• ই-পেপার

দ্রাবিড় ও রাঠোরের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ কোহলি

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাইলেন মাশরাফি-মুশফিকরা

ক্রীড়া ডেস্ক
রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাইলেন মাশরাফি-মুশফিকরা
ছবি : মাশরাফির ফেসবুক থেকে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের হত্যার ঘটনায় ‍পুরো দেশ এখন উত্তাল। ৭ বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন অভিযুক্ত সোহেল রানা। এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সবাই।

বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও। ফুলের মতো নিষ্পাপ শিশুকে হত্যায় দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমরা। নিচে তাদের পোস্ট হুবহু তুলে ধরা হলো—

প্রতিটি শিশু নির্ভয়ে বেড়ে উঠুক এমন বাংলাদেশ চেয়ে সাবেক অধিনায়ক মাশরাফি লিখেছেন, ‘রামিসার মতো কত নিষ্পাপ প্রাণ হারিয়ে গেছে, সেই হিসেব হয়তো কেউ রাখবে না। কিন্তু এই নৃশংসতার শেষ চাই। বিচারহীনতার প্রতিটি ঘটনা অপরাধীদের সাহস বাড়ায়। এই ঘৃণিত অন্যায়ের দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রতিটি শিশু বেড়ে উঠুক নির্ভয়ে, নিশ্চিন্তে, আনন্দে...।’

যারা এমন নৃশংস কাজ করে তারা মানবতার শত্রু উল্লেখ করে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব লিখেছেন, ‘একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আর কোনো পরিবারকে যেন এমন কষ্ট সইতে না হয় এমন দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মুশফিক লিখেছেন, ‘আজ সকালে খবরটা শুনে স্তব্ধ হয়ে গেছি। ছোট্ট রামিসার নিরাপত্তা, ভালোবাসা আর আশ্রয় পাওয়ার কথা ছিল, এমন ভয়ানক নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনো পরিবারকে যেন এমন কষ্ট সইতে না হয়। শিশুদের ওপর অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘‘আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে; ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক, যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।’

ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘মিরপুরের পল্লবীতে নির্মমতার শিকার শিশু রামিসা ও এই ধরনের অন্যান্য সব ঘটনায় দোষীদের দ্রুত সময়ের মাঝে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ধর্ষণ, নিপীড়ন ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে আরো সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, সম্মান ও মানবিক পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। রামিসার মতো আর কোনো শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয়, সেই দায়িত্ব আমাদের সবার।’

গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার আগে সকাল সাড়ে ১০টার দিকে বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই সে নিখোঁজ হয়।

রামিসার মা ফ্ল্যাটের দরজার বাইরে মেয়ের জুতো দেখতে পেয়ে পাশের ফ্ল্যাটে নক করেন। ভেতর থেকে দরজা না খোলায় সন্দেহ বাড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে খাটের নিচ থেকে ধড় এবং শৌচাগার থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। ঘটনার পর শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা।

পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পেশায় রিকশা মেকানিক এবং দুই মাস আগে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া ওঠেন। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা আলামত জব্দ করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রীকে আটক করেছে। 

বোনাস নয়, সেই টাকা দিয়ে সুইমিংপুল চান শান্ত-মুশফিকরা

ক্রীড়া ডেস্ক
বোনাস নয়, সেই টাকা দিয়ে সুইমিংপুল চান শান্ত-মুশফিকরা
সিরিজ জয়ের পর ট্রফিসহ ক্রিকেটারদের ফটোসেশন। ছবি : কালের কণ্ঠ

সাধারণত ঐতিহাসিক ম্যাচ বা সিরিজ জয়ের পুরস্কার হিসেবে ক্রিকেটারদের বোনাস দিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবার টেস্ট ও সিরিজ হারানোয় পকেট গরম হওয়ার কথা ছিল নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসদের। 

ক্রিকেটারদের পুরস্কৃত করার ইচ্ছাও ছিল বিসিবির। তবে ক্রিকেটাররাই চেয়েছেন বোনাস না নিতে। তাদের চাওয়া সেই অর্থ দিয়ে যেন সুইমিংপুল বানানো হয়। শান্ত-মুশফিকুর রহিমদের এমন ভাবনার প্রশংসা করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

