• ই-পেপার

সেনাবাহিনীকে নয়, অপরাধীকে দায়ী করুন

  • ড. মো. মিজানুর রহমান

জননিরাপত্তা নিশ্চিতে দরকার সর্বোচ্চ অগ্রাধিকার

আহসান হাবিব বরুন
জননিরাপত্তা নিশ্চিতে দরকার সর্বোচ্চ অগ্রাধিকার

সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে খুন, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, অপহরণ এবং সংঘবদ্ধ অপরাধের যে উদ্বেগজনক বিস্তার দেখা যাচ্ছে, তা জনমনে গভীর উৎকণ্ঠা সৃষ্টি করেছে। প্রতিদিন সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসছে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, গুলি করে টাকা ছিনতাই, ব্যবসায়ীর ওপর হামলা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর সশস্ত্র আক্রমণের ঘটনা। এসব ঘটনা শুধু বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং এগুলো রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর সামনে একটি গুরুতর চ্যালেঞ্জের ইঙ্গিত বহন করছে।

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে প্রকাশ্যে ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই, আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা লুট, মোহাম্মদপুরে দুই বোনের ছিনতাইয়ের শিকার হওয়া কিংবা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইকারীর হামলায় এক নারীর মৃত্যুর ঘটনা সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। আরো উদ্বেগজনক বিষয় হলো, এসব অপরাধের অনেকগুলো ঘটছে জনসমাগমপূর্ণ এলাকায়, দিনের আলোতে এবং সিসিটিভির উপস্থিতিতে।

অপরাধীরা এখন আর গোপনে নয়, প্রকাশ্যেই ধারালো অস্ত্র প্রদর্শন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, কয়েক মিনিটের মধ্যে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে অপরাধীরা নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন অপরাধীদের হামলার শিকার হচ্ছে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কিংবা রাজধানী ঢাকায় সাম্প্রতিক বিভিন্ন অভিযানে র্যাব ও পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে, কিছু অপরাধী গোষ্ঠী আইনকে চ্যালেঞ্জ জানানোর মতো দুঃসাহস অর্জন করেছে। একটি রাষ্ট্রের জন্য এর চেয়ে বড় সতর্কবার্তা আর কি হতে পারে?

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে পুলিশের ওপর ২৮৩টি হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে সারা দেশে অপরাধবিরোধী অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। শুধু মে মাসেই ৫১ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। এসব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার প্রমাণ দিলেও একই সঙ্গে এটাও নির্দেশ করে যে অপরাধের বিস্তার কতটা গভীর ও ব্যাপক।

অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিসংখ্যান আরো উদ্বেগজনক চিত্র তুলে ধরে। মাত্র দুই মাসে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং দুই হাজারেরও বেশি চুরির ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের প্রায় সাড়ে তিন হাজার ঘটনা সমাজের নৈতিক ও নিরাপত্তাগত সংকটকেও স্পষ্ট করে। প্রশ্ন হলো, কেন বাড়ছে এসব অপরাধ?

অপরাধ বিশ্লেষকরা কয়েকটি কারণের কথা উল্লেখ করছেন। প্রথমত, অপরাধীদের মধ্যে আইনের প্রতি ভয় কমে গেছে। দ্বিতীয়ত, সংঘবদ্ধ অপরাধচক্রের বিস্তার ঘটেছে। তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে কিছু প্রভাবশালী গোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয় অপরাধীদের সাহস জোগাচ্ছে। চতুর্থত, কিশোর গ্যাং সংস্কৃতি এবং মাদকের বিস্তার নতুন প্রজন্মের একটি অংশকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে পুলিশে গ্রুপিং, নৈতিক মনোবল ও পেশাদারিত্বের সংকট।

বিশ্বের উন্নত দেশগুলোর অভিজ্ঞতা বলে, শুধু অপরাধী গ্রেপ্তার করলেই অপরাধ নির্মূল হয় না। অপরাধের অর্থায়ন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, অস্ত্র সরবরাহ চক্র এবং গডফাদারদের বিচারের আওতায় আনতে না পারলে অপরাধ বারবার নতুন রূপে ফিরে আসে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর কিংবা জাপান—সব দেশেই সংঘবদ্ধ অপরাধ দমনে নেটওয়ার্কভিত্তিক গোয়েন্দা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশেও এখন সেই বাস্তবতা উপলব্ধি করার সময় এসেছে। মাঠের কর্মী বা ভাড়াটে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা অবশ্যই জরুরি; কিন্তু যারা তাদের পরিচালনা করছে, অর্থ জোগাচ্ছে কিংবা রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে রক্ষা করছে, তাদের আইনের আওতায় আনতে না পারলে পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক যথার্থই বলেছেন, শুধু মাঠপর্যায়ের অপরাধীদের গ্রেপ্তার করলে হবে না; তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও সমান কঠোর ব্যবস্থা নিতে হবে। এই বক্তব্য বর্তমান বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দাবি অনুযায়ী, গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ অপরাধীদের বিরুদ্ধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর করার উদ্যোগের কথা জানিয়েছেন।

