উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে আত্মবিশ্বাসী হলেও অতীত নিয়ে ভাবতে রাজি নন পিএসজি কোচ লুইস এনরিকে। আর্সেনালের বিপক্ষে মহারণের আগে নিজের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন স্প্যানিশ এই কৌশলী। পিএসজির সঙ্গে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট জিততে চান বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘প্রথম ট্রফিটা (২০১৫ সালে বার্সেলোনার হয়ে) ছিল অসাধারণ এবং ভোলার মতো নয়। কিন্তু এখন আমার সেটা মনেও পড়ে না। ওটা ইতিহাসের অংশ। দ্বিতীয় ট্রফিটাই (গত মৌসুমে পিএসজির হয়ে) সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তবে ফাইনাল সামনে থাকলেও দল এখনই সেটি নিয়ে অতিরিক্ত ভাবছে না বলে জানান তিনি। এনরিকের মতে, বড় ম্যাচের সেরা প্রস্তুতি হচ্ছে প্রতিদিনের ম্যাচে শতভাগ মনোযোগ দেওয়া।
তিনি বলেন, ‘সত্যি বলতে, আমরা এখনো ফাইনাল নিয়ে আলোচনা করিনি। সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আগামীকালের ম্যাচে পুরো মনোযোগ দেওয়া। ফাইনালে সবকিছু নির্ভর করবে ছোট ছোট মুহূর্তের ওপর, ঠিক যেমনটা হয়েছিল লিভারপুল বা বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচগুলোতে। আমাদের ভুলে গেলে চলবে না, ফাইনালে ওঠাটাই কত বড় সৌভাগ্যের বিষয়।’
গত মৌসুমে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের স্মৃতি নিয়েও খুব একটা আগ্রহ দেখাননি এনরিকে। তার মতে, অতীত নিয়ে বেশি ভাবলে মনোযোগ নষ্ট হয়।
এনরিকে বলেন, ‘আমি কিছুই মনে রাখতে চাই না। অতীত নিয়ে পড়ে থাকলে মনোযোগ সরে যায়। আমি বিশ্বাস করি, আমরা আবারো চ্যাম্পিয়ন্স লিগ জিততে সক্ষম। এটাই আমার অনুপ্রেরণা। আমি চাই খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক—সবাই প্রস্তুত থাকুক।’




