ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪২টি চায়না দোয়ারি জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে বাজারের দুটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারি উদ্ধার করা হয়।
পরে সন্ধ্যায় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের নেতৃত্বে জব্দ করা জাল ও দোয়ারিগুলো উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারি ব্যবহারের ফলে নদী-নালা, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হয়। দীর্ঘমেয়াদে এটি দেশের মৎস্যসম্পদ হ্রাসের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হওয়ায় সরকার মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী এসব জালের উৎপাদন, মজুত, বিক্রয় ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিয়মিতভাবে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের পোনা, ডিম ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা দীর্ঘমেয়াদে মৎস্য উৎপাদনের জন্য বড় হুমকি।’
তিনি আরো বলেন, ‘মৎস্য আইন বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরো জোরদারভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।’






