• ই-পেপার

রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপে রোনালদো, পর্তুগাল দলে কারা আছেন

মেয়েদের অনার্স বোর্ড করলেন তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক
মেয়েদের অনার্স বোর্ড করলেন তামিম ইকবাল
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নতুন অনার্স বোর্ড। ছবি: ফেসবুক

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর একাধিক ব্যতিক্রমী কাজ করে প্রশংসিত হয়েছেন তামিম ইকবাল। সেই তালিকায় যুক্ত হলো তার আরেকটি উদ্যোগ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের দেয়ালে প্রথমবারের মতো লাগানো হলো মেয়েদের অনার্স বোর্ড। এর মধ্য দিয়ে বাংলাদেশ নারী ক্রিকেটের দীর্ঘদিনের একটি আক্ষেপ ঘুচল। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের অনার্স বোর্ডে এতদিন শুধু পুরুষ ক্রিকেটারদের নাম উঠত। এখন থেকে সেখানে নারী ক্রিকেটারদের অর্জনের স্বীকৃতিরও দেখা মিলবে। 

আজ মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তামিম। বোর্ডপ্রধান লিখেছেন, ‘এই দুটি বোর্ডে গর্বের অক্ষরে খোদাই করা আছে আমাদের জাতীয় ক্রিকেটারদের নাম, বাংলাদেশের হয়ে যারা খেলেছেন মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ভবনে ঢোকার মুখে এক পাশের দেয়ালে ছেলেদের দলের অনার্স বোর্ড আছে। কিন্তু মেয়েদের অনার্স বোর্ড ছিল না। ওদের সঙ্গে বৈঠকের সময় ব্যাপারটি নিয়ে ওরা কিছুটা আক্ষেপ করেছিল। এখন একই প্রবেশমুখের আরেক পাশের দেয়ালে মেয়েদের অনার্স বোর্ডও করা হয়েছে এবং এটা ওদের প্রাপ্য।’

নারী-পুরুষে সমতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তামিম, ‘নারী দল হোক বা পুরুষ দল—সবাই আন্তর্জাতিক ক্রিকেটার। সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। সবারই এই সম্মান প্রাপ্য। সবাই মিলেই আমরা বাংলাদেশের ক্রিকেট। এর মাধ্যমে দেশের নারী ক্রিকেটারদের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমতার বার্তাও তুলে ধরেছে বিসিবি।’

সিলেট টেস্ট

পাকিস্তানকে ধবলধোলাই করতে ৩ উইকেট চাই বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানকে ধবলধোলাই করতে ৩ উইকেট চাই বাংলাদেশের
দিন শেষে মাঠ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

ঘরের মাঠে টেস্ট খেলতে নামার আগে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের কথা উঠেছিল। তবে প্রতিপক্ষকে তাদের মাটিতে ধবলধোলাই করা প্রসঙ্গে কথা বলতে রাজি হননি ফিল সিমন্স। বাংলাদেশি কোচ জানিয়েছিলেন, এবার ঘরের মাঠে নতুন আরেকটি ইতিহাস গড়তে চাই।

গুরুর চাওয়া প্রথম টেস্টে পূরণ করেছেন নাজমুল হোসেন শান্ত-মমিনুল হকরা। পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে প্রথমবারের মতো দেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়ে। এবার আরও বড় উপলক্ষের সামনে বাংলাদেশ। 

ঘরের মাঠেও এবার পাকিস্তানকে ধবলধোলাই করার দারুণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ। কেননা চতুর্থ দিন শেষেই সিলেট টেস্ট জয়ের সুবাস গায়ে মাখছেন মুশফিকুর রহিম-লিটন দাসরা। দ্বিতীয় টেস্ট জয়ের জন্য যে আর ৩ উইকেট প্রয়োজন স্বাগতিকদের। বলা ভালো প্রতিপক্ষের শেষ স্বীকৃত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করলেই কেল্লাফতে। 

বিপরীতে পাকিস্তানকে সিরিজে সমতায় ফিরতে হলে দুর্গম পথ পাড়ি দিতে হবে। রেকর্ড ৪৩৭ রান তাড়া করে জেতার জন্য এখনো ১২১ রান প্রয়োজন তাদের। বোলারদের নিয়ে আগামীকাল শেষ দিনে সেই কাজটা কতদূর পর্যন্ত করতে পারবেন রিজওয়ান সেটাই এখন দেখার বিষয়। আজ ৭৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। তার সঙ্গে ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন অফস্পিনার সাজিদ খান। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান।

এর আগে বিনা উইকেটে শূন্যে রানে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। এই সিরিজ দিয়েই অভিষেক হওয়া দুই ওপেনার আজান ওয়াইস ও আব্দুল্লাহ ফজল দলীয় ৪১ রানের মধ্যে সাজঘরে ফেরেন। উইকেট দুটি ভাগাভাগি করে নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

সেখান থেকে পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর আশা দেখান বাবর আজম ও শান মাসুদ। ওয়ানডে স্টাইলে তৃতীয় উইকেটে ১১৫ বলে ৯২ রানের জুটি গড়েন তারা। তবে পরে আর বেশি মাথা ব্যথার কারণ হতে দেননি তাইজুল ইসলাম। ব্যক্তিগত ৪৭ রানে বাবরকে লিটনের ক্যাচ বানিয়ে নিজের বাঁহাতি স্পিনের জাদুও দেখানো শুরু করেন তিনি।