কিন্তু বাস্তবতা হলো, জনগণ পরিসংখ্যান ও কথার চেয়ে বেশি গুরুত্ব দেয় নিজের অভিজ্ঞতাকে। একজন নাগরিক যখন রাতের বেলা নিরাপদে বাড়ি ফিরতে পারেন না, একজন ব্যবসায়ী যখন নগদ অর্থ নিয়ে চলতে ভয় পান, একজন নারী যখন প্রকাশ্যে ছিনতাইকারীর হামলায় প্রাণ হারান, তখন জনগণের কাছে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন ভিন্ন হয়ে দাঁড়ায়।

তাই এখন প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি কৌশল। প্রথমত, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় প্রযুক্তিনির্ভর নজরদারি আরও বাড়াতে হবে। সিসিটিভি নেটওয়ার্ক, স্মার্ট মনিটরিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপরাধ বিশ্লেষণ ব্যবস্থার ব্যবহার বাড়ানো জরুরি।

দ্বিতীয়ত, কিশোর গ্যাং ও মাদকচক্রের বিরুদ্ধে বিশেষ সামাজিক ও প্রশাসনিক কর্মসূচি নিতে হবে। শুধু গ্রেপ্তার নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সমাজকে সম্পৃক্ত করতে হবে।

তৃতীয়ত, চাঁদাবাজি, দখলবাজি এবং সংঘবদ্ধ অপরাধের অর্থনৈতিক উৎস বন্ধ করতে হবে। অপরাধের অর্থনীতি ধ্বংস করতে না পারলে অপরাধও টিকে থাকবে। এতে আমার ন্যূনতম সন্দেহ নেই।

চতুর্থত, বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে হবে। অপরাধী যদি জানে যে অপরাধের দ্রুত বিচার ও নিশ্চিত শাস্তি হবে, তাহলে অপরাধের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসে।

পঞ্চমত, রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক ক্ষমতা কিংবা সামাজিক প্রভাব নির্বিশেষে সবার জন্য সমান আইন নিশ্চিত করতে হবে। আইনের চোখে সবাই সমান—এই বার্তাটি বাস্তবে প্রতিষ্ঠিত না হলে অপরাধীরা কখনোই ভয় পাবে না।

অর্থনীতি, অবকাঠামো, ডিজিটাল অগ্রগতি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। কিন্তু জননিরাপত্তা নিশ্চিত করা না গেলে এসব অর্জনের সুফল জনগণের কাছে পুরোপুরি পৌঁছাবে না। বিনিয়োগ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কিংবা সামাজিক স্থিতিশীলতা—সবকিছুর ভিত্তি হলো নিরাপত্তা।

পরিশেষে বলতে চাই, রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব নাগরিকের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা। তাই জননিরাপত্তাকে কোনোভাবেই একটি সাধারণ প্রশাসনিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি জাতীয় উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি। সুতরাং অপরাধীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি কার্যকর ভাবে বাস্তবায়ন করতে হবে। গডফাদারদের আইনের আওতায় আনতে হবে এবং জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনতে হবে।

কারণ একটি নিরাপদ বাংলাদেশই হতে পারে একটি সমৃদ্ধ, বিনিয়োগবান্ধব, মানবিক এবং আত্মবিশ্বাসী বাংলাদেশের ভিত্তি। জননিরাপত্তা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। আর সেই অধিকার নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার।

লেখক : সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক

বেল্ট অ্যান্ড রোড থেকে ভূ-রাজনীতি : প্রধানমন্ত্রীর চীন সফরের বহুমাত্রিক তাৎপর্য

সরদার এম জাহাঙ্গীর হোসেন
বেল্ট অ্যান্ড রোড থেকে ভূ-রাজনীতি : প্রধানমন্ত্রীর চীন সফরের বহুমাত্রিক তাৎপর্য

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় অতিথি হিসেবে তার প্রথম বিদেশ সফর শুরু হয়েছে ২১ জুন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি চীনের উদ্দেশে রওনা হয়ে ২২ জুন রাতে চায়নার দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এই সফর শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি ও ভূ-রাজনৈতিক অবস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ-চীন সম্পর্কের ভিত্তি স্থাপিত হয় ১৯৭৫ সালের ৩১ আগস্ট, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭৭ সালের জানুয়ারিতে রাষ্ট্রীয় সফরের মাধ্যমে তিনি এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যান। তার সঙ্গে ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক ভারসাম্য বজায় ছিল। এই ঐতিহাসিক ধারাবাহিকতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান সফর একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

