তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সুইডেন। ৭ মিনিটে ম্যাচের প্রথম আর যোগ করা সময়ে শেষ করেছেন ইয়াসিন আয়ারি।
তবে ইয়াসিনের দুর্দান্ত পারফরম্যান্সের চেয়ে এখন বেশি আলোচনায় গোল উদযাপন না করে উল্টো প্রতিপক্ষ তিউনিসিয়ার সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করার ঘটনা।
গোলের পর দেখা যায়, ইয়াসিন তিউনিসিয়া সমর্থকদের উদ্দেশে করজোরে ক্ষমা চাইছেন। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, সুইডেনের এই মিডফিল্ডার কেন উদযাপন করলেন না?
এর কারণ লুকিয়ে আছে তার পারিবারিক পরিচয়ে। সুইডেনের সোলনা শহরে জন্ম নেওয়া ইয়াসিনের বাবা তিউনিসিয়া এবং মা মরক্কোর বংশোদ্ভূত। তাই বাবার দেশ তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তার জন্য বিশেষ আবেগের। নিজের পারিবারিক শিকড়ের প্রতি সম্মান জানাতেই গোল উদযাপন থেকে বিরত থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের এই ফুটবলার।
২২ বছর বয়সী ইয়াসিনের সঙ্গে তিউনিসিয়ার সম্পর্ক শুধু পারিবারিক নয়। ২০২১ সালে সুইডেনের বয়সভিত্তিক দলে থাকতে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন তাকে নিজেদের জাতীয় দলের হয়ে খেলানোর চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত তিনি সুইডেনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন এবং বর্তমানে দেশটির জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।
অবশ্য সেই সময় ইয়াসিন আয়ারি তিউনিসিয়ার হয়ে খেলবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু তার বাবা আজ্জুজ আয়ারি তাকে মনে করিয়ে দেন সুইডেনই তাদের পরিবারকে স্বাগত জানিয়েছে, সুযোগ দিয়েছে এবং ভবিষ্যৎ গড়তে সাহায্য করেছে।
ইউরোপের দেশটির প্রতি কৃতজ্ঞতার কারণেই ইয়াসিন শেষ পর্যন্ত সুইডেনকে বেছে নেন। মন্তেররেইয়ের বিবিভিএ স্টেডিয়ামে আজ পারিবারিক আনুগত্য ও কৃতজ্ঞতার নতুন গল্প লিখে বেশ প্রশংসা কুড়াচ্ছেন ইয়াসিন।
বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইডেনের পরের ম্যাচ আগামী শনিবার (২০ জুন); প্রতিপক্ষ নেদারল্যান্ডস।