দিনের শেষ তিন উইকেট নিয়ে পাকিস্তানকে পরাজয়ের করুণ সুরও শুনিয়ে দিচ্ছেন তাইজুল। তার স্পিন মায়াজালের আগে একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন রিজওয়ান ও সালমান আলি আগা। ব্যক্তিগত ৭১ রানে সালমানকে আউট করে সেই প্রতিরোধও ভাঙেন বাঁহাতি স্পিনার। ভাঙার আগে ষষ্ঠ উইকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৪ রানের জুটি গড়েন রিজওয়ান-সালমান। তার আগে সালমানের মতোই অধিনায়ক মাসুদকে ৭১ রানে ড্রেসিংরুমের পথ দেখান তাইজুল। সবমিলিয়ে ১১৩ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার তিনিই।

পেদ্রোর এই পুরস্কার যেন কাটা ঘায়ে নুনের ছিটা!

ক্রীড়া ডেস্ক
পেদ্রোর এই পুরস্কার যেন কাটা ঘায়ে নুনের ছিটা!
চেলসির সেরা খেলোয়াড় হলেও ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হয়নি পেদ্রোর। ছবি : রয়টার্স

সময়ের কী নির্মম পরিহাস! সুসংবাদ পেয়েও উপভোগ করতে পারছেন না জোয়াও পেদ্রো। পারবেন কী করে? কয়েক ঘণ্টা আগেই আজন্ম স্বপ্ন ভেঙেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

স্বপ্ন বুনছিলেন বিশ্বকাপ মাতাবেন। স্বপ্নের বেলুনটা আরো বড় হচ্ছিল পেদ্রোর দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। কিন্তু গতকাল রাতে এক মুহূর্তেই সেই বেলুন ঠুস। ব্রাজিলের ২৬ সদস্যের দলে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপ খেলার স্বপ্নই যখন টুটে যায় তখন কোনো পুরস্কারই কী আর সান্ত্বনা দিতে পারে। তেমনি পারছে না চেলসির এই মৌসুমের খেলোয়াড়ের পুরস্কার। উল্টো বিশ্বকাপের দল ঘোষণার পর পরেই চেলসি তার নাম ঘোষণা করায় পুরস্কারটা যেন তার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে।

 

দল হিসেবে এ মৌসুমে চেলসি ভালো করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন পেদ্রো। এ মৌসুমে চেলসির সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তারই স্বীকৃতি। কিন্তু লাভ কী, যার জন্য এতটা পরিশ্রম সেই বিশ্বকাপ দলেই জায়গা হলে না তার। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলে ২০ গোল করেছেন তিনি। সঙ্গে স্টামফোর্ড ব্রিজের সর্বোচ্চ গোলদাতা ৯টি অ্যাসিস্টও করেছেন।

এমনকি চেলসির মোট গোলের এক-তৃতীয়াংশের বেশি করেছেন পেদ্রো। এ মৌসুমে এখন পর্যন্ত ৫৫ গোল করেছে চেলসি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ব্রাজিলের বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়া পেদ্রো তাই ধৈর্যই ধরছেন। তিনি বলেছেন, ‘সব সময় আমার সেরাটা দিয়েছি। দুর্ভাগ্যক্রমে দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। তবে আমি শান্ত ও মনোযোগী আছি। সব সময় যা করি।’

যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণায় দেরি

ক্রীড়া ডেস্ক
যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণায় দেরি
ছবি : রয়টার্স

এক মাসেরও কম সময়ের মধ্যে মাঠে গড়াবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দেশগুলো। ইতিমধ্যে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে কয়েকটি শক্তিশালী দল। তালিকায় আছে ব্রাজিল ও ফ্রান্সের মতো পরাশক্তিরা। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেনি, যদিও প্রাথমিক স্কোয়াড আগেই ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপকে সামনে রেখে আলাদা পরিকল্পনা সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে তার। মূলত ইনজুরি পরিস্থিতি বিবেচনায় রেখেই অতিরিক্ত খেলোয়াড়দের প্রস্তুত রাখতে চান তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় অনুশীলন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর বিশ্বকাপ ক্যাম্পের জন্য দল উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। ফিফার নির্ধারিত সময় অনুযায়ী, ৩০ মে’র মধ্যে চূড়ান্ত ২৬ সদস্যের তালিকা জমা দিতে হবে সব দলকে। 

স্কালোনির এই সতর্কতার পেছনে রয়েছে আগের বিশ্বকাপের অভিজ্ঞতা। ২০২২ কাতার বিশ্বকাপের ঠিক আগে ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া। পরে জরুরি ভিত্তিতে কাতারের দোহায় নেওয়া হয়েছিল আনহেল কোরেয়া এবং থিয়াগো আলমাদাকে।

এবার তাই আগেভাগেই বিকল্প প্রস্তুত রাখতে চাইছেন স্কালোনি। বিশেষ করে আক্রমণভাগের উইঙ্গার পজিশনের জন্য অতিরিক্ত কিছু ফুটবলারকে নজরে রাখা হচ্ছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে।

অ্যাস্টন ভিলার মিডফিল্ডার বুয়েন্দিয়াকে সবশেষ জাতীয় দলে দেখা গিয়েছিল ২০২৫ সালের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে। অন্যদিকে রোমার ফরোয়ার্ড সুলে কয়েকবার দলে ডাক পেলেও এখনো আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়নি।

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আছে আর্জেন্টিনা। একই গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।