• ই-পেপার

শাহরুখ খানের দলে খেলবেন পাকিস্তানের ‘বিতর্কিত’ স্পিনার

‘আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি’—স্কালোনির আবেগঘন চিঠি

ক্রীড়া ডেস্ক
‘আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি’—স্কালোনির আবেগঘন চিঠি
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের সপ্তাহখানেক পর এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিজ শহর পুহাতো ছেড়ে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই আবেগী বার্তা দিয়েছেন। চিঠিতে ফাইনালে শিরোপা জিততে না পারার আক্ষেপের পাশাপাশি ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন স্কালোনি। 

বিশ্বকাপের পর পুহাতোয় ফিরে মানুষের অকুণ্ঠ ভালোবাসার অনুভূতি জানাতে গিয়ে স্কালোনি ইন্সটাগ্রামে লিখেছেন, ‘সবার আগে শুধু এটুকু বলতে চাই, আপনাদের আরেকটি ট্রফি জয়ের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। আমাকে ক্ষমা করবেন। তবে আমি চাই, আপনারা আমার যোদ্ধাদের মনে রাখুন। আমি আমার স্ত্রীকে ফুটবলারদের কথা বলার সময় যোদ্ধা নামেই সম্বোধন করি।’

সমালোচকদের উদ্দেশ্যে স্কালোনি লিখেছেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কঠিন সমালোচনাও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না, তখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি। আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, এএফএর সব কর্মকর্তা-কর্মচারী, যারা নীরবে আমাদের জন্য কাজ করে গেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ আরো লিখেছেন, ‘গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। এখন একটু শান্ত হয়ে কয়েকটি কথা লিখতে বসেছি। আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবু মনে হলো, আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়।’

স্কালোনি তার খোলা চিঠির শেষটা করেছেন এভাবে—‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে এক অমূল্য সম্পদ আছে।’

কোন খেলায় কোন দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক
কোন খেলায় কোন দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন

বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রতি বছরই নানা খেলার বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। কোথাও ফুটবলের বিশ্বকাপ, কোথাও ক্রিকেটের বিশ্ব আসর, আবার কোথাও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট ওঠে নতুন কোনো দেশের মাথায়; যা কারো কারো কাছে অজানাই থেকে যায়।

অবশ্য সব খেলার বিশ্ব চ্যাম্পিয়ন সম্পর্কে একসঙ্গে জানা সহজ নয়। বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের ফুটবল ও ক্রিকেট নিয়ে আগ্রহ বেশি থাকায় অনেকে অন্য খেলার খোঁজখবরও রাখেন না। তবে কালের কণ্ঠের পাঠকদের জন্য সেটি এবার সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বর্তমানে ছেলেদের কোন খেলায় কোন দেশ বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রেখেছে—

বিভিন্ন খেলার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন

খেলা বিশ্ব চ্যাম্পিয়ন
ফুটবল স্পেন
টেস্ট ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে ক্রিকেট অস্ট্রেলিয়া
টি২০ ক্রিকেট ভারত
বেসবল ভেনেজুয়েলা
রাগবি ইউনিয়ন দক্ষিণ আফ্রিকা
রাগবি সেভেনস ফ্রান্স
বাস্কেটবল জার্মানি
ফিল্ড হকি জার্মানি
ভলিবল ইতালি
টেনিস ইতালি
আইস হকি ফিনল্যান্ড
হ্যান্ডবল ডেনমার্ক
দাবা ভারত
ওয়াটার পোলো স্পেন
ব্যাডমিন্টন চীন
টেবিল টেনিস চীন
ল্যাক্রস যুক্তরাষ্ট্র
কার্লিং সুইডেন
আর্চারি দক্ষিণ কোরিয়া
ফুটসাল ব্রাজিল

আল নাসরে রোনালদোর ক্ষমতা কি আরো বাড়ছে

ক্রীড়া ডেস্ক
আল নাসরে রোনালদোর ক্ষমতা কি আরো বাড়ছে
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

আল নাসর ক্লাবে নিজের প্রভাব কাজে লাগিয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ক্লাবের ট্রান্সফার বা দলবদলের ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ বাতিলের দাবি তুলেছেন। পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্বদেশি মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর জন্য নিজে উদ্যোগী হয়েছেন।

