• ই-পেপার

স্মরণীয় এক আইপিএল মৌসুমের অপেক্ষায় আছি : মুস্তাফিজ

ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেছানোর গুঞ্জন, কী সিদ্ধান্ত নিল ফিফা

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেছানোর গুঞ্জন, কী সিদ্ধান্ত নিল ফিফা

আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক পরিষেবা অ্যাকুওয়েদারে দেখানো হচ্ছে, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড এলাকায় এই মুহূর্তে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস; কিন্তু অনভূত হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো। এই পরিস্থিতিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

তবু তীব্র গরমেই আগামীকাল রবিবার স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সোমবার রাত ২টায়) মুখোমুখি হবে ব্রাজিল-নরওয়ে। যদিও ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল ডট কম দাবি করেছিল, এই ম্যাচ এক ঘণ্টা পেছাতে চলেছে ফিফা। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। 

ব্রাজিল-নরওয়ে ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ইস্ট রাদারফোর্ড এলাকার মেটলাইফ স্টেডিয়ামে। এ মাঠে বিশ্বকাপ ফাইনালও হবে। তবে এটি একটি ছাদবিহীন স্টেডিয়াম। তাই সরাসরি রোদ ও উচ্চ আর্দ্রতা খেলোয়াড়, কোচ, রেফারি এবং দর্শকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে কদিন ধরে তীব্র দাবদাহ চলছে। এদিকে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ মেক্সিকোয় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। 

ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো সিটিতে বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ফিফা মেক্সিকো-ইংল্যান্ড শেষ ষোলোর এই ম্যাচটিরও সূচিতে পরিবর্তন আনতে চেয়েছিল। কারণ একই দিনে দুটি ম্যাচের সম্প্রচার ও সূচি সমন্বয় করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। 

তবে শেষ পর্যন্ত ফিফা শেষ ষোলোর সব ম্যাচের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। 

ম্যাচ শেষে ওরা জার্সি চাইলেও মাঠে জোরেশোরেই লাথি মেরেছে : মেসি

ক্রীড়া ডেস্ক
ম্যাচ শেষে ওরা জার্সি চাইলেও মাঠে জোরেশোরেই লাথি মেরেছে : মেসি
কেপ ভার্দের খেলোয়াড়ের সঙ্গে মেসির করমর্দন। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির প্রতিপক্ষ হতে পারাটাও অনেকের জন্য অবিশ্বাস্য স্বপ্ন। কেপ ভার্দের খেলোয়াড়ের সেই স্বপ্ন পূরণ হয়েছে। 

মায়ামিতে আজ রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দুর্দান্ত লড়াই করেছে কেপ ভার্দে। ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলেছিল কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে শেষ ষোলোয় পৌঁছে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন মেসি। আফ্রিকান দলটির ফুটবলাররা আর্জেন্টাইন অধিনায়কের কাছে জার্সিও চান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে মিক্সড জোন দিয়ে যাওয়ার সময় কেপ ভার্দের বেশ কয়েকজন ফুটবলার মেসির সঙ্গে ছবি তুলতে এবং স্মারক হিসেবে তার জার্সি চেয়ে নিতে অপেক্ষা করছিলেন। 

মেসিও কাউকে হতাশ করেননি। সবার চাওয়া পূরণ করেছেন। পরে রসিকতা করে বলেছেন, ‘ওরা আমার জার্সি চাইল, সবই চাইল...অথচ মাঠে ওরাই আমাকে জোরেশোরে লাথি মারল (ফাউল করল)!’

আজও আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন মেসি। প্রথমার্ধে দলকে এগিয়ে দিয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ নিয়ে যান এই মহাতারকা। এছাড়া লিসান্দ্রো মার্তিনেজের গোল এবং ডিজনির আত্মঘাতী গোলের ক্ষেত্রে তার ক্রস থেকেই সুযোগ সৃষ্টি হয়।

নিজেদের নিয়ে মেসি বলেন, ‘এই দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ আমরা সেট পিস থেকে সুযোগ কাজে লাগাতে পেরেছি। যদিও সাম্প্রতিক সময়ে এ দিকটায় সফল হতে পারছিলাম না। এমন ম্যাচে সেট পিস খুবই গুরুত্বপূর্ণ। ভালো হেড দিতে পারে এবং বল বাতাসে থাকা অবস্থায় শক্তিশালী—আমাদের দলে এমন অনেক ফুটবলার আছে।’

আত্মসমালোচনা করতেও ভোলেননি মেসি, ‘আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। ওরা (কেপ ভার্দে) এর আগে স্পেন ও উরুগুয়েকে জিততে দেয়নি। আমরা প্রথম গোল করে সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম এবং ভেবেছিলাম এরপর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বলের দখল হারিয়েছি, অনেক নিচে নেমে গেছি এবং কার্যকরভাবে প্রেসিংও করতে পারিনি।’

