• ই-পেপার

পাকিস্তানকে ধবলধোলাই করতে ৩ উইকেট চাই বাংলাদেশের

পেদ্রোর এই পুরস্কার যেন কাটা ঘায়ে নুনের ছিটা!

ক্রীড়া ডেস্ক
পেদ্রোর এই পুরস্কার যেন কাটা ঘায়ে নুনের ছিটা!
চেলসির সেরা খেলোয়াড় হলেও ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হয়নি পেদ্রোর। ছবি : রয়টার্স

সময়ের কী নির্মম পরিহাস! সুসংবাদ পেয়েও উপভোগ করতে পারছেন না জোয়াও পেদ্রো। পারবেন কী করে? কয়েক ঘণ্টা আগেই আজন্ম স্বপ্ন ভেঙেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

স্বপ্ন বুনছিলেন বিশ্বকাপ মাতাবেন। স্বপ্নের বেলুনটা আরো বড় হচ্ছিল পেদ্রোর দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। কিন্তু গতকাল রাতে এক মুহূর্তেই সেই বেলুন ঠুস। ব্রাজিলের ২৬ সদস্যের দলে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপ খেলার স্বপ্নই যখন টুটে যায় তখন কোনো পুরস্কারই কী আর সান্ত্বনা দিতে পারে। তেমনি পারছে না চেলসির এই মৌসুমের খেলোয়াড়ের পুরস্কার। উল্টো বিশ্বকাপের দল ঘোষণার পর পরেই চেলসি তার নাম ঘোষণা করায় পুরস্কারটা যেন তার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে।

 

দল হিসেবে এ মৌসুমে চেলসি ভালো করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন পেদ্রো। এ মৌসুমে চেলসির সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তারই স্বীকৃতি। কিন্তু লাভ কী, যার জন্য এতটা পরিশ্রম সেই বিশ্বকাপ দলেই জায়গা হলে না তার। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলে ২০ গোল করেছেন তিনি। সঙ্গে স্টামফোর্ড ব্রিজের সর্বোচ্চ গোলদাতা ৯টি অ্যাসিস্টও করেছেন।

এমনকি চেলসির মোট গোলের এক-তৃতীয়াংশের বেশি করেছেন পেদ্রো। এ মৌসুমে এখন পর্যন্ত ৫৫ গোল করেছে চেলসি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ব্রাজিলের বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়া পেদ্রো তাই ধৈর্যই ধরছেন। তিনি বলেছেন, ‘সব সময় আমার সেরাটা দিয়েছি। দুর্ভাগ্যক্রমে দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। তবে আমি শান্ত ও মনোযোগী আছি। সব সময় যা করি।’

যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণায় দেরি

ক্রীড়া ডেস্ক
যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণায় দেরি
ছবি : রয়টার্স

এক মাসেরও কম সময়ের মধ্যে মাঠে গড়াবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দেশগুলো। ইতিমধ্যে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে কয়েকটি শক্তিশালী দল। তালিকায় আছে ব্রাজিল ও ফ্রান্সের মতো পরাশক্তিরা। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেনি, যদিও প্রাথমিক স্কোয়াড আগেই ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপকে সামনে রেখে আলাদা পরিকল্পনা সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে তার। মূলত ইনজুরি পরিস্থিতি বিবেচনায় রেখেই অতিরিক্ত খেলোয়াড়দের প্রস্তুত রাখতে চান তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় অনুশীলন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর বিশ্বকাপ ক্যাম্পের জন্য দল উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। ফিফার নির্ধারিত সময় অনুযায়ী, ৩০ মে’র মধ্যে চূড়ান্ত ২৬ সদস্যের তালিকা জমা দিতে হবে সব দলকে। 

স্কালোনির এই সতর্কতার পেছনে রয়েছে আগের বিশ্বকাপের অভিজ্ঞতা। ২০২২ কাতার বিশ্বকাপের ঠিক আগে ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া। পরে জরুরি ভিত্তিতে কাতারের দোহায় নেওয়া হয়েছিল আনহেল কোরেয়া এবং থিয়াগো আলমাদাকে।

এবার তাই আগেভাগেই বিকল্প প্রস্তুত রাখতে চাইছেন স্কালোনি। বিশেষ করে আক্রমণভাগের উইঙ্গার পজিশনের জন্য অতিরিক্ত কিছু ফুটবলারকে নজরে রাখা হচ্ছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে।

অ্যাস্টন ভিলার মিডফিল্ডার বুয়েন্দিয়াকে সবশেষ জাতীয় দলে দেখা গিয়েছিল ২০২৫ সালের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে। অন্যদিকে রোমার ফরোয়ার্ড সুলে কয়েকবার দলে ডাক পেলেও এখনো আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়নি।

