী কিছু তরুণকে ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ বলে মন্তব্য করেছেন বলে খবর প্রকাশের পর এই সংগঠনের জন্ম হয়। তবে পরে তিনি দাবি করেন, তার বক্তব্য প্রসঙ্গের বাইরে উপস্থাপন করা হয়েছিল। বিরোধী দল আম আদমি পার্টির (এএপি) সাবেক কর্মী ও রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দীপকে ১৬ মে অনলাইনে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তাদের দাবি, ইনস্টাগ্রামে সিজেপির অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে, যা ভারতের বড় রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

‘তরুণদের জন্য, তরুণদের দ্বারা, তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, এই স্লোগান নিয়ে সংগঠনটির জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। এদিকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সমালোচনার মুখে থাকা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন অভিজিৎ দীপকে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা অভিজিৎ দিপকে আজকের সমাবেশে নিজেই নেতৃত্ব দেবেন। তবে বিক্ষোভ কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে দলটি প্রশাসনের সব নিয়ম মেনে চলবে বলে জানিয়েছে।

দিল্লির কর্মসূচির আগে সংগঠনটি তিনজন নতুন মুখপাত্রের নামও ঘোষণা করেছে। অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন সিজেপি জানিয়েছে, সাংবাদিক সৌরভ দাসকে প্রধান মুখপাত্র করা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া এবং সাবেক ম্যানেজমেন্ট পরামর্শক আশুতোষ রানকা সংগঠনের নীতি ও অবস্থান গণমাধ্যম ও সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন।

দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও বরুণ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা দিল্লি পুলিশের কাছে বিক্ষোভের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছি এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করছি। দেশের আইন ও বিধি মেনেই আমরা কর্মসূচি পালন করব।’

এদিকে এই সংগঠনের ডাকে আজ দিল্লির রাজপথে হাজার হাজার ছাত্র-যুবকের জমায়েত হতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। এ কারণে শনিবার সকাল থেকেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানীর সব প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নয়া দিল্লি জেলা ও অন্যান্য কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে এক হাজারের বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিমানবন্দর, প্রধান রেলস্টেশন, আন্তঃরাজ্য বাস টার্মিনাল (আইএসবিটি) এবং প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে দিল্লার সংযোগকারী সীমান্ত এলাকায় কঠোর তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে।

এই ছাত্র-যুব আন্দোলনকে আরও শক্তিশালী করতে যন্তর মন্তরের সমাবেশে যোগ দিতে পারেন লাদাখের বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক। লাদাখের স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনের সময় গত বছর তিনি গ্রেফতার হয়েছিলেন। এর আগেই তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওয়াংচুক লিখেছেন, ‘আমরা যদি না লড়ি, তাহলে আর কে লড়বে? এখনই যদি না করি, তাহলে কবে করব? পরিস্থিতির পরিবর্তন না হলে ৬ জুন আমি দিল্লিতে সিজেপির সদস্যদের পাশে দাঁড়াব। দেশের শিক্ষা ব্যবস্থায় এত বড় সংকট তৈরি হলে একজন দায়িত্বশীল মন্ত্রীর উচিত নিজে থেকেই পদত্যাগ করা। কারণ এর সঙ্গে কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে আছে।’ একটি ভিডিও বার্তায় তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানান। 

বিক্ষোভের ঠিক আগের দিন, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনেও উঠে আসে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) প্রসঙ্গ।  

সংবাদকর্মীরা মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ভারতে ফেরার পথে অভিজিৎ দিপকের বিরুদ্ধে কোনো ‘বহিষ্কার’ বা ‘ভিসার অপব্যবহার’ সংক্রান্ত তথ্য মার্কিন প্রশাসন ভারতকে জানিয়েছে কি না। জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য নেই। সিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে দিল্লির জন্তর মন্তর এলাকায় বিক্ষোভ শুরু হওয়ার কথা। আন্দোলনকারীদের প্রথমে পার্লামেন্ট স্ট্রিট থানার কাছে জড়ো হয়ে সেখান থেকে মিছিল করে মূল সমাবেশস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আন্দোলন শান্তিপূর্ণ রাখতে সংগঠনটি বেশ কিছু নির্দেশনাও জারি করেছে। অংশগ্রহণকারীদের জাতীয় পতাকা ও একটি বই সঙ্গে রাখতে, কর্মসূচির ভিডিও ধারণ করতে এবং কোনো উসকানি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি রোদ থেকে সুরক্ষার জন্য পানি, সানস্ক্রিন ও টুপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানিয়ে ফুল দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে একা না এসে দলবদ্ধভাবে অংশ নেওয়া, উসকানিমূলক মন্তব্য এড়িয়ে চলা এবং খালি পেটে কর্মসূচিতে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় মজার ছলে বলা হয়েছে, ‘বিপ্লব করতে গেলে ব্রেকফাস্ট করাটা মাস্ট!’