বর্তমান বিশ্বব্যবস্থায় ‘চায়নিজ পলিটিক্যাল ইকোনমি’ একটি বহুল আলোচিত ও প্রভাবশালী মডেল। রাষ্ট্রনিয়ন্ত্রিত পুঁজিবাদ, দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা এবং অবকাঠামোকেন্দ্রিক উন্নয়ন মডেলের মাধ্যমে চীন বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এই মডেলের অন্যতম বৈশিষ্ট্য হলো্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খাতগুলোতে নিয়ন্ত্রণ রাখলেও বেসরকারি খাতকে সমানভাবে উত্সাহিত করে। অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ব্যাংকিং খাতে এই সমন্বিত নীতি দ্রুত উন্নয়ন নিশ্চিত করে।

বাংলাদেশের মতো একটি দ্রুত বর্ধনশীল উন্নয়নশীল দেশের জন্য চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা বহুমাত্রিক সুযোগ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ‘চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, সামরিক, প্রযুক্তি হস্তান্তর এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সড়ক, রেলপথ, সমুদ্রবন্দর, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে সক্ষম তারেক রহমানের এ সফরের মাধ্যমে।

বাংলাদেশের উন্নয়নের অন্যতম চ্যালেঞ্জ হলো দক্ষ জনশক্তির অভাব ও অবকাঠামো ঘাটতি। চীনের সহযোগিতায় বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়ন যেমন সড়ক, সেতু, বিদ্যুেকন্দ্র ও শিল্পাঞ্চল দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। পাশাপাশি প্রযুক্তি ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব। বাণিজ্যের ক্ষেত্রেও চীন বাংলাদেশের অন্যতম বড় অংশীদার। তৈরি পোশাক, চামড়া ও কৃষিপণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ যন্ত্রপাতি ও প্রযুক্তি আমদানি করছে, যা শিল্পায়নকে গতিশীল করছে।

তবে এই সম্পর্কের কিছু কৌশলগত চ্যালেঞ্জও রয়েছে। অতিরিক্ত ঋণনির্ভরতা, বাণিজ্য ঘাটতি এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক চাপ, বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জন্য বিবেচ্য বিষয়। তাই একদিকে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও ভারসাম্যপূর্ণ কূটনীতি সম্পর্ক বজায় রাখা জরুরি।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যালেঞ্জ মোকাবেলায় কিছু কৌশল নিতে পারেন। চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা, কিন্তু একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখা। এই লক্ষ্য অর্জনে প্রথমত, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারেন, যেখানে কোনো একক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা না করে বহুমাত্রিক অংশীদারি গড়ে তোলা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে অবকাঠামোগত সুবিধা নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজার ও প্রযুক্তি এবং ভারতের আঞ্চলিক সংযোগকে সমান গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক কূটনীতি জোরদার করা জরুরি। চীনের বিনিয়োগকে এমনভাবে ব্যবহার করতে হবে, যাতে তা রপ্তানি বৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করে শুধু ঋণনির্ভর প্রকল্পে সীমাবদ্ধ না থাকে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমপ্রসারণ এবং ভারতের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, ট্রানজিট ও জ্বালানি সহযোগিতা বাড়িয়ে একটি ‘উভয় পক্ষের লাভজনক’ পরিবেশ তৈরি হবে। তৃতীয়ত, কৌশলগত স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় অবকাঠামো প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা বা প্রযুক্তিগত অংশীদারির ক্ষেত্রে স্বচ্ছতা থাকলে আন্তর্জাতিক অংশীদারদের সন্দেহ কমিয়ে আস্থা বাড়াতে হবে। এতে করে ‘ভূ-রাজনৈতিক সন্দেহ’ কমিয়ে আনা সম্ভব হবে। চতুর্থত, বহুমুখী জোট কৌশল গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ, চীনের সঙ্গে অবকাঠামো ও বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও রপ্তানি এবং ভারতের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও সংযোগ-এই তিনটি স্তম্ভে সমন্বিত কূটনীতি গড়ে তোলা উচিত হবে। এতে করে বাংলাদেশ কোনো পক্ষের বিরাগভাজন না হয়ে বরং সবার কাছেই গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

সর্বশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য মূল পরিকল্পনার বিষয় হিসেবে নিতে পারেন বাংলাদেশকে ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্র না বানিয়ে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। বাস্তববাদী নীতি, অর্থনৈতিক স্বার্থকেন্দ্রিক সিদ্ধান্ত এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পারলে চীন, ভারত ও যুক্তরাষ্ট্র তিন পক্ষের সঙ্গেই সুসম্পর্ক রেখে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