গোল ডট কমের প্রতিবেদন অনুযায়ী, আল নাসরের ভবিষ্যৎ প্রকল্প সঠিক পথে রাখতে এবং নতুন মৌসুমের পুনর্গঠন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ক্লাব ব্যবস্থাপনায় নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছেন রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির মূল দাবি, ক্লাবের দলবদল প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক হস্তক্ষেপ চলবে না। ক্রীড়া পরিচালক সিমেউ ও নির্বাহী পরিচালক সেমেদুর জুটিকে দলবদলের বিষয়ে পূর্ণ স্বাধীনতা ও নিরঙ্কুশ ক্ষমতা দিতে হবে।

কোনো ধরনের অভ্যন্তরীণ বাধা ছাড়াই কেবল কৌশলগত মানদণ্ডের ভিত্তিতে খেলোয়াড় কেনা-বেচা নিশ্চিত করতেই এই কড়াকড়ি রোনালদোর।

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেজকে দলে টানার জন্য জোরেশোরে প্রস্তুতি শুরু করেছে আল নাসর। ব্রুনোর আর্থিক চাহিদা ও দলবদলের প্রাথমিক অবস্থা জানতে আনুষ্ঠানিক যোগাযোগের পরিকল্পনা করছেন সৌদি ক্লাবটির কর্তারা।

ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রুনোর চুক্তি নবায়ন নিয়ে আলোচনা আটকে থাকায় সেই সুযোগটিই কাজে লাগাতে চাইছেন রোনালদো। সৌদি প্রো লিগ প্রকল্পের ভবিষ্যৎ বুঝিয়ে নিজ দেশের সতীর্থকে আল নাসরে আসার জন্য তিনি নাকি নিজেই রাজি করাচ্ছেন। 

তবে রোনালদোকে বিপুল অংকের বেতন (বছরে ২১ কোটি ডলারের বেশি) এবং অন্যান্য তারকাদের পেছনে মাত্রাতিরিক্ত খরচের কারণে আল নাসর বর্তমানে তীব্র আর্থিক সংকটে ভুগছে। 

গত মৌসুমে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগ শিরোপা জিতেছেন রোনালদো। ক্লাবটির সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি আছে।

ছেলেদের ম্যাচে ধাক্কাধাক্কি ও হাতাহাতি, থামাতে গিয়ে আহত মেয়ে রেফারি

ক্রীড়া ডেস্ক
ছেলেদের ম্যাচে ধাক্কাধাক্কি ও হাতাহাতি, থামাতে গিয়ে আহত মেয়ে রেফারি
মাঠের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মাথায় আঘাত পান নারী রেফারি মাথিলদে দেমোঁসে। ছবি: সংগৃহীত

মাঠের পাশেই বড় করে লেখা ছিল, ‘রেফারিকে সম্মান করুন’। অথচ সেই বার্তার সামনেই দুই দলের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি ও হাতাহাতি থামাতে গিয়ে মাঠে ছিটকে পড়েছেন নারী রেফারি মাথিলদে দেমোঁসে। ২৬ বছর বয়সী এই ফরাসি রেফারি মাথায় আঘাত পেয়েছেন।

গোল ডট কমের খবরে বলা হয়েছে, গতকাল (২৫ জুলাই) ফ্রান্সের ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ক্লাব ফরচুনা সিটার্ডের মধ্যকার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এই ঘটনা ঘটে। পূর্ব ফ্রান্সের ফোরবাখে শ্লসবের্গ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটি ৩-১ গোলে জেতে মেৎজ। তবে প্রীতি ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় নারী রেফারির আহত হওয়ার অপ্রীতিকর ঘটনা। 

ম্যাচের ৪০ মিনিটে এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরাকে কেন্দ্র করে দুই দলের দুজন মুখোমুখি অবস্থান নেন। মুহূর্তের মধ্যেই তাদের ঘিরে জড়ো হন আরো কয়েকজন ফুটবলার। উত্তেজনা দ্রুত ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নিলে পরিস্থিতি শান্ত করতে ছুটে যান রেফারি দেমোঁসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করার সময় ধাক্কাধাক্কির মধ্যে ভারসাম্য হারিয়ে সজোরে মাঠে ছিটকে পড়েন দেমোঁসে। কয়েক মিনিট মাঠেই পড়ে ছিলেন তিনি। 

সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসকেরা দ্রুত মাঠে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দেমোঁসের শারীরিক অবস্থা পরীক্ষা করেন। খেলা আবার শুরু হলে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন দেমোঁসে। তবে বিরতির সময় মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধে তার জায়গায় দায়িত্ব পালন করেন অন্য এক সহকারী রেফারি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেমোঁসে কনকাশনে আক্রান্ত হয়েছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

ফরচুনা সিটার্ড নিজেদের ওয়েবসাইটে ঘটনাটিকে ‘অস্বাভাবিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছে। মেৎজের প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটির উল্লেখই ছিল না।