• ই-পেপার

ব্রাজিলের সাম্বা ডি’অর জিতলেন গোলরক্ষক আলিসন

বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান আর্জেন্টিনার কোচ

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান আর্জেন্টিনার কোচ
সংবাদ সম্মেলনে স্কালোনি। ছবি : রয়টার্স

আকাশপথে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৬ হাজার ৭৮০ কিলোমিটার। তবে আজ যখন আটলান্টায় সেমিফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা তখন এই হাজার হাজার কিলোমিটারের দূরত্ব আর থাকবে না। কেননা আলবিসেলেস্তাদের পক্ষে গলা ফাটাবে বাংলাদেশও। 

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের এই নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন লিওনেল স্কালোনির হৃদয় ছুঁয়েছে। বাংলাদেশকে তাই প্রতিদান দিতে চান তিনি। বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান ৪৮ বছর বয়সী কোচ। আজ রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামার আগে এমনটি জানিয়েছেন তিনি।

বাংলাদেশকে জয় উপহার দিতে চান জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আশা করি আগামীকাল (আজ) তাদের আনন্দ দেওয়ার মতো ফল দিতে পারব। এটাই আমাদের লক্ষ্য।’

আর্জেন্টিনাকে সমর্থন করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে স্কালোনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের চমক দেয়। এত দূরে থেকেও আর্জেন্টিনাকে সমর্থন করে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে দেখতে দারুণ লাগে। এ জন্য তাদের ধন্যবাদ।’

বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টাইন মনে করে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেছেন, ‘বাংলাদেশ এবং এই সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। সেখানে গিয়ে নিজের চোখেই আমি দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। ছবি : ক্রিকইনফো

টেস্ট ও ওয়ানডে সিরিজে হার দেখেছে বাংলাদেশ। সেই আক্ষেপ ভুলতে আজ বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল। 

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন হৃদয়। সর্বশেষ টি-টোয়েন্টি থেকে একাদশে ৩ পরিবর্তন করেছে বাংলাদেশ। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন ও শরীফুল ইসলামকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে ইয়াসির আলী, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।

এর আগে একমাত্র টেস্টের হার দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হারে।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

মার্তিনেজ নাকি সিমন, কে জিতবেন এবারের গোল্ডেন গ্লাভস?

ক্রীড়া ডেস্ক
মার্তিনেজ নাকি সিমন, কে জিতবেন এবারের গোল্ডেন গ্লাভস?
ছবি : রয়টার্স

ফিফা বিশ্বকাপে সেরা গোলরক্ষককে দেওয়া মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লাভস’ ট্রফি নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ে শেষ মুহূর্তের অবিশ্বাস্য সব সেভ, স্নায়ুচাপ সামলে দলের দেয়াল হয়ে ওঠা আর টুর্নামেন্টজুড়ে অতিমানবীয় ধারাবাহিকতাই নির্ধারণ করে দেয় কার হাতে উঠছে এই ট্রফি।

তবে রুপালি পর্দার পেছনের গল্পের মতো এই ট্রফিরও রয়েছে একটি চেনা সত্য, দেখতে সোনালি গ্লাভসের মতো হলেও এটি কিন্তু খাঁটি সোনার তৈরি নয়! পিতল কিংবা তামার ওপর সোনালি প্রলেপ দিয়েই গড়া হয় এই স্মারক। তাই এর বাণিজ্যিক মূল্য যৎসামান্য হলেও, ফুটবল ইতিহাসের গৌরব আর আবেগের পাল্লায় এর ওজন অমূল্য।

চলতি আসরে ফ্রান্স ও স্পেনের হাইভোল্টেজ সেমিফাইনালের আগে গোল্ডেন গ্লাভসের দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ফরাসি দুর্গপ্রহরী মাইক মাইনিয়ান। তবে শেষ চারের লড়াইয়ে ফ্রান্সকে ২-০ গোলে স্প্যানিশরা বিদায় করতেই পাল্টে গেছে পুরো হিসেব-নিকেশ। বাজির বাজারে এখন হট ফেভারিট স্পেনের উনাই সিমনের বিপরীতে মাইনিয়ানের সম্ভাবনা খাদের কিনারায়।