শেষ ষোলোয় মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিশর। আটলান্টায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৭ জুলাই রাত ১০টায়। 

জার্মানির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইয়ুর্গেন ক্লপ

ক্রীড়া ডেস্ক
জার্মানির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইয়ুর্গেন ক্লপ
সংগৃহীত ছবি

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে নাটকীয়ভাবে বিদায় নিয়েছে জার্মানি। বিশ্বকাপ দলের ভরাডুবিতে দায় নিয়ে পদত্যাগ করেছেন ইউলিয়ান নাগেলসমান। জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সাথে আলোচনা করে পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।  এর মাঝে জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে নিশ্চিত করেছেন লিভারপুলের সাবেক ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।

নিউইয়র্কে ‘ম্যাজেন্টা টিভি’তে বিশ্বকাপ বিশ্লেষক হিসেবে কথা বলার সময় ৫৯ বছর বয়সী এই কোচ জানান, দুই বছর আগে লিভারপুল ছাড়ার সময় যে শক্তির অভাব তিনি বোধ করছিলেন। দীর্ঘ বিরতির পর এখন পুরোপুরি রিচার্জড এবং যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তিনি।

ডিএফবির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ক্লপ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে তার প্রাথমিক সম্মতি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ক্লপ বলেছেন, জার্মানির ফুটবলের বর্তমান সংকট কাটাতে ফেডারেশনের সাথে আরো নিবিড় আলোচনার প্রয়োজন। দলটিকে আবার সঠিক ট্র্যাকে ফেরাতে কিছু মৌলিক ও কাঠামোগত পরিবর্তন আনা জরুরি।

জার্মান ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপই প্রধান পছন্দ। আলোচনা ইতিবাচক হলে খুব শীঘ্রই জার্মানির ডাগআউটে দেখা যেতে পারে লিভারপুলের সাবেক এই ম্যানেজারকে।

ব্রাজিল দলে বড় ধাক্কা, নরওয়ের বিপক্ষে নেই অভিজ্ঞ মিডফিল্ডার

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল দলে বড় ধাক্কা, নরওয়ের বিপক্ষে নেই অভিজ্ঞ মিডফিল্ডার
ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা। ছবি: সংগৃহীত

শেষ ষোলোর ম্যাচের আগে খবরটা ব্রাজিল দলে বড় ধাক্কা হয়ে এলো। হ্যামস্ট্রিং চোটের কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেতা।  

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র জানিয়েছে, পাকেতা এখনো পুরোপুরি সেরে ওঠেননি। ফলে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠে নামানো হবে না। এমনকি ব্রাজিল ফাইনালে উঠতে না পারলে এবারের বিশ্বকাপে তার আর খেলার সম্ভাবনা নেই। 

রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে ব্রাজিল। সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান পাকেতা। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। 

পাকেতার অনুপস্থিতিতে কোচ কার্লো আনচেলত্তির সামনে এখন মাঝমাঠ সাজানোর চ্যালেঞ্জ। কারণ, আরেক তারকা মিডফিল্ডার কাসেমিরোরও নরওয়ের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

জাপানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে কিছুটা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, তার খেলা-না খেলা নির্ভর করতে ফিটনেস পরীক্ষা উতরানোর ওপর। 

পাকেতার বিকল্প হিসেবে দানিলো সান্তোসকে খেলানো হতে পারে। আবার আক্রমণভাগ আরো শক্তিশালী করতে এনদ্রিক অথবা গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে শুরুর একাদশে রাখা হতে পারে। সে ক্ষেত্রে কৌশল ও ফরমেশন বদলাতে হবে আনচেলত্তিকে। 

তবে স্বস্তির খবরও আছে। ঊরুর চোট থেকে সেরে ওঠার পর অনুশীলন শুরু করেছেন উইঙ্গার রাফিনিয়া। প্রয়োজন হলে তাকে নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে নামানো হতে পারে। এ ছাড়া নেইমার জুনিয়র শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত। 

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) রাত ২টায় আর্লিং হালান্ড-মার্টিন ওডেগার্ডদের নরওয়ের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। নিজেদের ফুটবল ইতিহাসে একমাত্র নরওয়ের বিপক্ষেই কখনো জিততে পারেনি সেলেসাওরা। চারবারের মুখোমুখি লড়াইয়ে হেরেছে দুটিতে, ড্র হয়েছে অন্য দুই ম্যাচ। 

স্মরণীয় এক আইপিএল মৌসুমের অপেক্ষায় আছি : মুস্তাফিজ | কালের কণ্ঠ