নিজেদের নয়, সবার চিন্তা করে এমনটা করেছেন জানিয়ে তামিম বলেছেন, ‘আমরা তৈরি ছিলাম, যদি বোনাস দেওয়া লাগত, অবশ্যই দিতাম। কারণ, তাদের এটা প্রাপ্য। কিন্তু সবার উচিত তাদের এই উদ্যোগের (বোনাস না নেওয়া) প্রশংসা করা। তারা শুধু নিজেদের কথা চিন্তা করেনি। এই সুবিধা (সুইমিংপুল) তাদের ছোট ভাইয়েরা, অনূর্ধ্ব–১৯ বা হাই পারফরম্যান্সে যারা আছে, তারাও ব্যবহার করবে।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল নকশায় সুইমিংপুলের ব্যবস্থা থাকলেও কখনো আলোর মুখ দেখেনি। এবার অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সুইমিংপুলটি তৈরি করা হবে বলে জানিয়েছেন তামিম। যারাই আসন্ন বিসিবি পরিচালনা পর্ষদ আসুক না কেন তারাই সেটা করবে এমন আশ্বাস ব্যক্ত করে তামিম বলেছেন, ‘ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। যত টাকা বোর্ড দিত, ওই টাকা হয়তো লাইফ চেঞ্জিং কিছু হতো না। তবে তারা যেটা চেয়েছে, এই সুবিধার কারণে অনেকের অনেক উন্নতি হতে পারে। এই চিন্তাকে সাধুবাদ জানাই। প্রক্রিয়া শুরু করে দেব। নির্বাচন জিতে যারাই আসে আমি বা যে কেউ যেন তাড়াতাড়ি সম্পন্ন করে।’ 

পাকিস্তানকে ২ টেস্টের সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ঘরের মাঠের প্রথমটিতে মিরপুরে ১০৪ রানের জয় পান শান্তরা। আর সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট দেখাতেও প্রতিপক্ষকে ধবলধোলাই করে বাংলাদেশ। ২ টেস্টের সেই সিরিজ ২০২৪ সালে হয়েছিল পাকিস্তানে।

ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে, আশা তামিমের

ক্রীড়া ডেস্ক
ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে, আশা তামিমের
তামিম ইকবাল ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ভারত ক্রিকেট দলের। প্রায় চার বছর পর এটিই হবে ভারতীয় দলের প্রথম বাংলাদেশ সফর। 

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এ বছর বাংলাদেশ দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় দুই দেশের ক্রিকেট বোর্ডেরও সম্পর্কে অবনতি হয়েছে। সব মিলিয়ে ভারতীয় দলের বাংলাদেশে খেলতে আসা পুরোপুরি নির্ভর করছে নরেন্দ্র মোদি সরকারের সবুজ সংকেতের ওপর। 

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আশা, বাংলাদেশ-ভারত সিরিজ সূচি অনুযায়ী মাঠে গড়াবে। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

তামিম বলেছেন, ‘এ বছর ভারতের বিপক্ষে একটি নির্ধারিত সিরিজ রয়েছে। আমি খুব আশাবাদী যে ভারত বাংলাদেশে এসে পুরো সিরিজ খেলবে। এটি এমন একটি দ্বিপক্ষীয় সিরিজ, যা বাংলাদেশের মানুষ সত্যিই উপভোগ করে। দর্শকরা মাঠে আসে এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দেখা যায়। ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাংলাদেশ খুব ভালো খেলেছিল। এই দুই দেশ যখনই খেলে, বিশেষ করে ভারত যখন বাংলাদেশ সফরে আসে, তখন সেটি সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।’

নিয়মিত যোগাযোগ ও আলোচনার মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে দূরত্ব ঘোচাতে চান তামিম, ‘সমস্যা সব সময়ই থাকবে এবং সেগুলো সমাধান করার দায়িত্ব ক্রিকেট বোর্ডগুলোর। এখন আমাদের নতুন ক্রিকেট বোর্ড আছে এবং একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আমি নিশ্চিত, যোগাযোগ ও আলোচনা চলবে। অন্য যা-ই হোক না কেন, ক্রিকেটের জয় হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি সে জন্যই কাজ করতে চাই।’