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আছে আর্জেন্টিনা। একই গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। 

ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু

ফেনী প্রতিনিধি
ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু
ছবি : কালের কণ্ঠ

ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সংগঠক হিসেবে দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে।

ক্রীড়া সংগঠক হিসেবে মাঠ পর্যায়ে বেশ সরব উপস্থিতি থাকলেও বিগত সময়ে বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার কোনো কমিটিতে স্থান পাননি তিনি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।

শরিফুল ইসলাম অপুর খেলোয়াড়ি জীবন শুরু হয় ডাক্তারপাড়া ক্লাবের মাধ্যমে। পরবর্তী সময়ে ফেনী সরকারি পাইলট হাই স্কুল ক্রিকেট দলের সদস্য হিসেবে নজরে আসেন। ২০০৪ সালে পাইলট হাই স্কুল জাতীয় স্কুল-মাদরাসা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শরিফুল ইসলাম অপু। পরবর্তী সময়ে ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ ফেনী জেলা দলের হয়ে ফাস্ট বোলার হিসেবে প্রতিনিধিত্ব করেন।

২০০৬ সালে সোনাগাজীতে একটি টুর্নামেন্টে খেলতে গিয়ে ডান হাত ভাঙলে অল্প বয়সেই তার খেলোয়াড়ি জীবন থেমে যায়। পরবর্তী সময়ে সংগঠক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। 

সাংগঠনিক জীবনে ২০০৯ সালে তিনি ফেনীর মেধাবী খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ‘ক্রিকেট ইনস্টিটিউট’ নামে একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলেন। তার হাত ধরেই ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব ও ক্রিকেট ইনস্টিটিউট থেকে জাতীয় দলের ফেনীর একমাত্র ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন উঠে আসেন। ২০১০ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিবন্ধিত আম্পায়ারের তালিকায়ও যুক্ত হন তিনি।

শরিফুল ইসলাম অপুর উদ্যোগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিন বছর ‘এফপিএল’ নামের একটি জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজন হয়, যা ফেনীর ক্রিকেটে নতুন জাগরণ সৃষ্টি করে। 

এসব আয়োজনে দেশ বরেণ্য ব্যক্তিত্ব বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, জাতীয় ক্রীড়া সংগঠক বর্তমান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল,বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) ওয়ালীউল্লাহ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের মতো তারকাদের সম্পৃক্ত করে ফেনীর ক্রীড়াপ্রেমীদের চমকে দেন তিনিসহ তার সহকর্মীরা ।

এফপিএল সংগঠনের মাধ্যমে ২০১১ সালে সারা দেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে স্কুল ক্রিকেট আয়োজন করেন শরিফুল ইসলাম অপু। যেখান থেকে বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড় উঠে আসে। ২০১৪ সালে ফেনীর বিভিন্ন ক্লাবের যুব খেলোয়াড়দের নিয়ে ‘এফপিএল টি-২০’ নামক আরো একটি টুর্নামেন্ট আয়োজন করেন। যেখান থেকে বেশ কয়েকজন উদীয়মান খেলোয়াড় উঠে আসে।

এর মধ্যে সবচেয়ে প্রশংসিত হয় কিন্ডারগার্টেনের ছোট শিশুদের নিয়ে ‘এফপিএল ফিউচার ক্রিকেট উৎসব’ আয়োজন। যা অভিভাবকদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন খেলোয়াড় তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে। 
 

পিছিয়ে গেল ফেডারেশন কাপ ফাইনাল, কিংস অ্যারেনাতেই হবে ম্যাচ

ক্রীড়া ডেস্ক
পিছিয়ে গেল ফেডারেশন কাপ ফাইনাল, কিংস অ্যারেনাতেই হবে ম্যাচ

ফেডারেশন কাপ ফাইনালকে ঘিরে সোমবার সারাদিন চলে উত্তেজনা ও নাটক। শেষ পর্যন্ত ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দিল বাফুফে। 

বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’-এর ফাইনাল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় হওয়ার কথা ছিল। 

আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’ এর ফাইনাল ম্যাচটি আজ ১৯ মে ২০২৬ তারিখ বিকাল ৫:৩০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। 

বিজ্ঞপ্তিতে বাফুফে আরো জানিয়েছে, ম্যাচটি আগামীকাল বুধবার, ২০ মে ২০২৬ তারিখ একই সময়ে বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে, ফাইনালের ভেন্যু নিয়েই মূলত উত্তেজনা তৈরি হয়। মোহামেডানের পক্ষ থেকে জানানো হয়, কিংস অ্যারেনায় খেলতে তাদের আপত্তি আছে। এরপর এক চিঠিতে মোহামেডানকে ট্রফি দিয়ে দিতে বলে কিংস।