লিওনেল মেসির অবসর নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা চলছেই। তবে আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের কথা ভাবছেন না বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
দিয়ারিও ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘মেসি যতদিন চাইবেন ততদিন খেলবেন। আমরা জানি তিনি কী ধরনের খেলোয়াড়। তাই তার ষষ্ঠ বিশ্বকাপ খেলা আমাকে মোটেও অবাক করে না।’
৩৮ বছর বয়সী মেসি ইতোমধ্যে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে প্রায় সব সম্ভাব্য শিরোপা জয় করেছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্নও পূরণ করেন তিনি। তবে এত অর্জনের পরও তার জয়ের ক্ষুধা একটুও কমেনি বলে মনে করেন স্কালোনি।
আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে (মেসি) এখনো সেরা, কারণ সে সবসময় আরো কিছু চায়। সে প্রতিনিয়ত প্রমাণ করে যে তার জয়ের ক্ষুধা এখনো আগের মতোই রয়েছে।’
বিশ্বকাপের আগে মেসির ফিটনেস নিয়েও কথা বলেছেন স্কালোনি। হ্যামস্ট্রিং সমস্যার কারণে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে আলাদাভাবে কাজ করেছেন ইন্টার মায়ামির এই তারকা। তবে দলের আশা, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।
মেসির খেলার সময় ও শারীরিক অবস্থা ব্যবস্থাপনা প্রসঙ্গে স্কালোনি জানান, এ ধরনের সিদ্ধান্ত কখনোই একতরফাভাবে নেওয়া হয় না। বরং মেসির সঙ্গে আলোচনা করেই সবকিছু নির্ধারণ করা হয়।
তিনি বলেন, ‘আমি সবসময় তার সঙ্গে কথা বলি এবং জানতে চাই সে কেমন অনুভব করছে। এরপর আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিই। তার মতো একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এভাবেই হওয়া উচিত।’
স্কালোনির মতে, শতভাগ ফিট না থাকলেও মেসির উপস্থিতি দলের জন্য বড় শক্তি। কারণ মাঠে তার প্রভাব প্রতিপক্ষের পরিকল্পনাতেও বড় পরিবর্তন এনে দেয়।
আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর গ্রুপ পর্বে তারা অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে।