সর্বোপরি বলা যায়, চায়নার পলিটিক্যাল ইকোনমি বাংলাদেশের জন্য যেমন সুযোগ সৃষ্টি করে, তেমনি কৌশলগত চ্যালেঞ্জও নিয়ে আসে। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল থাকলে এই সম্পর্ক থেকে সর্বোচ্চ সুবিধা অর্জন সম্ভব। তারেক রহমানের এই চায়না সফর তাই শুধু একটি কূটনৈতিক সফর নয়; বরং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক অবস্থান শক্তিশালী করার এক সময়োপযোগী কৌশলগত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

লেখক : রাজনৈতিক বিশ্লেষক ও যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক (চায়না)

জনআস্থা, গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্ব : একটি সমকালীন পর্যালোচনা

অনলাইন ডেস্ক
জনআস্থা, গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্ব : একটি সমকালীন পর্যালোচনা
প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। ছবি: সংগৃহীত

একটি রাষ্ট্রের শক্তি কেবল তার অর্থনীতি, সামরিক সক্ষমতা কিংবা অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; রাষ্ট্রের প্রকৃত শক্তি নিহিত থাকে তার জনগণের আস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশ্বাসের মধ্যে। এই আস্থা গড়ে ওঠে দীর্ঘ সময় ধরে এবং তা রক্ষা করাও সহজ নয়। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে যখন নানা বিতর্ক, প্রচারণা ও পাল্টা প্রচারণা সৃষ্টি হয়, তখন জনআস্থা রক্ষার প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কোনো সময় খুঁজে পাওয়া কঠিন, যখন রাজনৈতিক নেতৃত্বকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়নি। স্বাধীনতার পর থেকে প্রায় প্রতিটি সরকার, প্রতিটি বড় রাজনৈতিক দল এবং প্রতিটি জাতীয় নেতা কোনো না কোনো সময়ে গণমাধ্যমের সমালোচনা, রাজনৈতিক বিরোধিতা কিংবা জনআলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এটি গণতন্ত্রের স্বাভাবিক বাস্তবতা। কারণ গণতন্ত্রে সমালোচনা থাকবে, মতভেদ থাকবে, বিতর্ক থাকবে। কিন্তু প্রশ্ন হলো—সেই বিতর্ক কি তথ্যভিত্তিক, নাকি অনুমান ও প্রচারণানির্ভর?

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে কিছু সংবাদ, বিশ্লেষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আলোচনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। বিশেষ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্কের বিষয়টি যেভাবে আলোচিত হয়েছে, তা অনেকের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

একজন জাতীয় নেতার সঙ্গে একজন রাজনৈতিক সহকর্মীর সম্পর্ককে কীভাবে ব্যাখ্যা করা হবে—এটি অবশ্যই তথ্য ও বাস্তবতার বিষয়। কিন্তু কোনো সম্পর্কের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত তথ্য ছাড়া জনপরিসরে নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হলে তা বিতর্কের জন্ম দিতে পারে। আর সেই বিতর্ক যদি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে মিলে যায়, তাহলে তার রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা শুরু হয়। 

প্রধানমন্ত্রীর ভাবমূর্তি বিতর্কিত করার অপচেষ্টা সম্পর্কে উদ্বেগ 
প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনে গড়ে ওঠা ভাবমূর্তি, সামাজিক মর্যাদা এবং সাধারণ মানুষের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে কিছু অসমর্থিত ও প্রমাণবিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধানমন্ত্রীর ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উপস্থাপনের যে প্রচেষ্টা দেখা যাচ্ছে, তা বাস্তবতা ও প্রাসঙ্গিক তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তারেক রহমানের শিক্ষা ও রাজনৈতিক বিকাশ ঘটেছে ঢাকাকেন্দ্রিক পরিবেশে। অন্যদিকে মীর শাহে আলমের বেড়ে ওঠা ও শিক্ষাজীবন সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। উপরন্তু, তাদের বয়সের মধ্যেও উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। ফলে ব্যক্তিগত বন্ধুত্বের দাবি প্রতিষ্ঠার জন্য সুস্পষ্ট ও নির্ভরযোগ্য তথ্য থাকা প্রয়োজন। বগুড়ার মানুষ হিসেবে আমরা জানি যে তারেক রহমান জাতীয় পর্যায়ের নেতা, আর মীর শাহে আলম জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় দায়িত্ব পালনকারী একজন রাজনৈতিক কর্মী ও সংগঠক। সেই বিবেচনায় তাদের সম্পর্ককে নেতা-কর্মীর সম্পর্ক হিসেবে দেখাই অধিকতর বাস্তবসম্মত। এ অবস্থায় হঠাৎ করে তাদের ব্যক্তিগত বন্ধুত্বের গল্প প্রচার করার পেছনে কী উদ্দেশ্য কাজ করছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। বিশেষ করে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ চীন সফরের প্রাক্কালে এ ধরনের প্রচারণা কেন সামনে আনা হলো, কারা এর পেছনে রয়েছে এবং এর মাধ্যমে কী রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে—সেসব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল সরকারের অভ্যন্তর থেকে কিংবা বাইরে থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িত কি না, তাও তদন্তসাপেক্ষ বিষয়।

গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই গুরুত্বপূর্ণ; তবে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত মানদণ্ড অনুসরণ করাও সমানভাবে জরুরি। জনপরিসরে প্রচারিত যেকোনো তথ্যের ক্ষেত্রে সত্যতা ও নির্ভরযোগ্যতার বিষয়টি নিশ্চিত করা হলে অপ্রয়োজনীয় বিতর্ক ও বিভ্রান্তি এড়ানো সম্ভব হবে।

রাষ্ট্র, সরকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বার্থে তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই হওয়া উচিত আমাদের সবার প্রত্যাশা। একজন রাজনৈতিক নেতার ভাবমূর্তি রাতারাতি তৈরি হয় না। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা, সংকট মোকাবিলার সক্ষমতা এবং জনগণের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে একজন নেতা নিজের অবস্থান গড়ে তোলেন। রাজনীতিতে জনপ্রিয়তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্বাসযোগ্যতাও গুরুত্বপূর্ণ। অনেক নেতা জনপ্রিয় হতে পারেন, কিন্তু সবাই বিশ্বাসযোগ্য হন না। আবার এমন অনেক নেতা আছেন, যাদের প্রতি জনগণের আস্থা এত গভীর যে সাময়িক বিতর্ক তাদের রাজনৈতিক অবস্থানকে তেমনভাবে প্রভাবিত করতে পারে না। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে আমরা এর অসংখ্য উদাহরণ দেখতে পাই। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে গণমাধ্যমের তীব্র বিতর্ক, যুক্তরাজ্যে ব্রেক্সিট ইস্যুতে সংবাদমাধ্যমের বিভক্ত অবস্থান কিংবা ভারতে জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক প্রচারণা—সব ক্ষেত্রেই দেখা গেছে জনমত গঠনে তথ্য ও বয়ানের লড়াই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশও এই বাস্তবতার বাইরে নয়। এখানে রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে সংবাদ, মতামত, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা এবং জনআলোচনা প্রায়ই রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করে।

গণমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কারণ রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও গণমাধ্যম জনগণের পক্ষে কথা বলে, জবাবদিহিতা নিশ্চিত করে এবং অনিয়ম তুলে ধরে। কিন্তু গণমাধ্যমের শক্তির সঙ্গে একটি বড় দায়িত্বও যুক্ত থাকে। একটি সংবাদ কেবল একটি তথ্য নয়; এটি মানুষের চিন্তা, উপলব্ধি এবং সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাই কোনো রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিশ্বে ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাই একটি প্রতিষ্ঠিত সাংবাদিকতাগত চর্চা। কারণ ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য কখনো কখনো এমন প্রভাব সৃষ্টি করতে পারে, যা পরবর্তীতে সংশোধন করলেও জনমনে থেকে যায়। একটি বহুল প্রচলিত কথা আছে—একটি মিথ্যা খবর পৃথিবী ঘুরে আসতে পারে, কিন্তু সত্য তখনও জুতা পরতে থাকে। তথ্যপ্রযুক্তির যুগে এই কথাটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

একসময় সংবাদপত্র ও টেলিভিশন ছিল জনমত গঠনের প্রধান মাধ্যম। এখন সেই জায়গায় যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার), টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্ম মুহূর্তের মধ্যে লাখো মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে পারে। কিন্তু সমস্যা হলো, তথ্যের এই দ্রুত প্রবাহের সঙ্গে সবসময় সমান গতিতে সত্যতা যাচাই হয় না। ফলে অনেক সময় একটি অসম্পূর্ণ তথ্য বা বিভ্রান্তিকর ব্যাখ্যা জনমনে স্থায়ী ধারণা তৈরি করে ফেলতে পারে। রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে এই বাস্তবতা আরো গুরুত্বপূর্ণ। কারণ একজন জাতীয় নেতাকে নিয়ে প্রচারিত একটি তথ্য কেবল ব্যক্তি নয়, সরকার, রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রভাব ফেলতে পারে। গণতন্ত্রে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে—এটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। একজন নেতার নীতি, সিদ্ধান্ত বা প্রশাসনিক কর্মকাণ্ডের সমালোচনা গণতান্ত্রিক অধিকারের অংশ। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক বিষয় বা প্রমাণহীন অভিযোগের ভিত্তিতে জনমত প্রভাবিত করার চেষ্টা হলে তা ভিন্ন মাত্রা পায়। বিশ্বের উন্নত গণতন্ত্রগুলোতে দেখা যায়, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে নীতিকেন্দ্রিক বিতর্ককে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশেও রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের জন্য সেই চর্চা আরো জোরদার হওয়া প্রয়োজন।

কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের বিদেশ সফর কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়; এটি অর্থনীতি, কূটনীতি, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত। এমন সময় কোনো রাজনৈতিক বিতর্ক সামনে এলে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হওয়া স্বাভাবিক। যদিও প্রতিটি ঘটনার পেছনে ষড়যন্ত্র খোঁজা যুক্তিসঙ্গত নয়, তবু সময়ের প্রেক্ষাপট বিশ্লেষণ করা জনআলোচনার অংশ হতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মুহূর্তে তথ্য প্রকাশের ক্ষেত্রে তাই দায়িত্বশীলতা ও সংবেদনশীলতা প্রয়োজন। জনআস্থা একটি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ।

অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন প্রকল্প কিংবা অবকাঠামো নির্মাণ গুরুত্বপূর্ণ। কিন্তু জনগণের আস্থা ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হতে পারে না। জনগণের আস্থা গড়ে ওঠে তখন, যখন তারা মনে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ন্যায়সঙ্গত, তথ্যভিত্তিক এবং জবাবদিহিমূলকভাবে পরিচালিত হচ্ছে। একইভাবে গণমাধ্যমের প্রতিও জনগণের আস্থা থাকতে হয়। কারণ গণমাধ্যম যদি বিশ্বাসযোগ্যতা হারায়, তাহলে তথ্যের জায়গা দখল করে নেয় গুজব এবং বিভ্রান্তি।

বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক উন্নয়ন, বৈশ্বিক সম্পর্ক, প্রযুক্তিগত পরিবর্তন এবং তরুণ জনগোষ্ঠীর প্রত্যাশা—সব মিলিয়ে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় রাজনৈতিক সংস্কৃতিকেও আরো পরিণত হতে হবে। আমাদের প্রয়োজন তথ্যভিত্তিক বিতর্ক, যুক্তিনির্ভর সমালোচনা এবং দায়িত্বশীল জনআলোচনা। কোনো রাজনৈতিক নেতা, সরকার বা প্রতিষ্ঠানের সমালোচনা অবশ্যই করা যাবে; বরং সেটি গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়। কিন্তু সেই সমালোচনা হতে হবে তথ্যনির্ভর, প্রমাণসমর্থিত এবং জনস্বার্থকেন্দ্রিক।

গণতন্ত্রের শক্তি ব্যক্তি-নির্ভর নয়; এটি প্রতিষ্ঠান, তথ্য এবং জনগণের সচেতনতার ওপর নির্ভরশীল। রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে বিতর্ক থাকতেই পারে, সমালোচনাও থাকবে। কিন্তু সেই বিতর্ক যেন সত্যের অনুসন্ধানকে শক্তিশালী করে, বিভ্রান্তিকে নয়—সেই দায়িত্ব আমাদের সবার। রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং নাগরিক সমাজ—সবাই যদি তথ্যভিত্তিক জনআলোচনাকে উৎসাহিত করে, তাহলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে। কারণ শেষ পর্যন্ত ইতিহাস প্রচারণাকে নয়, সত্যকেই টিকিয়ে রাখে; আর জনআস্থা অর্জিত হয় বক্তব্য দিয়ে নয়, দায়িত্বশীল আচরণ ও বিশ্বাসযোগ্যতার মাধ্যমে।

লেখক: প্রফেসর ড. মোহা. হাছানাত আলী 
উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়

প্যারাফিলিক ডিসঅর্ডার ও গণমাধ্যম: উপস্থাপন, ধারণা ও সামাজিক প্রভাব

সালমা আহ্‌মেদ
প্যারাফিলিক ডিসঅর্ডার ও গণমাধ্যম: উপস্থাপন, ধারণা ও সামাজিক প্রভাব

প্যারাফিলিক ডিসঅর্ডার এমন এক ধরনের মানসিক স্বাস্থ্যগত অবস্থা, যেখানে একজন ব্যক্তি বারবার তীব্র যৌন উত্তেজনা, যৌন কল্পনা বা যৌন আকাঙ্ক্ষা অনুভব করেন এমন ব্যক্তি, বস্তু, পরিস্থিতি বা কর্মকাণ্ডকে কেন্দ্র করে, যা প্রচলিত যৌন আচরণের সীমার বাইরে অবস্থান করে। তবে সব ধরনের অপ্রচলিত যৌন আগ্রহকে মানসিক রোগ হিসেবে বিবেচনা করা হয় না। কোনো প্যারাফিলিয়া তখনই প্যারাফিলিক ডিসঅর্ডার হিসেবে বিবেচিত হয়, যখন তা ব্যক্তির নিজের জীবনে উল্লেখযোগ্য মানসিক কষ্ট, উদ্বেগ বা কার্যকারিতার সমস্যা সৃষ্টি করে অথবা অন্যের সম্মতি, অধিকার ও নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত হয়।

