• ই-পেপার

একনজরে আজকের কালের কণ্ঠ (২০ জুলাই)

সাইবার বুলিং শক্তহাতে দমনে সরকার বদ্ধপরিকর : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
সাইবার বুলিং শক্তহাতে দমনে সরকার বদ্ধপরিকর : তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এগুলো রোধ করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল ফ্ল্যাটফরম ব্যবহার করে সাইবার বুলিং করা হচ্ছে। সরকারের দায়িত্ব রয়েছে জনগণকে সুরক্ষা দেওয়ার। সরকার সেই উদ্যোগ নিয়েছে। সরকার এ ক্ষেত্রে আইন যথাযথ প্রয়োগ করবে।

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা

দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝেড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিমানবাহিনী প্রধানের সঙ্গে বিদায়ি নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বিমানবাহিনী প্রধানের সঙ্গে বিদায়ি নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বিদায়ি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ছবি : সংগৃহীত

বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিমানবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বিমানবাহিনী প্রধান বিদায়ি নৌবাহিনী প্রধানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। 

এর আগে নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি গার্ড অব অনার পরিদর্শন করে সালাম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় বিমানবাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা এবং পেশাদার সম্পর্কের এক সুস্পষ্ট প্রতিফলন।

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে আনার অঙ্গীকার বাংলাদেশের

বাসস
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে আনার অঙ্গীকার বাংলাদেশের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মদশক (২০২১-২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। 

তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিতকরণ এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা জোরদারে মহাসড়কে লক্ষ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছে।

মন্ত্রী আরও বলেন, সেইফ সিস্টেম অ্যাপ্রোচ এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করে তা অনুমোদন ও প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবন্ধ।

সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। তিনি সকল সড়ক ব্যবহারকারীর জন্য নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শব্বির হাসান খান।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় ‘সড়ক নিরাপত্তায় বহুখাতভিত্তিক সমন্বয় জোরদার: সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা সফলভাবে কমিয়ে আনা দেশগুলোর সর্বোত্তম চর্চা ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সাইড ইভেন্টে মন্ত্রী যৌথ-সভাপতির দায়িত্ব পালন করবেন।