• ই-পেপার

লেবাননের এক্সিট ভিসা পেলেন আরো ১৭০ বাংলাদেশি

‘প্যারিসের ছবি’ নিয়ে প্যারিসের মেয়রের প্রশংসা কুড়ালেন ফরিদ আহাম্মদ রনি

ফ্রান্স থেকে তানভীর আহমদ তোহা
‘প্যারিসের ছবি’ নিয়ে প্যারিসের মেয়রের প্রশংসা কুড়ালেন ফরিদ আহাম্মদ রনি
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশি আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনির আলোকচিত্রভিত্তিক গ্রন্থ ‘প্যারিসের ছবি’ এবার পেয়েছে নতুন আন্তর্জাতিক স্বীকৃতি। ফ্রান্সের রাজধানী প্যারিসের টাউন হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্যারিসের বর্তমান মেয়র ইমানুয়েল গ্রেগোয়ারের হাতে বইটি তুলে দেন তিনি।

গত মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফরিদ আহাম্মদ রনির সঙ্গে মেয়র গ্রেগোয়ারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। এসময় প্যারিসকে কেন্দ্র করে নির্মিত তার আলোকচিত্রভিত্তিক প্রকাশনার শিল্পগুণ, নান্দনিকতা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগে এর ভূমিকা নিয়ে আলোচনা হয়। বইটির শিল্পমান ও সাংস্কৃতিক গুরুত্বের প্রশংসা করেন প্যারিসের মেয়র। পাশাপাশি ভবিষ্যতে রনিকে বিশেষভাবে সম্মানিত করার আগ্রহও প্রকাশ করেন বলে জানা গেছে।

একজন বাংলাদেশি আলোকচিত্রী হিসেবে প্যারিস সিটি প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এ স্বীকৃতি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে প্যারিসের সাবেক মেয়র আন্নে ইদালগোর সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল। সে সময়ও তিনি ‘প্যারিসের ছবি’ গ্রন্থটি উপহার দেন এবং ইতিবাচক সাড়া পান।

বাংলা, ইংরেজি ও ফরাসি—তিন ভাষায় প্রকাশিত ‘প্যারিসের ছবি’ গ্রন্থে স্থান পেয়েছে প্যারিসের ঐতিহাসিক স্থাপত্য, শিল্প-ঐতিহ্য, নগরজীবন ও সংস্কৃতির নানা অনুষঙ্গ। আলোকচিত্রের পাশাপাশি এতে শহরটির ইতিহাস, সাহিত্য ও সাংস্কৃতিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক পরিসরেও বইটি প্রশংসিত হয়েছে। ফ্রান্সের ঐতিহাসিক গ্রঁ পালে-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক চেঞ্জনাউ সামিটে ফরিদ আহাম্মদ রনি তার গ্রন্থটি মোনাকোর যুবরাজ প্রিন্স আলবার্ট দ্বিতীয়, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরাঁ ফাবিউস এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিংয়ের হাতে তুলে দেন। বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব বইটির শিল্পমান ও সাংস্কৃতিক গুরুত্বের প্রশংসা করেন।

এ ছাড়া তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছেও গ্রন্থটি পৌঁছে দেওয়ার সুযোগ পান। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক প্রশংসাপত্র তার কাজের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরো শক্তিশালী করে।

দীর্ঘ গবেষণা, পরিকল্পনা ও শ্রমের ফল হিসেবে প্রকাশিত ‘প্যারিসের ছবি’ প্রকল্প বাস্তবায়নে ফ্রান্স ও বাংলাদেশের গবেষক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা ছিল।

সংশ্লিষ্টদের মতে, এটি শুধু একটি আলোকচিত্রগ্রন্থ নয়; বরং বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে একটি উল্লেখযোগ্য সৃজনশীল উদ্যোগ।

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য নতুন নিবন্ধন নিয়ম

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য নতুন নিবন্ধন নিয়ম
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিকের জন্য নতুন নিবন্ধন (অ্যালিয়েন রেজিস্ট্রেশন) বিধি চূড়ান্ত করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)।

বুধবার (১ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য দেয়। 

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক আগে নিবন্ধিত নন, তাদের সরকারিভাবে নিবন্ধন করতে হবে। দিতে হবে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট)। নিবন্ধনের প্রমাণপত্রও সঙ্গে রাখতে হবে।

এই বিধি ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি নির্বাহী আদেশের ভিত্তিতে কার্যকর করা হয়েছে। সরকারের দাবি, এতে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের তথ্য সংরক্ষণ ও আইন প্রয়োগ সহজ হবে।

তবে বেশির ভাগ এইচ-১বি  ভিসাধারীর নতুন করে নিবন্ধন করতে হবে না। এইচ-১বি ভিসা হলো যুক্তরাষ্ট্রের একটি কাজের (ওয়ার্ক) ভিসা।কারণ, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভিসা ও আই-৯৪ নথি পাওয়ার মধ্য দিয়েই তাদের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে ধরা হয়।

তবে যেসব বিদেশি ১৪ বছরের আগে যুক্তরাষ্ট্রে এসেছেন, তাদের বয়স ১৪ বছর পূর্ণ হওয়ার ৩০ দিনের মধ্যে আবার নিবন্ধন করতে হবে। এ সময় তাদের আঙুলের ছাপও দিতে হবে।

এ ছাড়া ১৮ বছর বা তার বেশি বয়সী নিবন্ধিত বিদেশিদের সব সময় নিবন্ধনের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

মার্কিন সরকারের হিসাব অনুযায়ী, নতুন এ নিয়মে ২২ থেকে ৩২ লাখ মানুষ প্রভাবিত হতে পারেন। বিশেষ করে যারা বৈধ প্রক্রিয়া ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বা আগে নিবন্ধনের আওতায় আসেননি।

নিয়ম না মানলে জরিমানা, কারাদণ্ড বা অন্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রথমবার লন্ডন মাতাবেন ওয়ারফেজ, আসছেন জেফার-মুযা-বাপ্পী

যুক্তরাজ্য প্রতিনিধি
প্রথমবার লন্ডন মাতাবেন ওয়ারফেজ, আসছেন জেফার-মুযা-বাপ্পী

দেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ প্রথমবারের মতো মাতাবেন লন্ডনের মঞ্চ। ব্রিটেন প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যতিক্রমধর্মী এই আয়োজন করছে অ্যামব্রোসিয়ানস ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড। আগামী ১৯ জুলাই লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’।

ওয়ারফেজের পাশাপাশি একই মঞ্চে দেখা যাবে সমসাময়িক সংগীতাঙ্গনের জনপ্রিয় দুই শিল্পী জেফার ও মুযা। দর্শকদের জন্য থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পীর বিশেষ পরিবেশনাও। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সামা মেহজাবিন রিনতি এবং রাফসান সাবাব। আর পুরো আয়োজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার নিশাত খুশবু।

গত রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অ্যামব্রোসিয়ানস ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ইমরান চৌধুরী। তিনি বলেন, প্রবাসী বাঙালিদের জন্য একটি আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক উৎসব উপহার দিতেই তাদের এই উদ্যোগ। ইতোমধ্যে অনলাইন ও অফলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

তিনি আরো জানান, কনসার্ট শেষ হওয়ার পর দর্শকদের জন্য থাকছে আরেকটি বিশেষ আকর্ষণ। একই ভেন্যুতে সেলিব্রেটিদের সঙ্গে একসঙ্গে উপভোগ করা যাবে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ, যা আয়োজনটিকে আরো উৎসবমুখর করে তুলবে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক এমডি জুনাইদ রিয়াজ, কাজী সুমন, হেফাজুল করিম রকিব এবং ফাহাদ হোসাইন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা, সায়েদা তানজিনা আক্তার, সাবাবা কামালসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের টিকিট অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে https://banglafest.co.uk/events থেকে। এ ছাড়া পূর্ব লন্ডনের নিশাস ক্যাফে (আপটন পার্ক), ক্যাফে কর্নার (হোয়াইটচ্যাপেল) এবং মাম ক্যাফে (ম্যানর পার্ক) থেকে সরাসরি টিকিট কেনা যাবে।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে- প্রিমিয়াম : ৩০ পাউন্ড, নরমাল : ২৫ পাউন্ড এবং ভিআইপি : ৮০ পাউন্ড। এ ছাড়া নির্দিষ্ট প্রোমো কোড ব্যবহার করলে বিশেষ মূল্যছাড়ের সুযোগও থাকছে।

আয়োজকদের প্রত্যাশা, দেশীয় ব্যান্ড সংগীত, আধুনিক পরিবেশনা এবং প্রবাসী বাঙালিদের মিলনমেলায় ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ হবে এবারের গ্রীষ্মের অন্যতম সেরা সাংস্কৃতিক আয়োজন।

সৌদিপ্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

অনলাইন ডেস্ক
সৌদিপ্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর
সংগৃহীত ছবি

সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু ও নবায়ন নিয়ে নতুন সুযোগ দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ জুন) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে এবং যেসব কর্মী সৌদি আরবে নতুন যোগদান বা অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফারের ছয় মাস পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।

দূতাবাস জানায়, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার, নিয়োগকর্তা ও কর্মীর পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, দেশটির শ্রমবাজারে আইন ও বিধি মেনে চলার সংস্কৃতি আরো শক্তিশালী করার অংশ হিসেবে এ সময়সীমা বাড়ানো হয়েছে। বিশেষ করে অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতিমধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের উদ্যোগ নেওয়ায় এই সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সব প্রতিষ্ঠান ও কর্মীকে নির্ধারিত সময়সীমার আগেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।