এ প্রসঙ্গে অ্যালেন জে. ফ্রান্সেস উল্লেখ করেন, ‘কোনো প্যারাফিলিয়া নিজেই মানসিক ব্যাধি নয়; এটি তখনই প্যারাফিলিক ডিসঅর্ডারে পরিণত হয়, যখন তা ব্যক্তির জন্য মানসিক কষ্ট, কার্যকারিতার সমস্যা বা অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।’ এই দৃষ্টিভঙ্গি আধুনিক মনোরোগবিদ্যার একটি গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরে, যেখানে অপ্রচলিত যৌন আগ্রহ এবং মানসিক ব্যাধির মধ্যে স্পষ্ট পার্থক্য করা হয়।

বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজে গণমাধ্যম মানুষের চিন্তা, মূল্যবোধ ও সামাজিক ধারণা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে প্যারাফিলিক আচরণ বা এ-সম্পর্কিত ঘটনা আলোচিত হতে দেখা যায়। ফলে প্যারাফিলিক ডিসঅর্ডার শুধু মনোবিজ্ঞান বা মনোরোগবিদ্যার বিষয় নয়; এটি সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও আইনগত আলোচনারও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

প্যারাফিলিক ডিসঅর্ডারের ধারণা
প্যারাফিলিক ডিসঅর্ডারের বিভিন্ন ধরন রয়েছে, যার মধ্যে ভয়্যারিস্টিক ডিসঅর্ডার, এক্সহিবিশনিস্টিক ডিসঅর্ডার, ফ্রোটারিস্টিক ডিসঅর্ডার, সেক্সুয়াল ম্যাসোকিজম ডিসঅর্ডার, সেক্সুয়াল স্যাডিজম ডিসঅর্ডার, পেডোফিলিক ডিসঅর্ডার, ফেটিশিস্টিক ডিসঅর্ডার এবং ট্রান্সভেস্টিক ডিসঅর্ডার উল্লেখযোগ্য। এসব অবস্থার মধ্যে কিছু ক্ষেত্রে অন্যের সম্মতি ব্যতীত যৌন আচরণ বা যৌন আগ্রহ প্রকাশ পায়, যা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে। আবার কিছু ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব মানসিক কষ্ট বা সামাজিক অকার্যকারিতাই প্রধান বিবেচ্য বিষয়।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্যারাফিলিয়া এবং প্যারাফিলিক ডিসঅর্ডার এক নয়। কোনো অপ্রচলিত যৌন আগ্রহ যদি সম্মতিপূর্ণ হয়, কারও ক্ষতি না করে এবং ব্যক্তির জীবনে উল্লেখযোগ্য সমস্যা সৃষ্টি না করে, তবে তা সাধারণত মানসিক রোগ হিসেবে বিবেচিত হয় না। আধুনিক মনোবিজ্ঞানে এই পার্থক্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

গণমাধ্যমে প্যারাফিলিক ডিসঅর্ডারের উপস্থাপন 
গণমাধ্যমের বিভিন্ন আধেয় বিশ্লেষণ করলে দেখা যায়, প্যারাফিলিক ডিসঅর্ডার-সংশ্লিষ্ট আচরণ প্রায়শই যৌন অপরাধ, যৌন হয়রানি, শিশু নির্যাতন, গোপনে ছবি বা ভিডিও ধারণ এবং অন্যান্য সম্মতিহীন কর্মকাণ্ডের প্রেক্ষাপটে উপস্থাপিত হয়। সংবাদমাধ্যমে এসব ঘটনা সাধারণত অপরাধমূলক আচরণ হিসেবে প্রচারিত হয়, যা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হলেও অনেক সময় বিষয়টির মনস্তাত্ত্বিক ও চিকিৎসাগত দিকগুলো আড়ালে থেকে যায়।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে শিশুদের প্রতি যৌন নির্যাতন, গোপনে ভিডিও ধারণ, জনসমাগমে যৌন হয়রানি কিংবা অনলাইন যৌন অপরাধের ঘটনাগুলো নিয়মিত প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে অপরাধের বিবরণ গুরুত্ব পেলেও সংশ্লিষ্ট মানসিক স্বাস্থ্যগত কারণ, ঝুঁকি উপাদান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা তুলনামূলকভাবে কম আলোচিত হয়। ফলে সাধারণ মানুষের মধ্যে বিষয়টি সম্পর্কে আংশিক ধারণা তৈরি হতে পারে।

