সাফ নারী চ্যাম্পিয়নশিপের বুধবারের প্রথম সেমিফাইনালে ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গত দুটি সাফের ফাইনালে হিমালয় কন্যাদের হারিয়েই দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সিংহাসনে বসেছিল বাংলাদেশ।
এদিকে ম্যাচের আগে ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো বাংলাদেশ দল।
দলের এই কঠিন পরিস্থিতিতে বাফুফের পাঠানো অডিও বার্তায় কোচ পিটার বাটলার শিউলি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সমবেদনা এবং আমাদের চিন্তা ও প্রার্থনা আজিম পরিবারের সঙ্গে আছে। জীবন মাঝে মাঝে খুব সংক্ষিপ্ত ও নিষ্ঠুর হতে পারে।’
তবে শোকের এই আবহ যেন মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব না ফেলে, সেই মন্ত্রও শিষ্যদের কানে দিয়েছেন বাংলাদেশ নারী দলের কোচ। তিনি বলেন, ‘ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে হবে আমাদের। এই দুঃখজনক ঘটনাকে শক্তিতে রূপান্তর করতে হবে।’
বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে এই মহারণ। খেলাটি টেলিভিশনে সরাসরি দেখাবে টি স্পোর্টস।




