• ই-পেপার

ফরিদপুর

স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় ১২ বছরের কারাদণ্ড স্বামীর

নেত্রকোনা

পাওনা টাকার বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
পাওনা টাকার বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটার পাওনা টাকা নিয়ে নিহতের ছেলে সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাদ্দাম মিয়ার বিরোধ চলছিল। রবিবার সকালে ওই টাকার বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় সাদ্দাম ও তার সহযোগীরা সিরাজুলকে মারধর শুরু করলে রক্ষা করতে বাবুল মিয়া এগিয়ে যান। পরে তাকেও মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে সাদ্দামের ভাই মোস্তাকিন মিয়াকে সম্পৃক্ততার অভিযোগে আটক করেছে পুলিশ।

কলমাকান্দা থানার ওসি আবুল হাশেম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি
নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চতর গণিত বিষয়ে নকল করায় সোলতান মাহমুদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। রবিবার পরীক্ষা চলাকালীন উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিসান উপজেলার চরলরেন্স এলাকার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। 

শিক্ষকরা জানায়, আজ ঐচ্ছিক বিষয় উচ্চতর গণিত পরীক্ষা ছিল। পরীক্ষার মাঝামাঝি সময়ে জিসান নামে এক পরীক্ষার্থী নকল বের করে লিখছিল। ঘটনাটি পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের নজরে পড়ে। তবে সে নকলের বিষয়ে অস্বীকার করে। পরে তল্লাশি করলে তার কাছ থেকে নকল উদ্ধার করা হয়। 

‎কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার বলেন, ‘নকল করার সময় এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। দায়িত্বরত শিক্ষকরা তার কাছ থেকে নকল পেয়েছেন।’

নতুন প্রজন্মকে পাঠাগারমুখী করতে কাজ করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী

যশোর অফিস
নতুন প্রজন্মকে পাঠাগারমুখী করতে কাজ করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী যশোরকে দেশের “সংস্কৃতির আতুরঘর” উল্লেখ করে জেলার পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও কার্যকর করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, নতুন প্রজন্মকে বই ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার দ্রুত সময়ের মধ্যে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবে।

রবিবার (১৭ মে) সকালে যশোর শিল্পকলা একাডেমি, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি এবং টাউনহল ক্লাব পরিদর্শন শেষে সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘যশোর শুধু একটি জেলা নয়, এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রাণকেন্দ্র। আমি নিজেও যশোরের সন্তান। এই জেলার সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাসের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীও এর আগে যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। তাঁর নির্দেশনা ও সাংস্কৃতিক উন্নয়নের ভাবনা বাস্তবায়নেই আমার আজকের এই সফর।’

আরো পড়ুন
পদ্মার চর থেকে নিখোঁজ বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পদ্মার চর থেকে নিখোঁজ বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের সাংস্কৃতিক চর্চা ও পাঠাভ্যাস কিছুটা পিছিয়ে পড়েছে। বর্তমান প্রজন্মকে আবারও পাঠাগারমুখী করতে হবে। এজন্য আমরা যশোর ইনস্টিটিউটসহ জেলার সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছি।’

মন্ত্রী জানান, পাঠাগারের অবকাঠামোগত উন্নয়ন, নতুন বই সংগ্রহ, ডিজিটালাইজেশন, পাঠকবান্ধব পরিবেশ সৃষ্টি এবং তরুণদের আকৃষ্ট করতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি শিল্পকলা একাডেমির কার্যক্রম আরো গতিশীল করতে প্রয়োজনীয় বরাদ্দ ও লজিস্টিক সহায়তা বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যশোর ইনস্টিটিউটের উন্নয়নসংক্রান্ত একগুচ্ছ দাবি ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করছি, যশোরে একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ সাংস্কৃতিক বলয় গড়ে তোলা সম্ভব হবে।’

পদ্মার চর থেকে নিখোঁজ বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পদ্মার চর থেকে নিখোঁজ বাংলাদেশির অর্ধগলিত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর চর থেকে শওকত আলী (৩৫) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পরিবার। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। গত ৯ মে থেকে  তিনি  নিখোঁজ ছিলেন। 

শনিবার (১৬ মে) বিকেলের দিকে মরদেহ উদ্ধারের পর পরিবার রাতে বাড়িতে নিয়ে যায়। পুলিশ সেটি গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার করে রবিবার ভোরে (১৭ মে) ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয়, বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার  জহহুরপুরটেক সীমান্তে দিয়ে ভারতে গরু আনতে গিয়ে ফেরার পথে নিখোঁজ হন শওকত। তার সঙ্গীরা ফিরলেও তিনি ফেরেননি।

মনাকষা ৮ নম্বর ইউপি সদস্য সমীর উদ্দিন বলেন, ‘ভারতে গরু আনতে গিয়েই মারা গেছেন শওকত। তবে কিভাবে কি ঘটল তা জানা যায়নি।’

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, ‘মরদেহ পদ্মায় ভেসে আসার পর চরে আটকায়। পরে খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা বাড়ি এনেছিল। শওকত গরু চোরচালানে যুক্ত ছিল বলেই পুলিশ জানতে পেরেছে। নৌ পুলিশকে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।’

রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশের এসআই শ্রী জীবন বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘সদরের ফরিদপুর বিওপির বিপরীতে ভারতের ১/২ কিলোামিটার ভেতরে পদ্মার চর থেকে পরিবার মরদেহ উদ্ধার করে।’