 

যুক্তরাষ্ট্রে গবাদি পশুর শরীরে আবার মিলল মাংসখেকো পরজীবী ‘স্ক্রুওয়ার্ম’

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে গবাদি পশুর শরীরে আবার মিলল মাংসখেকো পরজীবী ‘স্ক্রুওয়ার্ম’
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদি পশুর জন্য মাংসখেকো পরজীবী ‘স্ক্রুওয়ার্ম’-এর দ্বিতীয় একটি সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। চলতি সপ্তাহে যেখানে প্রথম এই পরজীবীটি পাওয়া গিয়েছিল, তার থেকে ৫.৬ মাইল (৯ কিলোমিটার) দূরে নতুন এই সংক্রমণটি শনাক্ত হলো। ফলে মার্কিন গবাদি পশুপালকদের মধ্যে নতুন করে বড় ধরনের আর্থিক লোকসানের আতঙ্ক তৈরি হয়েছে।

ইউএসডিএ জানিয়েছে, টেক্সাসের জাভালা কাউন্টির একটি খামারে এক মাস বয়সী একটি বাছুরের শরীরে এই ক্ষতিকর পরজীবীটি পাওয়া গেছে। অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট হেলথ ইন্সপেকশন সার্ভিস (এপিএইচআইএস) বেশ কয়েকটি সন্দেহজনক নমুনা পরীক্ষা করার পর এই দ্বিতীয় উপদ্রবটি নিশ্চিত করেছে। তবে আশেপাশের এলাকার অন্যান্য খামার থেকে সংগৃহীত নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

স্ক্রুওয়ার্ম হলো মূলত এক ধরণের পরজীবী মাছি। এটি গরু বা অন্য যেকোনো উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর খোলা ক্ষত বা নরম চামড়ায় ডিম পাড়ে। ডিম ফুটে লার্ভা বের হওয়ার পর, এরা পশুর জ্যান্ত মাংস ও টিস্যু কুড়ে কুড়ে খায় এবং রক্ত চুষে জীবনধারণ করে। সঠিক সময়ে চিকিৎসা না করা হলে আক্রান্ত পশুর মৃত্যু পর্যন্ত হতে পারে।

এর আগে ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রে এই পরজীবীর প্রাদুর্ভাব বন্যপ্রাণী ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি করেছিল। টেক্সাস আমেরিকার বৃহত্তম গবাদি পশু উৎপাদনকারী রাজ্য হওয়ায়, এবারও এর বিস্তার ঘটলে পশুদের মৃত্যুসহ চিকিৎসা ও অতিরিক্ত শ্রমজনিত কারণে খামারিদের বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। মেক্সিকোর মধ্য দিয়ে এই পোকাটি উত্তর দিকে অগ্রসর হচ্ছিল, যা নিয়ে গত এক বছর ধরেই টেক্সাসের খামারিরা আশঙ্কার মধ্যে ছিলেন।

ঝুঁকি এড়াতে মার্কিন প্রশাসন গত এক বছরেরও বেশি সময় ধরে মেক্সিকো থেকে জীবিত গবাদি পশু আমদানি বন্ধ রেখেছে। এ ছাড়া এই ক্ষতিকর পোকার বিস্তার রোধ করতে লক্ষ লক্ষ ডলার ব্যয় করা হচ্ছে। যার মধ্যে রয়েছে ল্যাবরেটরিতে বন্ধ্যা মাছি উৎপাদন করে প্রকৃতিতে ছেড়ে দেওয়া, পোকা ধরার জন্য ফাঁদ পাতার কর্মসূচি বাড়ানো এবং খামারগুলোতে গবাদি পশু পর্যবেক্ষণ ব্যবস্থা আরো জোরদার করা।

সূত্র : রয়টার্স

হরমুজ প্রণালির কাছে ইরানের রাডারঘাঁটিতে মার্কিন হামলা

অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালির কাছে ইরানের রাডারঘাঁটিতে মার্কিন হামলা
ছবি : রয়টার্স

হরমুজ প্রণালীর দিকে ইরানের পাঠানো ড্রোন ড্রোন ভূপাতিত করার পর দেশটির উপকূলীয় রাডার সাইটগুলোতে শনিবার (৬ জুন) পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ থামানোর জন্য যখন পরোক্ষ আলোচনা চলছে, ঠিক তখনই এই ঘটনা ঘটল। 

একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চারটি ইরানি ড্রোন ওই অঞ্চলের বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছিল বলে সামরিক বাহিনী নিশ্চিত হয়েছিল। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের ‘গোরুক’ ও ‘কেশম’ দ্বীপের নজরদারি চৌকিগুলোতে বিমান হামলা চালায়।

উল্লেখ্য, যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই হরমুজ প্রণালি দিয়েই পরিবহন করা হতো, যা বর্তমানে ইরান কার্যত অবরুদ্ধ করে রেখেছে। যেকোনো শান্তিচুক্তির শর্ত হিসেবে তেহরান তাদের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানির নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি এবং শত শত কোটি ডলারের আটকে থাকা তেল রাজস্বের ভাগ দাবি করছে।

এ যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন হামলায় ইরানের বেশির ভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। তবে এখনো তাদের কাছে মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ২১% থেকে ২২% অবশিষ্ট রয়েছে। ইরানের চুক্তি করতে দেরি করার কারণ হিসেবে ট্রাম্প মন্তব্য করেন, তারা অত্যন্ত গর্বিত ও শক্তিশালী জাতি। এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যা তারা কখনো ভাবেনি, কিন্তু এখন তাদের বাধ্য হয়েই তা করতে হচ্ছে। তাই চুক্তি হতে কিছুটা সময় লাগছে।

৩৯ দেশের অভিবাসীদের লক্ষ্যে ট্রাম্পের নীতি বাতিল

অনলাইন ডেস্ক
৩৯ দেশের অভিবাসীদের লক্ষ্যে ট্রাম্পের নীতি বাতিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয় (অ্যাসাইলাম), কাজের অনুমতি, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব সংক্রান্ত আবেদন নিষ্পত্তি থেকে বেআইনিভাবে বঞ্চিত করেছে বলে রায় দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।

শুক্রবার রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে প্রধান মার্কিন জেলা বিচারক জন ম্যাককনেল বলেন, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ৩৯টি দেশের নাগরিকদের লক্ষ্য করে একাধিক অবৈধ নীতি গ্রহণ করেছিল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর আগে গত মার্চে অভিবাসী সেবা সংস্থা ও শ্রমিক ইউনিয়নগুলোর একটি জোট এ বিষয়ে মামলা দায়ের করে।

মামলায় অভিযোগ করা হয়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনস্থ ইউএসসিআইএস গত নভেম্বর থেকে এমন কিছু নীতি কার্যকর করে, যার ফলে ট্রাম্পের পূর্ণ বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর নাগরিকদের অভিবাসন-সুবিধাসংক্রান্ত আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত হয়ে যায়।

ট্রাম্প প্রশাসন এসব নিষেধাজ্ঞাকে নিরাপত্তা যাচাই ও জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় বলে যুক্তি দেখিয়েছে। তবে বিচারক ম্যাককনেল বলেন, ‘এই নীতিগুলো যুক্তরাষ্ট্রে বসবাসরত অসংখ্য অভিবাসীর জীবনকে অনির্দিষ্ট আইনি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।’

রায়ে তিনি উল্লেখ করেন, ‘ইউএসসিআইএসের আবেদন নিষ্পত্তি স্থগিত রাখার সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ভুল করেননি। এটি কেবল তাদের জন্মস্থানের কারণে ঘটেছে।’

বিচারক আরো বলেন, ‘এসব অভিবাসী কংগ্রেস প্রণীত এবং ইউএসসিআইএসের বিধিমালায় নির্ধারিত সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেছেন। তারপরও তাদের আবেদনগুলো মাসের পর মাস ঝুলিয়ে রাখা হয়েছে এবং সংস্থাটি সেগুলোর নিষ্পত্তি করতে অস্বীকৃতি জানিয়েছে।’

আরো পড়ুন
অভিবাসন দমনে ট্রাম্পের বড় জয়

অভিবাসন দমনে ট্রাম্পের বড় জয়

 

আইনের বিষয়ে ম্যাককনেল বলেন, ‘আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। কিন্তু এখানে স্পষ্ট যে ইউএসসিআইএস আইন অনুসরণ করেনি এবং সঠিক পদ্ধতিতেও কাজ করেনি।’

তিনি আরো মন্তব্য করেন, সংস্থাটি শুধু কংগ্রেস প্রণীত অভিবাসন আইনই লঙ্ঘন করেনি, বরং সরকারি সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনার জন্য প্রযোজ্য প্রশাসনিক আইনও ভঙ্গ করেছে।

এদিকে, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

রায়টি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আইনি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর হাজারো আবেদনকারীর জন্য নতুন আশার সঞ্চার করেছে।

‘মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়াতে ১০০কোটি ডলার দিয়েছে সৌদি’ | কালের কণ্ঠ