আসলেই চলতি বিশ্বকাপে উনাই সিমন যেন এক অভেদ্য প্রাচীর। টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে মাত্র ১টি গোল হজম করেছেন তিনি। গত মঙ্গলবার নিজের ষষ্ঠ ‘ক্লিন শিট’ আদায় করে নিয়ে সিমন গড়েছেন বিশ্বকাপের এক আসরে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ ক্লিন শিটের নতুন কীর্তি। আর তার এই অবিশ্বাস্য ফর্মের ওপর ভর করেই এক বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ৬টি ক্লিন শিটের রেকর্ড স্পর্শ করেছে স্পেনও।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতার ম্যাচে গোল হজম করার আগে সিমন টানা ৬৪৯ মিনিট জাল অক্ষত রেখেছিলেন, যা বিশ্বকাপের ইতিহাসেই সবচেয়ে দীর্ঘ সময় গোল না খাওয়ার এক অনন্য ও অবিশ্বাস্য নজির।

অন্যদিকে, গত ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্তিনেজ এবারও আলোচনায় আছেন বটে, তবে পরিসংখ্যানের বিচারে সিমনের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে। এবারের আসরে গ্রুপ পর্ব পেরোনোর পর আর্জেন্টিনার রক্ষণভাগ যেন একটু বেশিই আলগা। রাউন্ড অব ৩২-এ নবাগত কেপ ভার্দের বিপক্ষে দুটি, রাউন্ড অব ১৬-তে মিশরের বিপক্ষে দুটি এবং শেষ আটে সুইজারল্যান্ডের বিপক্ষে ১টি গোল হজম করতে হয়েছে মার্তিনেজকে।

তবে এখনো মার্তিনেজের ভাগ্য পুরোপুরি ঝুলে আছে বুধবারের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ওপর। ইতিহাস বলছে, গত পাঁচটি বিশ্বকাপের চারবারই গোল্ডেন গ্লাভস উঠেছে চ্যাম্পিয়ন দলের গোলরক্ষকের হাতে। ফলে শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি, তার ওপরও নির্ভর করছে অনেক কিছু।

আপাতত সব সমীকরণ মেলালে স্পেনের ২৯ বছর বয়সী, ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার অ্যাতলেতিকো বিলবাও তারকা উনাই সিমনই গোল্ডেন গ্লাভসের সবচেয়ে বড় দাবিদার। তবে সেমিফাইনাল আর ফাইনালের মহারণেই লুকিয়ে আছে আসল রোমাঞ্চ। মাঠের শেষ লড়াই-ই বলে দেবে কার হাতে উঠছে বিশ্বকাপের এই সেরা গোলরক্ষকের সম্মান। 

আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন
মাঠে নামার আগে জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনা দল। ছবি : রয়টার্স

রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে শিরোপাধারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিতে অনলাইনে একটি আবেদন করা হয়েছে। আবেদনে ৭৮ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

আজ রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের আগে এ আবেদনে অবশ্য কেউ সাড়া দেয়নি। সেমিফাইনাল পর্যন্ত আসতে আর্জেন্টিনা ৫টি দলকে হারিয়েছে। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির একক নৈপুণ্যেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে পাওয়া আর্জেন্টিনার সর্বশেষ দুটি জয় নিয়ে অনলাইনে অফলাইনে তুমুল আলোচনা হচ্ছে। অনেকেই আর্জেন্টিনার প্রতি রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসি গুরুতর ফাউল করলেও তাকে কোনো কার্ড দেখানো হয়নি বলেও অভিযোগ অনেকের।

সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন বলা হয়, আর্জেন্টিনা আউটডটকম নামে একটি প্ল্যাটফরম থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণামূলক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি স্পষ্ট যে ফিফা এবং রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট। বিজয়ী যখন আগেই ঠিক করা হয়ে গেছে, তখন বাকি বিশ্বের প্রতিযোগিতা করার কী দরকার? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দিন এবং অন্য সবাইকে একটি ন্যায্য সুযোগ দিন।’ শেষ খবর পর্যন্ত ৭৮ লাখেরও বেশি মানুষ এই আবেদনে স্বাক্ষর করেছেন।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার বৈরিতা এ দুই দলের ফুটবল ম্যাচে আনে বাড়তি উত্তেজনা। মেক্সিকোতে ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’য়ের গোল সেই উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। বিতর্কিত সেই ম্যাচের ৪০ বছর পর আজ আবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-আর্জেন্টিনা।

ব্রাজিলের সাম্বা ডি’অর জিতলেন গোলরক্ষক আলিসন | কালের কণ্ঠ