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা। 

বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ও টি-টোয়েন্টিকে অনেক আগেই বিদায় বলে দিয়েছেন। ভারতের এই দুই মহাতারকা এখন শুধু ওয়ানডে খেলছেন। আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের সিরিজেও তারা খেলবেন। ভারতের স্কোয়াডে থাকলে এটিই হতে পারে কোহলি-রোহিতের শেষ বাংলাদেশ সফর।

অবসর থেকে নয়্যারকে ফিরিয়ে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
অবসর থেকে নয়্যারকে ফিরিয়ে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা
অবসর ভেঙে ২০২৬ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন নয়্যার। ছবি : রয়টার্স

পুরান চাল ভাতে বাড়ে—বহুল প্রচলিত এই প্রবাদে বিশ্বাস রাখছে জার্মানি। বয়স ও অভিজ্ঞতাকে মূল্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে ফিরিয়েছে তারা। বায়ার্ন মিউনিখের গোলরক্ষককে রেখে আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ হুলিয়ান নাগেলসমান।

২০২৪ ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন নয়্যার। সে সময় ছন্দে থাকলেও বয়সটা তো কম হয়েছিল না তার। নতুনদের সুযোগ দিতে তাই ৩৮ বছর বয়সে অবসর নিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপজয়ী গোলরক্ষক। নিজে সরে গেলেও জার্মান দল তার পিছু ছাড়ছে না। 

 

তাই তো ৪০ বছর বয়সী নয়্যারকে দরকার পড়ছে জার্মানির। তিন কাঠির নিচে তার ওপরই বিশ্বাস রাখতে চান নাগেলসমান। শিষ্যকে ফেরানোর বিষয়ে অন্য গোলরক্ষকের সঙ্গে তার কথা হয়েছে বলে জানান জার্মান কোচ। বিশেষ করে এতদিন গোলবারের নিচে প্রথম পছন্দ ওলি বাউমানকে তিনি জানিয়েছেন। নাগেলসমান বলেছেন, ‘মার্চের দিকে আমরা ওলিকে জানিয়েছি, মনুর সঙ্গে আমাদের কথা হয়েছে। দেশের সেরা তিন গোলরক্ষকের দিকে নজর রাখাই আমার কাজ।’  

২ বছর আগে জাতীয় দল থেকে অবসর নিলেও গ্লাভসে ধুলো জমতে দেননি নয়্যার। বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ সব সেভ করে তার প্রমাণ দিয়েছেন তিনি। তার ফেরার দিনে জার্মান দলে চমক হিসেবে আছেন লেনার্দ কার্ল। বায়ার্নের হয়ে এ মৌসুমের নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। যদিও ৯ গোল ও ৮ অ্যাসিস্টে তার পারফরম্যান্স পুরোটা ফুটে উঠবে না।

এদের বাইরে পরিচিতমুখরাই দলে জায়গা পেয়েছেন। তবে নাগেলসমানের দলে জায়গা হয়নি গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানের মতো তারকার। জিরোনায় লোনে থাকা বার্সেলোনার সাবেক গোলরক্ষকের সঙ্গে বাদ পড়েছেন রবার্ট এন্ডরিচ, নিকোলাস ফুলক্রুগ ও করিম আদেয়েমির মতো পরিচিত মুখরা।

জার্মানির বিশ্বকাপ দল :

গোলরক্ষক : ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউম্যান ও আলেকজান্ডার নুবেল।

রক্ষণভাগ : জোনাথান তাহ, জশুয়া কিমিখ, নিকো শ্লটারবেক, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, নাথানিয়েল ব্রাউন, ভালদেমার আন্তন ও ম্যালিক থিয়াও।

মধ্যমাঠ : প্যাসকাল গ্রস, লেয়ন গোরেৎস্কা, আলেকজেন্ডার পাভলোভিচ, ফেলিক্স নমেচা, নাদিয়েম আমিরি ও অ্যাঞ্জেলো স্টিলার।

আক্রমণভাগ: কাই হাভার্টজ, নিক ভোল্টমেড, দেনিজ উন্দাভ, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টৎস, লেনার্ট কার্ল, জেমি লেভেলিং (২৫, স্টুটগার্ট), লিরয় সানে ও ম্যাক্সিমিলিয়ান বায়ার।