অন্যদিকে চলচ্চিত্র, নাটক বা ওয়েব কনটেন্টে কখনও কখনও ভয়্যারিজম, ফেটিশিজম বা অন্যান্য অপ্রচলিত যৌন আচরণকে রহস্য, রোমাঞ্চ বা বিনোদনের উপাদান হিসেবে দেখানো হয়। এর ফলে দর্শকদের মধ্যে বিষয়টি সম্পর্কে বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ ধারণা তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে গণমাধ্যম প্যারাফিলিক ডিসঅর্ডারকে কেবল বিকৃত আচরণ বা অপরাধ হিসেবে উপস্থাপন করে, ফলে মানসিক স্বাস্থ্যগত ব্যাখ্যা ও চিকিৎসার প্রয়োজনীয়তা যথাযথ গুরুত্ব পায় না।

সামাজিক ধারণা ও প্রভাব
গণমাধ্যমে প্যারাফিলিক ডিসঅর্ডারের উপস্থাপন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যখন বিষয়টি কেবল অপরাধ বা নৈতিক বিচ্যুতি হিসেবে উপস্থাপিত হয়, তখন সমাজে এ-সম্পর্কিত ব্যক্তিদের প্রতি নেতিবাচক মনোভাব ও সামাজিক কলঙ্ক বৃদ্ধি পেতে পারে। এর ফলে অনেক ব্যক্তি সামাজিক লজ্জা, ভয় বা বৈষম্যের আশঙ্কায় প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ থেকে বিরত থাকেন। তবে ইতিবাচক দিকও রয়েছে। গণমাধ্যম যৌন সহিংসতা, শিশু সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি এসব বিষয়ে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও গণমাধ্যম কার্যকর ভূমিকা পালন করে। সঠিক ও তথ্যভিত্তিক উপস্থাপনা জনসাধারণকে বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে সচেতন করতে সহায়তা করে এবং ভুল ধারণা দূর করতে ভূমিকা রাখে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে এ ধরনের বিষয় নিয়ে জনআলোচনা আরো বৃদ্ধি পেয়েছে। তবে অনেক সময় যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত উপস্থাপন বা ভুল ব্যাখ্যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই গণমাধ্যমের দায়িত্ব হলো সংবেদনশীল বিষয়গুলোকে তথ্যনির্ভর, মানবিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা।

চিকিৎসা ও সচেতনতা 
প্যারাফিলিক ডিসঅর্ডারের চিকিৎসায় সাধারণত মনোরোগ বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল মনোবিজ্ঞানীর তত্ত্বাবধানে সাইকোথেরাপি, বিশেষ করে Cognitive Behavioral Therapy (CBT), ব্যবহার করা হয়। প্রয়োজন অনুসারে ওষুধ এবং ঝুঁকি ব্যবস্থাপনামূলক পদক্ষেপও গ্রহণ করা হয়। চিকিৎসার মূল লক্ষ্য হলো ক্ষতিকর আচরণ প্রতিরোধ করা, মানসিক কষ্ট কমানো এবং ব্যক্তি ও সমাজের নিরাপত্তা নিশ্চিত করা।

গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঠিক তথ্য, বিশেষজ্ঞ মতামত এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে গণমাধ্যম প্যারাফিলিক ডিসঅর্ডার সম্পর্কে ভুল ধারণা দূর করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে যৌন শিক্ষা, সম্মতির গুরুত্ব এবং নিরাপদ সামাজিক আচরণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাও গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সমাপনী বক্তব্য
প্যারাফিলিক ডিসঅর্ডার একটি জটিল মনস্তাত্ত্বিক বিষয়, যার সঙ্গে ব্যক্তি, সমাজ, সংস্কৃতি এবং আইনগত বাস্তবতার গভীর সম্পর্ক রয়েছে। গণমাধ্যমের বিভিন্ন আধেয়তে এর উপস্থাপন জনসাধারণের ধারণা, মনোভাব এবং সামাজিক প্রতিক্রিয়া গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিষয়টিকে কেবল অপরাধ বা সামাজিক বিচ্যুতির দৃষ্টিকোণ থেকে দেখলে এর প্রকৃত মনস্তাত্ত্বিক ও চিকিৎসাগত দিকগুলো আড়াল হয়ে যেতে পারে।

প্যারাফিলিক ডিসঅর্ডার সম্পর্কে গণমাধ্যমে তথ্যভিত্তিক, দায়িত্বশীল এবং মানবিক উপস্থাপন নিশ্চিত করা প্রয়োজন। এর মাধ্যমে একদিকে যেমন সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে, অন্যদিকে তেমনি মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহ সৃষ্টি হবে এবং সমাজে বিদ্যমান ভুল ধারণা ও কলঙ্ক হ্রাস পাবে। একটি সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে এ ধরনের ভারসাম্যপূর্ণ গণমাধ্যম চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লেখক: সালমা আহমেদ
শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীকে নয়, অপরাধীকে দায়ী করুন | কালের কণ্ঠ