আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজের পছন্দের ফেবারিট দলগুলোর নাম জানিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা। তবে অবাক করার মতো বিষয়, তার তালিকায় ব্রাজিল থাকলেও জায়গা হয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
কস্তার মতে, এবারের বিশ্বকাপে শিরোপার প্রধান দাবিদার ব্রাজিল, ফ্রান্স, স্পেন ও জার্মানি। তার বিশ্বাস, এই চার দলই সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার মতো সামর্থ্য রাখে।
বিশেষ করে ব্রাজিলকে নিয়ে বেশ আশাবাদী কস্তা। তিনি মনে করেন, কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের অধীনে ব্রাজিল আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারে।
কস্তা বলেন, ‘আনচেলত্তির মধ্যে বিশ্বকাপ জেতার মতো সব গুণ রয়েছে। ব্রাজিল জাতীয় দলের একটি অনন্য ঐতিহ্য রয়েছে এবং তাদের হাতে সবসময়ই সেই মুহূর্তের সেরা প্রতিভারা থাকে। আর নেইমারের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান ফুটবলার থাকলে ব্রাজিলের পথ আরো সহজ হয়। ওরকম একজন খেলোয়াড় না থাকলে, আমার মনে হয় লক্ষ্যটা আরো একটু জটিল হতো, যদিও তা নাগালের মধ্যেই থাকত।’
তিনি আরো বলেন, বিশ্ব ফুটবলের মান এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। ছোট দলগুলোও এখন বড় দলকে হারিয়ে দিতে পারে, যদি তারা সর্বোচ্চ মনোযোগ ও আত্মত্যাগ নিয়ে মাঠে নামে।
তবে ফেবারিটের তালিকায় আর্জেন্টিনাকে না রাখলেও স্বপ্নের ফাইনাল হিসেবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই দেখতে চান কস্তা। তার মতে, দক্ষিণ আমেরিকার এই চিরপ্রতিদ্বন্দ্বিতার আবহ অন্য যেকোনো ম্যাচের চেয়ে সম্পূর্ণ আলাদা।
তিনি বলেন, ‘ফাইনালে কারা সুযোগ পাবে তা আমি বলতে পারি না, তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটি ফাইনাল দেখতে আমি সত্যিই খুব আগ্রহী । দক্ষিণ আমেরিকান সুপারক্লাসিকোর এমন একটি আবহ আছে, যা ব্রাজিল বা আর্জেন্টিনায় জন্ম না নিলে পুরোপুরি বোঝা সম্ভব নয়।’




