• ই-পেপার

শেষ মুহূর্তের চোটে অনিশ্চিত নেইমার

কস্তার চোখে বিশ্বকাপে ফেবারিট চার দল, ব্রাজিল থাকলেও নেই আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
কস্তার চোখে বিশ্বকাপে ফেবারিট চার দল, ব্রাজিল থাকলেও নেই আর্জেন্টিনা
সংগৃহীত ছবি

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজের পছন্দের ফেবারিট দলগুলোর নাম জানিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা। তবে অবাক করার মতো বিষয়, তার তালিকায় ব্রাজিল থাকলেও জায়গা হয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

কস্তার মতে, এবারের বিশ্বকাপে শিরোপার প্রধান দাবিদার ব্রাজিল, ফ্রান্স, স্পেন ও জার্মানি। তার বিশ্বাস, এই চার দলই সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার মতো সামর্থ্য রাখে।

বিশেষ করে ব্রাজিলকে নিয়ে বেশ আশাবাদী কস্তা। তিনি মনে করেন, কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের অধীনে ব্রাজিল আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারে।

কস্তা বলেন, ‘আনচেলত্তির মধ্যে বিশ্বকাপ জেতার মতো সব গুণ রয়েছে। ব্রাজিল জাতীয় দলের একটি অনন্য ঐতিহ্য রয়েছে এবং তাদের হাতে সবসময়ই সেই মুহূর্তের সেরা প্রতিভারা থাকে। আর নেইমারের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান ফুটবলার থাকলে ব্রাজিলের পথ আরো সহজ হয়। ওরকম একজন খেলোয়াড় না থাকলে, আমার মনে হয় লক্ষ্যটা আরো একটু জটিল হতো, যদিও তা নাগালের মধ্যেই থাকত।’

তিনি আরো বলেন, বিশ্ব ফুটবলের মান এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। ছোট দলগুলোও এখন বড় দলকে হারিয়ে দিতে পারে, যদি তারা সর্বোচ্চ মনোযোগ ও আত্মত্যাগ নিয়ে মাঠে নামে।

তবে ফেবারিটের তালিকায় আর্জেন্টিনাকে না রাখলেও স্বপ্নের ফাইনাল হিসেবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই দেখতে চান কস্তা। তার মতে, দক্ষিণ আমেরিকার এই চিরপ্রতিদ্বন্দ্বিতার আবহ অন্য যেকোনো ম্যাচের চেয়ে সম্পূর্ণ আলাদা।

তিনি বলেন, ‘ফাইনালে কারা সুযোগ পাবে তা আমি বলতে পারি না, তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটি ফাইনাল দেখতে আমি সত্যিই খুব আগ্রহী । দক্ষিণ আমেরিকান সুপারক্লাসিকোর এমন একটি আবহ আছে, যা ব্রাজিল বা আর্জেন্টিনায় জন্ম না নিলে পুরোপুরি বোঝা সম্ভব নয়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান দলে বড় চমক, নেই রিজওয়ান

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান দলে বড় চমক, নেই রিজওয়ান
ফাইল ছবি

বড় চমক দিয়েই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে রাখা হয়নি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে। 

আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন বাবর আজম, হারিস রউফ ও শাদাব খানরা। তবে সবচেয়ে বড় আলোচনা তৈরি হয়েছে রিজওয়ানকে বাদ দেওয়াকে ঘিরে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর দাবি, নতুন কোচ মাইক হেসন সাদা বলের ক্রিকেটে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন। সেই কারণেই তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে রিজওয়ানকে বাইরে রাখা হয়েছে।

রিজওয়ানের পরিবর্তে উইকেটকিপার হিসেবে দলে সুযোগ পেয়েছেন রোহাইল নাজির ও মুহাম্মদ গাজি ঘোরি। রোহাইল এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন। 

সাম্প্রতিক সময়ে রিজওয়ানের ফর্ম নিয়েও সমালোচনা ছিল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে তিন ম্যাচে করেছিলেন মাত্র ৫৮ রান। যদিও টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ৯৪ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন তিনি। 

এদিকে ইনজুরির কারণে দলে নেই ফখর জামান ও সাইম আইয়ুব। সিরিজের জন্য পাকিস্তান দল ২৩ মে থেকে অনুশীলন শুরু করবে।

ঘোষিত দলে আছেন 

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আঘা, আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহেবজাদা ফারহান, শাদাব খান, শামিল হুসাইন ও সুফিয়ান মুকিম।

হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি

ক্রীড়া ডেস্ক
হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি
বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি। ছবি : সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন প্রধান কোচের নাম। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কোচ থমাস ডুলি।

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

জার্মানিতে জন্ম হলেও খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ডুলি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি। ১৯৯৪ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছিলেন, আর ১৯৯৮ বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছেন।

ক্লাব ক্যারিয়ারেও ছিল দারুণ সাফল্য। বায়ার লেভারকুসেন ও শালকের ও এফসি কাইজারস্লাউটার্নের মতো ক্লাবে খেলেছেন তিনি। শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ এবং কাইজারস্লাউটার্নের হয়ে বুন্দেসলিগা শিরোপা।

কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। এরপর ফিলিপাইনের প্রধান কোচ হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন। তার অধীনেই প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেয় ফিলিপাইন।

সবশেষে গায়ানার ফুটবল দলের কোচ ছিলেন ডুলি। বাংলাদেশের দায়িত্ব নিতে সম্প্রতি সেই পদ ছাড়েন তিনি।

ডুলির অধীনে বাংলাদেশের প্রথম মিশন শুরু হবে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

১০০০ গোল হতে আর কত বাকি রোনালদোর?

ক্রীড়া ডেস্ক
১০০০ গোল হতে আর কত বাকি রোনালদোর?
ছবি : রয়টার্স

ফুটবল ইতিহাসে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়া এখন আর কেবল স্বপ্ন নয়, বরং বাস্তবতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

সৌদি প্রো লিগের শেষ ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। দামাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ে একটি দুর্দান্ত ফ্রি-কিকসহ দুই গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৭৩-এ নিয়ে গেছেন তিনি।

অর্থাৎ ফুটবল ইতিহাসের অবিশ্বাস্য ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ২৭ গোল।

৪১ বছর বয়সেও গোল করার ধার কমেনি তার। চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৩৭ ম্যাচে করেছেন ২৯ গোল, সঙ্গে রয়েছে ৫ অ্যাসিস্ট। তার গোলেই এবার সৌদি প্রো লিগ শিরোপাও জিতেছে আল নাসর।

ক্যারিয়ারে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরসহ সব ক্লাব মিলিয়ে গোলের পর গোল করে গড়েছেন অসংখ্য রেকর্ড। জাতীয় দল পর্তুগারের হয়েও তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

এখন ফুটবলপ্রেমীদের একটাই অপেক্ষা, রোনালদো কবে ছুঁবেন ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক।